সেই মেসি, সেই রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদ্বন্দ্বিতাটা জমেছে বেশ। গোল করার প্রতিদ্বন্দ্বিতা। প্রতিপক্ষের রক্ষণভাগকে তছনছ করে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো গোল করছেন পাল্লা দিয়ে। পরশু রিয়াল মাদ্রিদের রোনালদো করলেন ২ গোল। কাল বার্সেলোনার মেসিও করলেন ২ গোল। এই আর্জেন্টাইনের গোলেই রেসিং সান্তান্দারকে ২-০ গোলে হারিয়েছে বার্সা।পরশু রিয়াল বেটিসের মাঠে গিয়ে কঠিন পরীক্ষারই মুখোমুখি হতে হয়েছিল হোসে মরিনহোর দলকে। অনেক দিন পর মাঠে অচেনা লাগল রিয়ালকে। ঘরের মাঠে বেটিস লড়াই করল সমানে সমান। কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষায় জিতে যে ৩-২ গোলে জিতে ফিরতে পেরেছে রিয়াল, সে শুধু রোনালদো-জাদুতেই। দলের তিন গোলের দুটিই করেছেন রোনালদো। দুটিই ধীরস্থির ফিনিশিংয়ে।মৌসুমে মোট গোলে মেসির চেয়ে পিছিয়ে থাকতে পারেন, কিন্তু লিগে পর্তুগিজ তারকা এগিয়ে গেলেন ৪ গোলে। এই দুই গোল নিয়ে ২৬ ম্যাচে তাঁর গোল হয়ে ৩২টি। এক ম্যাচ কম খেলে মেসির ২৮টি।ব্যক্তিগত দ্বৈরথে রোনালদো যেমন এগিয়ে, দলীয় দ্বৈরথে রিয়াল এগিয়ে গেল আরও বড় ব্যবধানে। ১০ পয়েন্টের ব্যবধানটা ১৩ করে ফেলেছে রিয়াল। অবশ্য কাল রাতে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সা জিতে থাকলে রিয়ালের সঙ্গে তাদের ব্যবধান ১০ পয়েন্টই রয়েছে। পরশুর ম্যাচটি ছিল রিয়ালে কোচ মরিনহোর ১০০তম ম্যাচ। কোচের মাইলফলকের ম্যাচটি জিতে রিয়াল গড়ে ফেলেছে একটা রেকর্ডও। প্রতিপক্ষের মাঠে রিয়াল লিগে পেল রেকর্ড টানা দশম জয়। আর ডিসেম্বরে বার্সেলোনার কাছে হারের পর জিতল টানা ১১ ম্যাচ।সব সমীকরণই চমৎকারভাবে মিলে গেছে রোনালদো-ছোঁয়ায়। নয়তো ফলটা অন্য রকমও হতে পারত। ম্যাচ শেষে মরিনহোই যেমন বলেছেন, ‘এটা ছিল এমন এক ম্যাচ, যাতে দুই দলের কারোই নিয়ন্ত্রণ ছিল না এবং আপনি বলতে পারতেন না কে জিতবে। ম্যাচটি ছিল ভুল পাসে ভরা। তবে পাল্টা-আক্রমণ ছিল নিখুঁত। আমি মনে করি, ড্র-ই হতো ন্যায্য ফল। কিন্তু ম্যাচটা ২-৪, কিংবা ৪-৪-তেও শেষ হতে পারত।’১০ মিনিটেই স্বাগতিক বেটিসকে এগিয়ে দেন হোর্হে মলিনা। ২৫ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান গঞ্জালো হিগুয়েইন। ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকার প্রতিক্রিয়া, ‘কঠিন এক ম্যাচ ছিল এটা। সৌভাগ্যবশত আমরা জিতে গেছি।’ ৫২ মিনিটে রোনালদো এগিয়ে দেন রিয়ালকে। ৩ মিনিট পরই বেটিসকে সমতায় ফেরান জেফারসন মন্তেরো। কিন্তু ৭২ মিনিটে বেটিসের আশাভঙ্গ হয় রোনালদোর গোলে। রয়টার্স, এএফপি।