সেই মেসি 'এল দিসতিনতো'

ছেলেটার ভীষণ মন খারাপ। সমবয়সীরা যেখানে লম্বায় তাঁর চেয়ে এক হাত ওপরে, সে তখনো এত্তটুকুন হয়ে আছে। ফুটবল খেলতে গিয়ে গায়ে-গতরে বড়দের সঙ্গে সব সময় পেরে ওঠা যায় না। তাঁর শারীরিক বৃদ্ধি যে কোনো কারণে হচ্ছে না, সেটাও সে বুঝে গিয়েছিল। তবে কি সবার সঙ্গে পাল্লা দিয়ে ফুটবল খেলা হবে না? কিন্তু ফুটবল না খেলতে পারলে যে জীবনের ষোলো আনাই মিছে!
সেই ছেলেটি এখন বড় হয়েছে। লম্বায় তাঁকে ছাড়িয়ে যাওয়া অনেকেই তাঁর প্রতিদ্বন্দ্বী। কিন্তু কীর্তিতে তিনি ছাপিয়ে গেছেন অন্যদের। লিওনেল মেসিকে নিয়ে লিখতে গিয়ে দিস্তা দিস্তা কাগজ ফুরোচ্ছে, ফুরোবে। তবে হরমোনজনিত সমস্যায় যে কিশোর মেসি ভীষণই ভেঙে পড়েছিলেন সেটা জানা গেছে এবার। শিগগিরই প্রকাশিত হতে যাওয়া আত্মজীবনী এল দিসতিনতোতে (দ্য ডিফারেন্ট ওয়ান) এ ঘটনাটার উল্লেখ আছে। সেটির চুম্বক অংশ ছেপেছে আর্জেন্টাইন পত্রিকা ওলে।
সমস্যাটা ধরা পড়েছিল ১১ বছর বয়সে। হরমোনের ঘাটতির কারণে মেসির শারীরিক বৃদ্ধি থমকে গিয়েছিল। চিকিৎসক ডিয়েগো শোয়ার্জস্টেইনের কাছে মেসি জানতে চেয়েছিলেন, ‘আমি কি ফুটবল খেলা চালিয়ে যেতে পারব?’
চিকিৎসক বলেছিলেন, ‘সে ছিল উচ্চতায় ৪ ফুট ১ ইঞ্চি, সমবয়সীদের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায়ই সে পড়ে যেত। সে জানত তার শরীরের বৃদ্ধি হচ্ছে না এবং তা একটি গ্রন্থির কর্মক্ষমতা কম থাকায়। হরমোন শব্দটি তার কাছে খুব পরিচিত হয়ে গেল।’
কিন্তু মেসিকে আশ্বস্ত করলেন চিকিৎসক শোয়ার্জস্টেইন, তাঁর কথায়, ‘তার আশঙ্কা ছিল সে কখনো সুখী হতে পারবে না। কারণ শুধু ফুটবলটাই তাকে আনন্দ দিত। সে ভয় পেয়ে গিয়েছিল। শুধু একবার না, একাধিকবার। আমি কী বলব সেটা শুনতে সে আমার দিকে তাকিয়ে ছিল। আমি শুধু তাকে ছয়টি শব্দই বললাম, তুমি ম্যারাডোনার চেয়ে লম্বা হবে।’
মিথ্যা স্তোক দেননি চিকিৎসক। ডিয়েগো ম্যারাডোনাকে (৫ ফুট ৫ ইঞ্চি) উচ্চতায় ছাড়িয়ে গিয়েছেন ৫ ফুট ৭ ইঞ্চির মেসি। তবে সেটা সম্ভব হয়েছে চিকিৎসার জন্য স্পেনে পাড়ি জমানোর পর। ১৩ বছর বয়সে মেসি বার্সার জার্সি পরেন। এরপর বাকিটা ইতিহাস! ওয়েবসাইট।