
তাঁর হাতের ব্যাটটাকে কখনো কখনো মনে হয় শরীরের তুলনায় ভারী। নির্লিপ্ত শরীরী ভাষা দেখে মনে হতে পারে, ক্রিকেটটা বুঝি তাঁকে দিয়ে কেউ জোর করে খেলাচ্ছে। কিন্তু তাঁর ব্যাটিং দেখে মনে হয়, এর চেয়ে সহজ কাজ পৃথিবীতে দ্বিতীয়টি নেই!
মুমিনুল হককে রহস্যমানব বলবেন, নাকি বাংলাদেশের ক্রিকেট-বিস্ময়, সে সিদ্ধান্ত নেওয়ার ভার আপনার হাতে। শুধু এটুকু জেনে রাখুন—এখন পর্যন্ত মাত্র সাত টেস্টের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ২২ বছর বয়সী এই তরুণ যা করে দেখিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটে সেটা আর কেউ পারেনি। সাত টেস্টে ব্যাটিং করেছেন ১৩ ইনিংস, তিনটিতেই সেঞ্চুরি। ফিফটি তিনটিতে। সামনে পড়ে থাকা অনাগত দিনগুলোতে আরও কত কী করবেন, কে জানে!
বেশি দূরে না তাকিয়ে আপাতত কাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্টেই ফিরে তাকান। পঞ্চম দিনে বাংলাদেশ দল যে ৪৫৫ রান করে ম্যাচ জিতে যেতে পারে, সে অবাস্তব চিন্তা এক অ্যাঞ্জেলো ম্যাথুস ছাড়া কারও কল্পনাতেও আসেনি। এমনকি বাংলাদেশ যে এই টেস্টটা ড্র করতে পারে, চতুর্থ দিন শেষে সেটা ‘দূর কি বাত’ মনে হয়েছিল প্রধান নির্বাচক ফারুক আহমেদের কাছেও। কিন্তু টেস্ট ইতিহাসের সবচেয়ে খাটো সেঞ্চুরিয়ান প্রমাণ করে দিলেন তাঁর হাতের ব্যাটটা আসলেই তাঁর থেকে ‘বড়’। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল সেই ‘বড়’ ব্যাট দিয়েই বাংলাদেশকে ১১তম টেস্ট ড্র এনে দিলেন মুমিনুল।
এই টেস্টে বাংলাদেশ সেঞ্চুরি দেখেছে আরও দুটি। প্রথম ইনিংসের সেই দুই সেঞ্চুরিয়ানের একজন শামসুর রহমান আর তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে একটা ভালো শুরু এনে দিয়েছিলেন দলকে। আগের দিন ১২ রানে অপরাজিত ছিলেন, কাল সকালে প্রথম এক ঘণ্টা শেষেও জুটিটা অবিচ্ছিন্ন ছিল ৩৬ রানে। পুরো একটা দিন উইকেটে কাটিয়ে দিতে যা করা দরকার ছিল তাঁরা তাই করছিলেন। তার পরও মধ্যাহ্নবিরতির আগে ফিরে যান দুই ওপেনারই। ২ উইকেটে ৯১ রান তুলে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ দল।
চা-বিরতি পর্যন্ত আর পড়ল কেবল প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান ইমরুল কায়েসের উইকেটটি। তবে ততক্ষণে চার নম্বরে নামা মুমিনুলের সঙ্গে ৭০ রানের জুটি হয়ে গেছে তাঁর। টেস্টের ফলাফলের খাতায় ড্রও উঁকি দিচ্ছিল ওই সময় থেকেই। সাকিব আল হাসানের সঙ্গে ১২০ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে সেই সম্ভাবনাটাকে ক্রমেই জীবন্ত করে তোলার নায়ক মুমিনুলই।
ব্যক্তিগত ৪ রানের মাথায় একবার জীবন ফিরে পেয়েছিলেন মুমিনুল। দিলরুয়ান পেরেরার বলে সিলি মিড অফে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু সেটা হাতে নিতে পারেননি কৌশল সিলভা। এরপর আর আউটের সুযোগ না দিলেও মুমিনুলের ব্যাট মাঝেমধ্যেই বেপরোয়া হতে চেয়েছিল। কখনো বল পড়েছে ফাঁকা জায়গায়, কখনো হয়তো ব্যাটেই লাগেনি। অবশ্য তাঁকে ঠেকাতে ম্যাথুস ফিল্ডিংও সাজিয়েছিলেন বেশ আক্রমণাত্মক। ড্রাইভ খেলার বল দিয়ে কখনো কখনো দুই শর্ট কভার, দুই শর্ট মিড উইকেটের ফাঁদ। কখনো বা তিন স্লিপের সঙ্গে পয়েন্ট, শর্ট কভার, আর মিড অফ রেখে অর্ধবৃত্তাকৃতির জালও বিছিয়ে দিলেন শ্রীলঙ্কান অধিনায়ক। মুমিনুলকে আটকানো যায়নি তবুও। ৮৯ বলে ফিফটির পর ১৬৭তম বলে সেঞ্চুরি। নুয়ান প্রদীপের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে বল পাঠিয়েই সাকিবের সঙ্গে প্রান্ত বদলে পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতরান। ম্যাচ বাঁচানো সেঞ্চুরি অবশ্য এই প্রথম নয় মুমিনুলের। বরং আগের দুটি সেঞ্চুরিও এই একই আনন্দ এনে দিয়েছিল বাংলাদেশকে। গত নিউজিল্যান্ড সিরিজে চট্টগ্রামেই করা ১৮১ রান এবং ঢাকা টেস্টে খেলা অপরাজিত ১২৬ রানের দুটি ইনিংসই মুমিনুল করেছিলেন প্রচণ্ড চাপের মধ্যে এবং দুটিই বাংলাদেশকে ড্র এনে দেওয়ার সাফল্যে আলোকিত।
বাংলাদেশ তো বটেই, কাল মুমিনুলের সেঞ্চুরির জন্য যেন অপেক্ষা করছিল শ্রীলঙ্কাও। দিনের তখনো ঘণ্টা খানেক বাকি। শততম রানটি নেওয়ার সঙ্গে সঙ্গে মাঠে থাকা দুই ব্যাটসম্যানকে ড্র মেনে খেলা শেষ করার প্রস্তাব দেন শ্রীলঙ্কান অধিনায়ক ম্যাথুস। ইশারায় ড্রেসিংরুমে থাকা অধিনায়কের অনুমতি নিয়ে সাকিবের সঙ্গে মাঠ ছেড়ে যান মুমিনুল। পেছনে পড়ে থাকে রহস্য মানবের আরেকটি কীর্তি।
টেস্ট শুরুর আগের দিন সাংবাদিকদের কথা বলে ‘মজা’ দিতে না পারলেও বলেছিলেন, ‘মাঠে মজা হবে।’ কথা রেখেছেন মুমিনুল।