সেই ভারতই এমন অসহায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত এক ইনিংস খেলেছেন, শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৭৪ রানে। শ্রীলঙ্কার ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার পথে উপুল থারাঙ্গার ব্যাটে আরেকটি শট ষ ওয়েবসাইট
দুর্দান্ত এক ইনিংস খেলেছেন, শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৭৪ রানে। শ্রীলঙ্কার ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার পথে উপুল থারাঙ্গার ব্যাটে আরেকটি শট ষ ওয়েবসাইট

মহেন্দ্র সিং ধোনি ছাড়া বাকি সবাই-ই তো আছেন। কিন্তু কে বলবে এই দলটা কদিন আগে চ্যাম্পিয়নস ট্রফি জিতে এসেছে! আগের দিন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই করে হেরেছিল মাত্র ১ উইকেটে। কিন্তু পরশু কিংস্টনে শ্রীলঙ্কার সামনে তারা দাঁড়াতেই পারল না! ক্রিকইনফোর ম্যাচ রিপোর্টের শিরোনাম, ‘থারাঙ্গা-জয়াবর্ধনে মিলে চাবুকপেটা করেছেন ভারতকে।’ আসলেও তা-ই। ভারতীয় বোলারদের গলির বোলার বানিয়ে ছেলেখেলা করেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার। তাঁদের জোড়া সেঞ্চুরিতে লঙ্কানরা গড়ে ৩৪৮ রানের পাহাড়, যার নিচে চাপা পড়ে ১৬১ রানে হেরেছে কোহলির দল। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানো দলের কাছে রানের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় পরাজয়!

‘টস জেতা আর হলো না’—বিরাট কোহলির কাছে টসে হেরে আফসোস করছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে টস ও ম্যাচ দুটিই হেরেছিলেন। কিন্তু চার ঘণ্টা পর নিজেদের ব্যাটিং শেষে স্কোর বোর্ডে তাকিয়ে তৃপ্তই ছিলেন ম্যাথুস। অধিনায়ক নিজে তিন নম্বরে উঠে ৪৪ রানে অপরাজিত ছিলেন। কিন্তু ভারতের সর্বনাশটা করে দিয়ে গেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার মাহেলা জয়াবর্ধনে ও উপুল থারাঙ্গা। স্যাবাইনা পার্কের উইকেটে উমেশ যাদব, ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা কিংবা নতুন সুযোগ পাওয়া সামি আহমেদদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছেন এ দুজন। ২৫ রানে জয়াবর্ধনের ক্যাচ ফেলেছিলেন মুরালি বিজয়। সেই জয়াবর্ধনে যখন আউট হলেন, তাঁর নামের পাশে ১০৭ রান! শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের ১৬তম ওয়ানডে সেঞ্চুরি। ১৫ থেকে ১৬-তে আসার মাঝখানে পেরিয়ে গেছে প্রায় দুই বছর, ৫০টি একদিনের ম্যাচ!

ভারতের বিপক্ষে ওপেনিং জুটিতে শ্রীলঙ্কার সবচেয়ে বেশি রানের রেকর্ডটা নিজেদের করে নিয়েছেন জয়াবর্ধনে-থারাঙ্গা। দলীয় ২১৩ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে জয়াবর্ধনে ফিরে গেলেও থারাঙ্গাকে শেষ পর্যন্ত ফেরাতে পারেননি ভারতীয় বোলাররা। ৯১ রানে যাদব তাঁর ক্যাচ ফেলেছিলেন। কিন্তু ওই একটা সুযোগ দিয়েই একদিনের ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি পূর্ণ করে আরও খুনে মেজাজে স্ট্রোক খেলেছেন উইকেটের চারপাশে। ইনিংসের আদ্যন্ত ব্যাট করে অপরাজিত থাকলেন ১৭৪ রানে। ১৫৯ বলে ১৯ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটি ওয়ানডেতে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ (প্রথম সনাৎ জয়াসুরিয়া, ১৮৯, ভারতের বিপক্ষে)।

এই পাহাড় ডিঙানো সহজ নয়, কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপের জন্য অসম্ভবও ছিল না। কিন্তু যে উইকেটে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা রানের বন্যা বইয়ে দিয়েছেন সেখানেই ভারতীয় ব্যাটসম্যানরা ‘আত্মহত্যা’ করেছেন। ৬৫ রানের মধ্যে শুরুর চার ব্যাটসম্যান রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মুরালি বিজয় ও বিরাট কোহলি নেই। এই ম্যাচে জিততে হলে এরপর অতিমানবীয় কিছু করতে হতো পরের কোনো ব্যাটসম্যানকে। সেটা কেউ করতে পারেননি। ১৮৭ রানে যখন ভারতের শেষ উইকেট পড়ে তখন ৪৯ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। ওটাই তাদের সর্বোচ্চ ব্যক্তিগত রান! ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৩৪৮/১, ৫০ ওভার (থারাঙ্গা ১৭৪*, জয়াবর্ধনে ১০৭; অশ্বিন ১/৬৭)।

ভারত: ১৮৭/১০, ৪৪.৫ ওভার (জাদেজা ৪৯*; হেরাথ ৩/৩৭, মালিঙ্গা ২/৪০, সেনানায়েকে ২/৪৬)।

ফল: শ্রীলঙ্কা ১৬১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: উপুল থারাঙ্গা।