সেই মুয়াম্বা ফিফায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের মার্চেই ঘুরে এসেছিলেন মৃত্যুর দুয়ার থেকে। বোল্টন মিডফিল্ডার ফ্যাব্রিস মুয়াম্বা মাঠেই আকস্মিক হূদেরাগে আক্রান্ত হয়ে পড়ে গিয়েছিলেন। ৭৮ মিনিট তাঁর হূৎস্পন্দন ছিল না। কয়েক দিন যমে-মানুষে টানাটানির পর মৃত্যুর আশঙ্কা কাটলেও পাঁচ মাস পর জানতে পারেন পেশাদার ফুটবলে আর ফিরতে পারবেন না। মাঠে না খেলতে পারলেও ফুটবল থেকে দূরে থাকতে চান না সাবেক বোল্টন মিডফিল্ডার। সে জন্য ভালো একটা সুযোগও পেয়ে গেছেন, ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার তাঁকে আগামী মাসে আমন্ত্রণ জানিয়েছেন জুরিখে। উদ্দেশ্য, তাঁকে ফিফায় কী কাজ দেওয়া যায়, সেটা নিয়েই আলোচনা করা।নিজে বেশ কয়েকবারই ফুটবল রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, ফিফা সভাপতির আমন্ত্রণ যেন অনেকটা মেঘ না চাইতেই জল! নিজেও তাই বেশ উচ্ছ্বসিত, ‘আমি সিদ্ধান্ত নেওয়ার অংশটুকু বেশ পছন্দ করি। পরের সপ্তাহে সেপ ব্ল্যাটারের সঙ্গে আমার বসার কথা, আশা করছি তিনি আমাকে একটা কাজ জুটিয়ে দিতে পারবেন।’ এখন মোটামুটি সুস্থ হলেও মাঝেমধ্যেই সাময়িকভাবে স্মৃতি লোপ পাচ্ছে তাঁর, ‘আমি যত দূর জানি, চিকিৎসক আমাকে বলেছেন, আমার স্মৃতি পুরোপুরি ফিরে পেতে আরও এক বছর লাগবে, যেমনটা আগে ছিল। কিন্তু এটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করছি না, আমি ব্যক্তিগত ও পারিবারিক জীবনটা উপভোগের চেষ্টা করছি।’ রয়টার্স, এএফপি।