সেই রত্নাই এবার বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন আক্তার রত্না
শারমিন আক্তার রত্না

সাফল্য কখনো তাঁকে হাসিয়েছে। ব্যর্থতাও ছুঁয়ে গেছে অনেক। দুটোকেই সঙ্গী করে এগিয়ে চলা শারমিন আক্তার রত্নার শুটিং জীবনে এখন অমাবস্যার রাত।
এসএ গেমসের ক্যাম্প থেকেই তাঁকে বাদ দিয়ে দিয়েছে শুটিং ফেডারেশন! ‘শৃঙলাভঙ্গের’ কারণে গত ২৪ অক্টোবর থেকে ‘সাময়িক নিষেধাজ্ঞা’ জারি হয়েছে রত্নার ওপর, যা ৬ ফেব্রুয়ারি ভারতে শুরু এসএ গেমস বা তারও বেশি সময় পর্যন্ত থাকার ইঙ্গিত মিলছে।
অথচ ২০১০ এসএ গেমসে শুটিংয়ে জেতা বাংলাদেশের তিনটি সোনার দুটিই তাঁর কল্যাণে। ১০ মিটার এয়ার রাইফেলে দলীয় ও ব্যক্তিগত সোনা জিতেছিলেন রত্না। এসএ গেমসের এক মাস পর কমনওয়েলথ শুটিংয়ে দলীয় সোনা জয়েও নেতৃত্ব দিয়েছেন। দেশে তাঁর শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত। এ বছর জাতীয় প্রতিযোগিতায় ১০ মিটারে ৪০০তে ৩৯৬ স্কোর করে রেকর্ড গড়ে প্রথম। সেপ্টেম্বরে কুয়েতে এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগে ট্রায়ালে দুবার ফেডারেশনের দেওয়া সেট স্কোর ৪১৫ ছুঁয়েছেন। মাস দুয়েক আগে দিল্লিতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পারফরম্যান্স খারাপ হয়েছিল, এরপরই তাঁকে কুয়েতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাদ দেওয়া হয়।
কিন্তু এসএ গেমসে এবারও তাঁর ভালো সম্ভাবনা ছিল। তাহলে তিনি কেন বাদ? উত্তরটা পাওয়া যাবে গত ১৮ নভেম্বর রত্নাকে দেওয়া ফেডারেশনের কারণ দর্শাও নোটিশ থেকে। পাঁচটি অভিযোগ তাতে। সেপ্টেম্বরে দিল্লিতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে তাঁর সময়জ্ঞান ছিল না। স্বাভাবিকভাবে শুটিং করতে দেখা যায়নি। আরেক শুটার তৃপ্তি দত্তের সঙ্গে সম্প্রতি শুটিং রেঞ্জে চিৎকার-চেঁচামেচি করেছেন, ফিটনেস ট্রেনিংয়ে প্রায়ই অনুপস্থিত থাকেন ও ডাইনিংয়ে নিয়মভঙ্গ করেছেন।
২৫ নভেম্বরের নির্ধারিত সময়ের আগেই এসব অভিযোগের জবাব দিয়েছেন অভিযুক্ত রত্না। সময়জ্ঞানের অভাব প্রসঙ্গে লিখেছেন, দিল্লির প্রতিযোগিতায় কোথাও দেরি করে যাননি। তাই সময়জ্ঞানের অভাব কোথায় ছিল, তাঁর জানা নেই। ‘স্বাভাবিকভাবে শুটিং করতে দেখা যায়নি’-এর জবাব, ‘কিছুটা আত্মবিশ্বাসের অভাব যদি অস্বাভাবিক হয়, তাহলে অস্বাভাবিক ছিলাম।’ ডাইনিংয়ে নিয়মভঙ্গের ব্যাপারে লিখেছেন, ‘খাবারের মান নিয়ে কথা বলা অন্যায় হলে দুঃখিত।’ তবে তৃপ্তির সঙ্গে রেঞ্জে উচ্চস্বরে কথা বলা ঠিক হয়নি স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ফিজিক্যাল ট্রেনিংয়ে ভয় লাগে, নিশ্বাস নিতে কষ্ট হয়। ভয় থেকেই গরহাজির থাকেন বলে জানিয়েছেন। তারপরও ভুল কিছু করলে ক্ষমা চেয়েছেন।
এসব অভিযোগে দেশের সেরা নারী শুটারকে গেমসের বাইরে রাখা যায় কি না, প্রশ্ন আছে। আড়ালে-আবডালে শোনা যায়, রত্না আগের কমিটির ঘনিষ্ঠ ছিলেন। হালে আরেকটি কথাও হাওয়ায় ভাসে, তিনি নাকি ‘বর্তমান কমিটির রাজনৈতিক মতাদর্শের বিরোধী’। তবে ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও কোচিং কমিটির প্রধান ইশফাক আহমেদ বলছেন, ‘ওর ব্যাপারটা শৃঙ্খলাজনিত। আগামী নির্বাহী কমিটির সভায় বিষয়টা আলোচনা হতে পারে।’
বিওএর উপমহাসচিব ও প্রশিক্ষণ কমিটির প্রধান আশিকুর রহমান বলছেন, ‘ফেডারেশন আমাদের বলেছে, ওর পারফরম্যান্স ভালো নয় এবং সে মানসিকভাবে পুরো সুস্থ নয়।’ যা শুনে রত্নার জবাব, ‘পারফরম্যান্সে আমার চেয়ে কেউ ভালো করলে আপত্তি নেই। কিন্তু দেশে তো আমিই সবচেয়ে ভালো করছি। আসলে আমি হয়তো ব্যক্তিগত আক্রোশের শিকার।’