সেই মিজানই তায়কোয়ান্দোর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মিজানুর রহমান: এবারও ভরসা
মিজানুর রহমান: এবারও ভরসা
১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহিকে আজ তায়কোয়ান্দো

‘কত দিন যে ভাত খাই না!’—জাতীয় ক্রীড়া পরিষদের ডরমিটরিতে বসে শুকনো মুখে বলছিলেন তায়কোয়ান্দো খেলোয়াড় জাহিদুল ইসলাম। ভাত না খাওয়ার অন্যতম কারণ ওজন কমানো। পদক জয়ের লক্ষ্যে গাজীপুরের এই যুবক ছয় মাসে অন্তত ১২ কেজি ওজন কমিয়েছেন।
শুধু জাহিদুলই নন, এভাবে ওজন কমাচ্ছেন মিজানুর রহমান, মাসুদ পারভেজ, মাসুম খানরা। এসএ গেমসে এবার ফেডারেশন তাকিয়ে আছে মিজানুর-জাহিদুলদের দিকেই।
তবে মেয়েরা হতে পারত তায়কোয়ান্দোর সবচেয়ে বড় ভরসা। ঢাকায় সর্বশেষ এসএ গেমসে জেতা দুটি সোনাই এনে দিয়েছিলেন মেয়েরা। অনূর্ধ্ব-৪৬ কেজিতে শারমিন ফারজানা রুমি ও অনূর্ধ্ব-৪৯ কেজিতে সোনাজয়ী শাম্মী আখতারের কেউই এবার দৃশ্যপটে নেই।
দুজনই খেলা ছেড়ে দিয়েছেন। শাম্মী ফেডারেশনমুখী হন না বছর পাঁচেক, সংসার-সন্তান নিয়ে ব্যস্ত। তায়কোয়ান্দো ছেড়ে নিয়মিত হ্যান্ডবল খেলেন রুমি।
১৯৯৯ কাঠমান্ডু গেমসে প্রথমবার তায়কোয়ান্দোতে অংশ নিয়েই ৪টি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ, পরের ২০০৪ ইসলামাবাদ গেমসে ১টা ব্রোঞ্জ। ২০০৬ কলম্বো গেমসে সোনা জিতে তায়কোয়ান্দো খেলাটাকে বাংলাদেশে জনপ্রিয় করে তোলেন মিজানুর রহমান। কিন্তু ঢাকায় ২০১০ গেমসে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেন মিজানুর। দেশের মুখরক্ষা করেন শাম্মী ও রুমি। গতবারের দুই ব্রোঞ্জজয়ীর একজন রাসিউল কবির বাদ পড়েছেন পড়তি ফর্মের কারণে। শ্রাবণী বিশ্বাস সন্তানসম্ভবা।
অভিজ্ঞ মিজানুরই এবার তাই ফেডারেশনের ভরসা। তিনটি সাফে খেলা মিজান জ্বলে উঠতে চান নিজের শেষ এসএ গেমসে, ‘বয়স হয়েছে। চাইলেও আর নিয়মিত খেলতে পারব না। শেষবারের মতো দেশের জন্য কিছু একটা করতে চাই।’ সেই ‘কিছু একটা’ যে সোনার পদক তা সাহস করেও উচ্চারণ করতে পারলেন না।
কীভাবেই বা সাহসী উচ্চারণ করবেন? আধুনিক তায়কোয়ান্দোর নতুন নিয়ম-কানুনের অনেক কিছুই অজানা। অনুশীলন করেন সনাতন পদ্ধতিতে। অথচ আন্তর্জাতিক গেমসে ইলেকট্রনিকস সেন্সর দিয়ে খেলা হয়। পায়ের মোজায়, চেস্ট গার্ডে থাকে ম্যাগনেটিক সেন্সর। কোমরের ওপরের নিখুঁত নিশানায় পা লাগাতে পারলেই পয়েন্ট। নিজের শকস গ্লাভসটি এনে জাহিদ বললেন, ‘এই গ্লাভস দিয়ে খেলে মোটেও বুঝতে পারব না কতটুকু সঠিক জায়গায় মারতে পারব।’
গত এক বছর কোনো ঘরোয়া টুর্নামেন্ট নেই। শুধু কোরিয়া কাপ তায়কোয়ান্দো হয়েছে, যেটি ছিল শুধুই প্রদর্শনী খেলা। তবে কোচের ওপর অগাধ আস্থা খেলোয়াড়দের। কোরিয়ান কোচ লি জু সাং ২০০০ সাল থেকে বাংলাদেশেই থাকেন। ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘সবাই নতুন খেলোয়াড়। তবু সোনার পদকের আশায় ওদের কঠোর অনুশীলন করাচ্ছি। তবে সব সময় সত্যি কথা বলতে পারি না। মিজানের বয়স হয়েছে। তবু ও-ই আমাদের সব আশা-ভরসা।’
খেলোয়াড়দের সবার স্মার্টফোনে ডাউনলোড করা বিশ্বের সেরা সেরা তায়কোয়ান্দো খেলোয়াড়ের ভিডিও। জাহিদুলের প্রিয় খেলোয়াড় বিশ্ব চ্যাম্পিয়ন কোরিয়ার লি ডাই হুন। সর্বশেষ টানা পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন জাহিদুল এরই মধ্যে খেলেছেন যুব কমনওয়েলথ গেমস, জুনিয়র এশিয়ান, যুব অলিম্পিক, বিশ্বকাপ এবং মাউন্ট এভারেস্ট টুর্নামেন্টে। পদকশূন্য থাকলেও আত্মবিশ্বাসী জাহিদুল, ‘কোথাও পদক জিতিনি সত্য। কিন্তু এতগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তত একটা পদক গেমসে জিততে চাই।’
বাংলাদেশের খেলোয়াড়দের বেশি ভয় আফগানিস্তান ও ভারতকে নিয়ে। আফগানিস্তান এরই মধ্যে অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে। ভারত এশিয়ান গেমসের রুপা ও ব্রোঞ্জজয়ী। আফগানিস্তান বছরের বেশির ভাগ সময় ইরানে অনুশীলন করে। ভারত অনুশীলন করে কোরিয়া, মালয়েশিয়ায়। নেপাল গত এসএ গেমসের আগে টানা ছয় মাস কোরিয়ায় ছিল। সেই তুলনায় বাংলাদেশ? বাংলাদেশের খেলোয়াড়দের রাজধানীর তিন তারকা মানের হোটেলে ওঠারই সৌভাগ্য হয় না!
তায়কোয়ান্দোতে বাংলাদেশের পদক
সোনা : ৩
রুপা : ০
ব্রোঞ্জ : ৭