সেই মারাকানা, সেই ঘিগিয়া
বিশ্বকাপের সবচেয়ে সফল দল তারা—৫ বারের চ্যাম্পিয়ন। সবগুলো বিশ্বকাপে খেলা একমাত্র দল। সবচেয়ে বেশিবার ফাইনালে ওঠা দুই দলের একটি। সবচেয়ে বেশি জয়, গোলের রেকর্ডও তাদের। বিশ্বকাপ রেকর্ডের খাতায় ব্রাজিলের জয়জয়কার। বিশ্বকাপ নিয়ে কোনো আক্ষেপ, কোনো খেদ কি আছে ব্রাজিলের?আছে, আছে! ব্রাজিলের জন্য আজও বড় আক্ষেপের নাম ১৯৫০ বিশ্বকাপ। বিশ্বকাপ শিরোপা জিততে তাদের অপেক্ষা করতে হয়েছে ৫টি আসর। সেই অপেক্ষা হয়তো ঘুচে যেত ১৯৫০ বিশ্বকাপেই। সেবার ব্রাজিল ছিল স্বাগতিক। শিরোপার একদম কাছাকাছিও চলে গিয়েছিল স্বাগতিকেরা। ব্রাজিল-উরুগুয়ে শেষ ম্যাচটা হয়ে ওঠে অনানুষ্ঠানিক ফাইনাল। ওই ম্যাচে ড্র করলেও চ্যাম্পিয়ন হতো ব্রাজিল। বেশ কিছু সংবাদপত্র আর রাজনীতিবিদ ব্রাজিলকে আগাম চ্যাম্পিয়নই ঘোষণা করে দেয়। ৭৮ মিনিট পর্যন্তও স্কোরলাইন ছিল ১-১।শিরোপার ঘ্রাণ পাচ্ছিল ব্রাজিল। ক্ষণে ক্ষণে গর্জে উঠছিল তখনকার সবচেয়ে বড় স্টেডিয়াম মারাকানার প্রায় ২ লাখ দর্শক। ঠিক তখনই ব্রাজিলকে শোকস্তব্ধ করে দিয়ে সংখ্যালঘু উরুগুয়ে সমর্থকদের উল্লাসে মাতালেন অ্যালসিডেস ঘিগিয়া। উরুগুয়ের পক্ষে ক্যারিয়ারে মাত্র চারটি গোল করেছেন। তার একটি এই ম্যাচেই, ৭৯ মিনিটে। সেই গোলটিই তাঁকে দিল অমরত্ব। পুরো ব্রাজিলকে কাঁদিয়ে যে শিরোপা নিয়ে ফিরে গেল উরুগুয়েই।ঘিগিয়াকে ভুলতে পারেনি ব্রাজিল। মনে রেখেছে আজও। গত মঙ্গলবার আবারও সেই মারাকানা স্টেডিয়ামে এসেছিলেন ৮৩ বছর বয়সী। মারাকানার হল অব ফেমের শততম স্মারক হিসেবে ঘিগিয়ার পায়ের ছাপ নেওয়া হলো। পেলে, ইওসেবিওদের মতো বর্ণাঢ্য ক্যারিয়ার হয়তো ছিল না তাঁর, কিন্তু মারাকানার হল অব ফেমে পেলে, ইউসেবিওর মতো কিংবদন্তির পাশেই ঠাঁই পাবে তাঁর পায়ের ছাপ।‘আমি আবেগাপ্লুত। যে অভ্যর্থনা আমাকে এখানে দেওয়া হলো তার জন্য আমি শুধু সবাইকে আমার হূদয়ের গভীরতম প্রদেশ থেকে ধন্যবাদ জানাতে চাই’—অতি অল্প বাক্যব্যয়ে অনুভূতি জানালেন জীবন সায়াহ্নে পা রাখা ঘিগিয়া। ব্রাজিলেও যে তিনি আর খলনায়ক নন, সেটি বোঝা যায় ৪৩ বছর বয়সী গাড়িচালক মার্কো আন্তোনিওর এই কথায়, ‘সেটা ছিল অপ্রত্যাশিত এক দুর্ঘটনা। আমার বাবা সেই খেলাটি দেখেছিলেন। খুব কেঁদেছিলেন তিনি। সেদিন ব্রাজিলের প্রতিটি মানুষই কেঁদেছিল। কিন্তু এখন তাঁকে (ঘিগিয়া) অভ্যর্থনা জানাতে পেরে ভালোই লাগছে। ফুটবল যে ভালোবাসে, সে গোলও ভালোবাসবে।’ ওয়েবসাইট।