সেই মাঠেই ফিরছেন সাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নস্টালজিক সাবেলার ছাত্ররা বেলো হরিজোন্তে আজও ভালো কিছু করতে চাইবেন। ছবি: রয়টার্স
নস্টালজিক সাবেলার ছাত্ররা বেলো হরিজোন্তে আজও ভালো কিছু করতে চাইবেন। ছবি: রয়টার্স

‘বেলো হরিজোন্তে’ অর্থ কী? গুগল অনুবাদক বলছে ‘অপরূপ দিগন্ত’। প্রাকৃতিক নৈসর্গিক এই শহরে দারুণ এক বিজয়ের লক্ষ্যে আজ ইরানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আজকের ভেন্যু বেলো এস্তাদিও মিনেইরো আলেসান্দ্রো সাবেলার জন্য ভীষণ পয়া। এ মাঠেই ২০০৯ সালে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে ব্রাজিলের ক্রুজেইরোর বিপক্ষে স্মরণীয় এক জয় পেয়েছিল আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেস।
ওই সময় এস্তুদিয়ান্তেসের কোচ ছিলেন সাবেলা। বলা হয়, ওই জয়টাই সাবেলার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। পাঁচ বছর আগের সেই জয়ের স্মৃতি চোখে ভাসছে আর্জেন্টিনা কোচের। বললেন, ‘এখানে আমার কিছু মধুর স্মৃতি আছে। আজ যখন এখানে এলাম, ঠিক এ বিষয়টিই ভাবছিলাম। মনে পড়ে, যখন আমাদের টিম বাস স্টেডিয়ামে এসে পৌঁছেছিল, খেলোয়াড়েরা গান গেয়েছিল। সেটি দেখে ক্রুজেইরো সমর্থকেরা ভাবছিল—পাগল নাকি! খেলোয়াড়েরা আসলে প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল।’
১৯৬৫ সালে নির্মিত স্টেডিয়ামটি বিশ্বকাপ উপলক্ষে ব্যাপক সংস্কার করা হয়েছে। পেয়েছে নবরূপ। পাঁচ বছর আগের সেই স্টেডিয়াম না দেখতে পেয়ে সাবেলা বললেন, ‘বুঝতে পারলাম স্টেডিয়াম পুনর্নির্মাণ করা হয়েছে। সেই স্কোরবোর্ডটা খুঁজছিলাম, যেখানে ফাইনালের স্কোরলাইন লেখা ছিল ২-১। সেটি এখন আর নেই।’
স্টেডিয়ামে পরিবর্তন হলেও বর্তমান ছাত্ররাও সাবেলার মুখে হাসি এনে দেবেন, নিশ্চয় এমনই প্রত্যাশা আর্জেন্টিনা কোচের। রয়টার্স