সেই মাত্তেওর হাতেই ট্রফি!
‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো পারেননি। বিশ্বকাপ জেতানো লুইস ফেলিপ স্কলারি ব্যর্থ হয়েছেন। খেলোয়াড় ও কোচের ভূমিকায় দুই-দুই চারবার ইউরোপ-সেরা কার্লো আনচেলত্তিও পারেননি। অথচ অচেনা-অখ্যাত রবার্তো ডি মাত্তেও ঠিকই করে দেখালেন। সেটি তিন মাসেরও কম সময় নিয়ে! জেতালেন রোমান আব্রামোভিচের পরম আরাধনার চ্যাম্পিয়নস লিগ। কী সেই রহস্য?আত্মবিশ্বাস! ডি মাত্তেও জানাচ্ছেন, শিষ্যদের তিনি বড় কোনো ফুটবলীয় তত্ত্ব বোঝাতে যাননি। বড়, আলোড়ন ফেলে দেওয়া রণকৌশলও সাজাননি। ফুটবলের মূলনীতিগুলোই অনুসরণ করেছেন। তবে সবচেয়ে জরুরি যে কাজটা করেছেন—খেলোয়াড়দের মধ্যে সফলভাবে ছড়িয়ে দিতে পেরেছেন আত্মবিশ্বাসের রেণু। ‘আত্মবিশ্বাস একজন খেলোয়াড়ের জীবনে অনেক বড় ভূমিকা রাখে। এই ছেলেদের এটা মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ ছিল যে তারা কতটা দুর্দান্ত খেলোয়াড়, এতগুলো বছর ধরে কী দুর্দান্তই না খেলেছে। মাত্র অর্ধেক মৌসুমেই তারা খারাপ হয়ে যেতে পারে না। আমার মনে হয়, প্রত্যেক খেলোয়াড় এবং দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটাই ছিল গুরুত্বপূর্ণ’—বলেছেন মাত্তেও। আন্দ্রে ভিলাস-বোয়াসের সময় দলে প্রায় অপাঙেক্তয়ই হয়ে পড়েছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। সেই ল্যাম্পার্ডই পরশু নেতৃত্ব দিলেন চেলসির এই স্মরণীয় সাফল্যে। তিনিও বলছেন ডি মাত্তেওর জাদুটা ছিল দলে আস্থা ফিরিয়ে আনায়, ‘আমরা আত্মবিশ্বাসের সংকটে ভুগছিলাম। মাঠে সেটার ছাপও পড়েছিল। তিনি কোচ হয়ে বড় কোনো পরিবর্তন করেননি। সবার সঙ্গে আলাদা কথা বলেছেন। অনুশীলন মাঠ থেকে ম্যাচ পর্যন্ত দলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছেন।’ল্যাম্পার্ডসহ দলের অধিকাংশ খেলোয়াড়ই বলছেন, আর ভারপ্রাপ্ত নয়, এবার স্থায়ী করা হোক এই ইতালিয়ান কোচকে। চেলসির প্রতি তাঁর আনুগত্য, ভালোবাসা, আত্মনিবেদনের কারণে এরই মধ্যে তাঁকে ‘মিস্টার চেলসি’ নামেও ডাকা হচ্ছে। মাত্তেও-ই কোচ থাকবেন কি না—প্রশ্নের জবাবে টেরি সরাসরিই বললেন, ‘এই ট্রফিটার দিকে তাকিয়ে দেখুন। আমরা আশা করি, তিনিই কোচ হবেন।’চেলসির ১০৭ বছরের দীর্ঘ ইতিহাসেই শুধু নয়, লন্ডন শহরের প্রথম ক্লাব হিসেবেই এই ট্রফি জয়। এর পরও ডি মাত্তেওর চাকরি চেলসিতে পাকা না হলে সেটিই হবে অষ্টমাশ্চর্য। এরই মধ্যে জিয়ানফ্রাঙ্কো জোলার মতো সাবেক চেলসি তারকা আর আভরাম গ্রান্টের মতো সাবেক কোচ তাঁর পক্ষেই রায় দিয়েছেন। চেলসির কর্মকর্তারাও এই বলে সবুজ সংকেত দিচ্ছেন, স্থায়ী কোচ হওয়ার পথে এই ৪১ বছর বয়সীই সবার আগে।তিন মাস আগে ছিলেন ‘জিরো’। তিন মাস পর ডি মাত্তেও এখন ‘হিরো’! তথ্যসূত্র: এএফপি ও রয়টার্স।