সেই মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ মহাসচিবকে এখন বাংলাদেশে নিয়ে আসতে পারলে হতো! নিয়ে এসে গাড়িতে করে সারা দেশে একটু ঘুরিয়ে আনতে পারলেই ভদ্রলোক মানতেন—জাতিসংঘের আদর্শটা বাংলাদেশই সবচেয়ে বেশি বুকে ধারণ করে আছে!যেদিকে তাকাতেন, সেদিকেই তো দেখতেন কোনো না কোনো দেশের জাতীয় পতাকা। বিশ্বের আর কোথায় এত সব দেশের জাতীয় পতাকা দিবারাত্রি উড়ছে! উড়তে উড়তে তা ঘোষণা দিচ্ছে—আসিতেছে! আসিতেছে! বিশ্বকাপ আসিতেছে!গত বেশ কটি বিশ্বকাপই ঠিক এক মাস ধরে হচ্ছে। বিশ্বকাপ বিশেষ সংখ্যায় এক লেখায় জুন-জুলাইয়ের এই সময়টাকে ‘বিশ্বকাপ-মাস’ নাম রাখার প্রস্তাব করেছিলাম একবার। এটি তো আর জাতীয় সংসদে পাস করাতে হবে, এমন কোনো প্রস্তাব নয়। আনুষ্ঠানিক পাস হওয়ার দরকারই বা কী, ফুটবলের মহাযজ্ঞের এই মাসটা তো নামেই জুন-জুলাই। এটি তো আসলে বিশ্বকাপ-মাসই!চার বছর পর পর আসা সেই বিশ্বকাপ-মাসের আঁচ লাগতে শুরু করেছে গায়ে। আর মাত্র সাতটি দিন, তার পরই দিন-রাত সব একাকার হয়ে যাবে ফুটবলে। স্কুল-কলেজ, অফিস-আদালত, রাস্তাঘাটে কান পাতলে এখনই তো বিশ্বকাপের অনুরণন: ব্রাজিল-আর্জেন্টিনা-মেসি-ম্যারাডোনা-কাকা-রোনালদো...বিশ্বকাপ তাহলে এসেই পড়ল!‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ গৌরবটা অলিম্পিক গেমসের অধিকারে। তা-ই থাকা উচিত। বিশ্বকাপ ফুটবল তো শুধু ৩২টি দেশের, অলিম্পিকে থাকে এই ধরাধামের প্রায় সব দেশের প্রতিনিধিত্ব। দেশ-জাতি-ধর্ম-বর্ণ সব একাকার হয়ে যায় অলিম্পিকের পাঁচ বৃত্তাঙ্কিত পতাকাতলে।কিন্তু অলিম্পিকে তো কত খেলা! শুধুই একটি খেলার বিশ্বকাপে বিশ্ব কাঁপে তো শুধুই ফুটবলে।অলিম্পিকে প্রায় সব দেশ আর বিশ্বকাপ ফুটবলে মাত্র ৩২—এ কথাতে অবশ্য আপত্তি করতে পারে ফিফা। ফিফা বলবে, বেইজিং অলিম্পিকে ছিল ২০৪টি দেশ, ২০১০ বিশ্বকাপেও তো তা-ই।অবাক হচ্ছেন? হতে পারেন, তবে ফিফার দাবি কিন্তু মিথ্যে নয়। এবারের বিশ্বকাপে তো অংশ নিয়েছিল ২০৪টি দেশই। বাংলাদেশও ছিল। বুঝিয়ে বলি। আমরা বিশ্বকাপ ফুটবল বলতে শুধু চূড়ান্ত পর্বটাই বুঝি। আসলে তো সেটির নাম ‘ওয়ার্ল্ড কাপ ফাইনালস’। বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্ব—পুরোটা মিলেই বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ কোনো দিন বিশ্বকাপ ফুটবলে খেলতে পারবে কি না—এ প্রশ্নের জবাবে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন যদি বলে ফেলেন, ‘কেন, বিশ্বকাপ ফুটবলে তো আমরা কবে থেকেই খেলছি’, হাসতে শুরু করবেন না। কথাটা সত্যি।স্বাগতিক বলে দক্ষিণ আফ্রিকা মাফ পেয়ে গেছে, তবে গত বিশ্বকাপ থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরও এখন বাছাইপর্বে প্রমাণ করতে হয় নিজেদের। ২০৪ থেকে ৩১টি দল চূড়ান্ত করতে ম্যাচ লেগেছে ৮৪৮টি। এখন বললে কি বিশ্বাসযোগ্য মনে হবে, একসময় হাতেপায়ে ধরে বিশ্বকাপে আনতে হতো অনেক দেশকে! নানা ছুতোনাতায় বিশ্বকাপকে ‘না’ বলে দেওয়ার ঘটনাও তো কত!ফুটবলের জন্মদাতা ইংল্যান্ডই যেমন ১৯৫০ সালের আগে বিশ্বকাপে যায়নি। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ে শিরোপা ধরে রাখার মতো তুচ্ছ ব্যাপার নিয়ে একদমই মাথা ঘামায়নি। বর্জন করেছে ১৯৩৪ ইতালি বিশ্বকাপ। কারণ কী? চার বছর আগে ইতালি যে উরুগুয়েতে আসেনি! প্রথম বিশ্বকাপে আসা-যাওয়ার সব খরচ দেওয়ার পরও অনেক সাধ্যসাধনা করে ইউরোপের মাত্র চারটি দেশকে (ফ্রান্স, যুগোস্লাভিয়া, রুমানিয়া ও বেলজিয়াম) আনতে পেরেছিল উরুগুয়ে। ফ্রান্স এসেছিল, তার পরও সেই রাগ থেকে ১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপেও যায়নি উরুগুয়ে। আর্জেন্টিনাও না। ১৯৫০ সালে নিজেদের মহাদেশে প্রথম বিশ্বকাপ। অথচ ব্রাজিলিয়ান ফেডারেশনের সঙ্গে কী এক গন্ডগোলে ঘরের পাশের বিশ্বকাপ থেকেও মুখ ফিরিয়ে ছিল আর্জেন্টিনা।এসব এখন কল্পকথা বলে মনে হয়। যেমন বাকি বিশ্বের কাছে কল্পকথা মনে হয় বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশে এই উন্মাদনাকে। জার্মানি বিশ্বকাপ কাভার করতে গিয়ে ইউরোপ আর লাতিন আমেরিকার সাংবাদিকদের মুখে সবচেয়ে বেশি কোন প্রশ্নটা শুনেছি, জানেন?বাংলাদেশ কি ফুটবল খেলে?