সেই ভূত তাড়াতে চান স্কলারি
মারাকানায় বিশ্বকাপ মানেই ফিরে ফিরে আসে ১৯৫০ সালের সেই দুঃস্মৃতি। নিজেদের মাঠে শেষ ম্যাচটা ড্র করলেই বিশ্বকাপ। কিন্তু লাখো ব্রাজিলিয়ানকে স্তব্ধ করে উরুগুয়েকে শিরোপা জিতিয়েছিলেন অ্যালসিডেস ঘিগিয়া।
৬৪ বছর পর আবারও বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে। সেই ‘মারাকানাজো’র স্মৃতি কি এবার মুছে ফেলতে পারবেন নেইমাররা? ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি অবশ্য ব্যাপারটাকে একটু অন্য চোখে দেখেন, ‘১৯৫০ সালের ব্রাজিল দলকে নিয়ে আমার ভাবনাটা অধিকাংশ মানুষের সঙ্গে মেলে না। ১৯৫০ সালের আগে ব্রাজিল কখনোই ফাইনালে উঠতে পারেনি। আমরা যে পাঁচটা শিরোপা জিতেছি, সেগুলোর পথ দেখিয়েছে তো তারাই। ব্রাজিলকে ইতিহাসে নতুন করে তারাই লিখিয়েছে। আমাদের সব সাফল্য তাদের গড়া ভিত্তির ওপরই নির্মিত।’ রয়টার্স।
তবে সেই দলের মতো তীরে এসে তরি ডোবার তিক্ত স্বাদটা স্কলারি পেতে চান না। ইতিহাসের পুনরাবৃত্তি এবার হবে না বলেই বিশ্বাস ‘বিগ ফিলের’, ‘আমরা চেষ্টা করব ফাইনালে আবার মারাকানায় ফিরতে। চাইব ’৫০ সালের সেই দলটাকে মানুষ ঠিকভাবে মনে রাখুক। ওরা ছিল দুর্দান্ত, অসাধারণ। আমি চাই, ব্রাজিল তাঁদের এভাবেই মনে রাখুক। আমরা চাইব চ্যাম্পিয়ন হতে, জয় নিয়ে ফিরতে।’