সেই মানসিকতার সন্ধানে

কোথায় হারাল সেই মানসিকতা? নিজেদের দিনে যেকোনো দলকে হারিয়ে দেওয়ার সাহস! শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন সেই ক্ষমতাটাই কেড়ে নিল বাংলাদেশ দলের কাছ থেকে। ‘নিজেদের দিন’ বলে তাদের আর কিছু নেই। সব দিনই প্রতিপক্ষের। তবে সরওয়ার ইমরান আশাবাদী। ভারত সিরিজ সামনে রেখে খুব অল্প সময়ের জন্য সহকারী কোচের দায়িত্ব নিলেও তাঁর বিশ্বাস—এ সময়ের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব ছয় মাস আগের বাংলাদেশ দলকে।
কাল ভারত সিরিজের প্রস্তুতির প্রথম দিনে মিরপুরের ইনডোরে দাঁড়িয়ে বললেন, ‘ছয় মাস আগেও দলের মনোভাব ছিল, আমরা যে কাউকে হারাতে পারি। কিন্তু শেষ দুটি সিরিজে আমরা যেন সেখান থেকে একটু সরে এসেছি। আমাদের কাজ হবে ওদের একটা দল হিসেবে দাঁড় করানো, যাতে আত্মবিশ্বাসটা ফিরে আসে।’ ভারতকে হারানো কঠিন বললেও অসম্ভব মনে করেন না কোচ, ‘ভারতকে আমরা আগেও হারিয়েছি। আমি জানি কাজটা কঠিন, তার পরও সম্ভব।’ বাংলাদেশ দলের সাম্প্রতিক খারাপ সময়টা পর্যবেক্ষক হয়েই দেখেছেন সরওয়ার ইমরান। তাঁর ময়নাতদন্ত বলছে, ‘ওপরের দিকে তামিম রান পাচ্ছিল না। নাসির হোসেন এবং মাহমুদউল্লাহ আমাদের ফিনিশার ছিল। এই তিনজনই পারফর্ম না করায় পুরো দল খারাপ খেলেছে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে ফিফটি আছে। কিন্তু মাঝে ঘাড়ের চোটের জন্য খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে । এশিয়া কাপের দলে তো ছিলেনই না। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে হারিয়ে ফেললেন ফর্ম। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খারাপ কেটেছে সময়। সহকারী কোচ অবশ্য তামিমের বাজে সময়টাকে সাময়িক মনে করছেন। তামিমের নিজেরও বিশ্বাস, ভারত সফরে ফিরে পাবেন ফর্ম, ‘ক্রিকেটে উত্থান-পতন থাকে। খারাপ খেললেও সেটাকে ইতিবাচকভাবে নিয়ে তা থেকে বের হয়ে আসার চেষ্টা করা উচিত। আমার পক্ষ থেকে আমি পুরো চেষ্টাই করছি। ভুল কমানোর চেষ্টা করছি। সব ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ ভালো করব।’
মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলিকে ছাড়াই এবার বাংলাদেশে আসছে ভারত। তবে তামিম বা কোচ ইমরান কেউই মনে করেন না ভারত তাতে খর্বশক্তির হয়ে গেল। সরওয়ার ইমরান যেমন বলছিলেন, ‘ভারতে এখন খেলোয়াড়ের অভাব নেই। ভারতীয় দলে যারাই আসুক তারাই ভালো খেলবে।’ একই মত তামিমেরও। আয়েশে গা ভাসানোর কোনো সুযোগই দেখছেন না তিনি। তবে ধোনি-কোহলির অনুপস্থিতি যে বাংলাদেশ দলের জন্য একটু স্বস্তির, সেটা মানেন, ‘ওদের মতো খেলোয়াড় না খেলাটা যেকোনো দলের জন্যই সুবিধা। আমাদের জন্যও সুবিধা।’
তবে শুধু এই সুবিধা দিয়েই তো আর ফিরিয়ে আনা যাবে না হারানো দিন, হারানো সময়। সে জন্য নিজেদেরও কিছু করার আছে। তামিম মনে করিয়ে দিলেন সেটাও, ‘লম্বা বিরতি পেয়েছি। এটা দলের জন্য ইতিবাচক হতে পারে। আর যেকোনো দল যখনই খেলাটা উপভোগ করা শুরু করে তখনই সাফল্যের হার বেড়ে যায়। আমরাও যদি নতুন করে ক্রিকেটটা উপভোগ করা শুরু করি...।’
কথাটা শেষ করেননি তামিম। তবে মাঠের ক্রিকেটটা উপভোগ করতে পারলে তামিম-সাকিবদের পক্ষে কী করা সম্ভব, সেটা কারও অজানা নয়৷