সেই মেটসুর চোখেই শিরোপা-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় এখনো অনেকের গা জ্বলে যাচ্ছে। তবে এমনিতেও মধ্যপ্রাচ্যের দেশটির প্রচণ্ড গরম তাদের সফল আয়োজনের সম্ভাবনায় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে ১১ বছর আগে। প্রশ্নবিদ্ধ তাদের ফুটবল-সামর্থ্যও। এবারের এশিয়ান কাপটা কাতারের কাছে তাই একটা চ্যালেঞ্জ। বিশ্বকে নিজেদের সামর্থ্যটা দেখিয়ে দেওয়ার সুযোগও। ইতিহাসে দ্বিতীয়বারের মতো কাতারকে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে তুলে কোচ ব্রুনো মেটসু একটা জয়ের হাসিই হেসেছেন।ঝাঁকড়া চুলের এই ফরাসি ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে ছিলেন সেনেগালের কোচ। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে হইচই ফেলে দেয় সেনেগাল। আরও চমক দিয়ে কোয়ার্টার ফাইনালেই পৌঁছে যায় সেনেগাল। সেনেগালের সেই বিস্ময়-যাত্রার নেপথ্যের মানুষটি অনেক পথ পেরিয়ে এখন কাতারের কোচ। তবে কোচ হিসেবে কাতারের এই সাফল্যের স্বাদ তাঁর পাওয়া হতো না, যদি কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সৌদি আরবকে অনুসরণ করত। সিরিয়ার কাছে হারের সঙ্গে সঙ্গেই কোচকে ছাঁটাই করেছে সৌদি আরব। কাতারও প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে যায় উজবেকিস্তানের কাছে। এই হারের পরও যে তাঁকে বরখাস্ত করা হয়নি, এ জন্য কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ ব্রুনো মেটসু।উজবেকিস্তানের কাছে হেরেও পরে চীন এবং কুয়েতকে হারিয়ে শেষ আটের টিকিট জোগাড় করেছে কাতার। পরশু কুয়েতকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এতেও অবশ্য শেষ আটে জায়গা হতো না, যদি উজবেকিস্তান চীনের সঙ্গে ড্র (২-২) না করত। কাতার এখন শিরোপা জয়েরই স্বপ্ন দেখছে। কোচ মেটসু একরকম ঘোষণার মতো করেই বলেছেন ট্রফি জিতবে কাতার। যিনি হতে পারতেন বরখাস্ত, তাঁর সামনেই এখন শিরোপার হাতছানি। ভাগ্যের এই নতুন মোড়ে দাঁড়িয়ে মেটসু কাতার ফুটবল কর্তাদের প্রতি কৃতজ্ঞ, ‘এই সুযোগে আমি কাতারের সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাব। কারণ উজবেকিস্তানের কাছে হারের পরও সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের মতো কাজ না করে তাঁরা আমার ওপরই আস্থা রেখেছেন।’ শেষ আটে কাতারের প্রতিপক্ষ জাপান, যারা কাল শিনজি ওকাজাকির হ্যাটট্রিকে গ্রুপ ম্যাচে ৫-০ গোলে হারিয়েছে সৌদি আরবকে। এএফপি।