এমনকি পেলেও হয়তো এতটা ভাবেননি। ব্রাজিল ও নেইমারকে নিয়ে পৃথিবীর সবচেয়ে আশাবাদী মানুষ হয়েও!জিকো? তাঁর ধারণা ছিল, এই ব্রাজিল জাপানকে হারাতেই হিমশিম খাবে। কনফেডারেশনস কাপের ফাইনাল, স্পেনকে উড়িয়ে দেওয়া—এসব তো দূরের পথ। জিকো ভুল প্রমাণিত হয়েছেন জুনের ১৫ তারিখেই। এরপর একটা করে ম্যাচ গেছে, নেইমার-ফ্রেড-অস্কাররা আরও অনেকের মুখ বন্ধ করেছেন, আরও অনেকের চোখ খুলে দিয়েছেন। কিন্তু বাংলাদেশ সময় সোমবার ভোরের দিকে মারাকানায় ব্রাজিল যেটা করল, সেটাকে শুধু আর ভুল ভাঙানো, মুখ বন্ধ করা কিংবা চোখ খুলে দেওয়া বলা যাচ্ছে না। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনা? নাহ্, শুধু তা-ও নয়। এ যেন কোনো রাজার রাজদণ্ড কেড়ে তাঁকে নিঃস্ব করে দিয়ে ঘোষণা করা—আমরা ব্রাজিল, একসময় ফুটবল-বিশ্ব আমরাই শাসন করেছি, আবারও করার জন্য প্রস্তুত। শুধু ৩-০ গোলের জয় তো নয়, ব্রাজিল স্রেফ পিষে ফেলল স্পেনকে! সেই স্পেন, যারা গত পাঁচ বছর একনায়কের মতো ফুটবল-বিশ্ব শাসন করছিল, সেই স্পেন যারা অপরাজিত ছিল টানা ২৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে। এমন অসহায় আত্মসমর্পণ, এই নতজানু স্পেনকে শেষ কবে দেখেছে ফুটবল-বিশ্ব? পেলে নিজেও কি তাঁর দূরতম কল্পনাতে ভেবেছিলেন এমন দৃশ্য?মারাকানায় নেইমার-ফ্রেড সেই অকল্পনীয় কাজটাই করে দেখালেন। টিকি-টাকার স্পেনকে ঠেকাতে সেমিফাইনালে ইতালি কোচ সিজারে প্রানদেল্লির কৌশল কাজে দিয়েছিল বেশ। স্পেনকে খেলার জায়গা না দেওয়া, একই সঙ্গে নিজেরা মুহুর্মুহু আক্রমণ করা। ইতালি পেরেছিল শুধু প্রথমার্ধটুকু, ব্রাজিল পারল পুরো ৯০ মিনিট। গ্যালারিতে ৭৫ হাজার দর্শক বসে ধাতস্থ হওয়ার আগেই ফ্রেডের গোল! ‘ব্রাজিলের গোল’ বললে চোখের সামনে যে সাম্বার ছন্দ ভেসে ওঠে, সেটা হয়তো ছিল না। কিন্তু লম্বা ক্রসের পর ছোট বক্সে জটলায় নেইমারের পাস, আর পড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েও ফ্রেড বলটাকে যেভাবে জালে পাঠালেন, তাতেই প্রমাণিত ‘নাম্বার নাইন’ হিসেবে দিন দিন কতটা কার্যকর হয়ে উঠছেন তিনি। টুর্নামেন্টে তাঁর পঞ্চম গোলটা এল বিরতির পর দ্বিতীয় মিনিটে। এবারও মার্সেলোর লম্বা ক্রসের পর নেইমারের অসাধারণ ডামি, বাকি কাজটুকু দারুণভাবে সারলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এটি ব্রাজিলের ৩ নম্বর গোল। তবে সবচেয়ে বেশি ‘ব্রাজিলীয়’ হলো যে গোলটা, সেটা প্রথমার্ধের শেষ দিকে। অস্কারের পাসে বল পেয়ে পিকে আর আরবেলোয়াকে ছাড়ালেন দারুণ এক ম্যাজিক মুভে, তারপর বাঁ পায়ে নেইমার যে শটটা নিলেন, সেটা ঠেকাতে ক্যাসিয়াসকে আরব্য রজনীর দৈত্য হতে হতো। ৫০ মিনিট পেরোনোর আগেই ৩-০। এই ম্যাচে স্পেনের ফিরে আসার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল তখনই। উল্টো তখন চোখরাঙানি ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলের কাছে ৬-১ গোলের হারের স্মৃতি ফিরে আসার। সেটা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু শুধু সম্ভ্রম নিয়ে বাড়ি ফেরার যেটুকু আশা ছিল, সেটাও শেষ হয়ে গেল ৫৫ মিনিটে সার্জিও রামোসের পেনাল্টি মিসে। গোলের সুযোগ অবশ্য স্পেন পেয়েছিল প্রথমার্ধের শেষ দিকেও। কিন্তু ৪১ মিনিটে পেদ্রোর শট যেন অতিমানব হয়ে গিয়ে গোললাইন থেকে ফিরিয়ে দিলেন ডেভিড লুইজ।এমনিতেই মাঠে অসহায় দৌড়াদৌড়ির অচেনা স্বাদ, তার ওপর নিশ্চিত গোলের সুযোগ নষ্ট। স্প্যানিশদের ধৈর্য আর কত বাঁধ মানে! ৬৮ মিনিটে নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখলেন পিকে। এর আগে নেইমারকে আরবেলোয়ার ফাউলটাও হলুদ কার্ডের বদলে লাল কার্ডের দণ্ড পেলে অবাক হওয়ার কিছু থাকত না। মাঠে একাধিকবার বাগিবতণ্ডায় জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা। শেষ দিকে পেদ্রো ও ডেভিড ভিয়ার দুটো দুর্দান্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে সিজার বুঝিয়েছেন, রাতটা শুধুই ব্রাজিলের। এই মারাকানা ব্রাজিলিয়ানদের সবচেয়ে কষ্টের স্মৃতিটার সাক্ষী। সেই মারাকানাতেই বিশ্ব চ্যাম্পিয়নদের ছিঁড়েখুঁড়ে ফেলার মাধ্যমে দুঃসহ সেই স্মৃতিতে কিছুটা হলেও প্রলেপ পড়ল। হাতছোঁয়া দূরত্ব থেকেও ১৯৫০ বিশ্বকাপের শিরোপা হারানোর দুঃখটা হয়তো কনফেডারেশনস কাপে চতুর্থ শিরোপাতে পুরোপুরি ভোলার নয়। কিন্তু শুরুটা তো হলো। শেষ করার দিন-তারিখও কিন্তু ঠিক করে রেখেছেন নেইমার-ফ্রেড-অস্কাররা। ২০১৪ সালের ১৩ জুলাই।