সেই রবরেডোকে উড়িয়ে দিলেন নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেদেরার-বধের নায়ক টমি রবরেডোকে হারিয়েছেন সরাসরি সেটে।নাদালের হাসিটা তো এমন চওড়া হওয়াই স্বাভাবিক। ছবি: রয়টার্স
ফেদেরার-বধের নায়ক টমি রবরেডোকে হারিয়েছেন সরাসরি সেটে।নাদালের হাসিটা তো এমন চওড়া হওয়াই স্বাভাবিক। ছবি: রয়টার্স

রজার ফেদেরারকে চতুর্থ রাউন্ড থেকে বিদায় করেছিলেন। জন্ম দিয়েছিলেন এবারের ইউএস ওপেনের সবচেয়ে বড় অঘটনের। তবে রাফায়েল নাদালের কাছে পাত্তাই পেলেন না ফেদেরার-বধের নায়ক টমি রবরেডো।
রবরেডোকে নিয়ে গত রাতে রীতিমতো ছেলেখেলাই করেছেন নাদাল। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ১২টি গ্র্যান্ড স্লামজয়ী জিতেছেন সরাসরি সেটে, ৬-০, ৬-২, ৬-২ ব্যবধানে। স্বদেশি রবরেডোকে পরাস্ত করতে স্প্যানিশ তারকার সময় লাগে মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট। পরশু শনিবার অনুষ্ঠেয় সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট।
চতুর্থ রাউন্ডের খেলার পারফরম্যান্সের সুবাদে কোয়ার্টার ফাইনাল নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী ছিলেন রবরেডো। বলার অপেক্ষা রাখে না, তাঁকে নিয়ে বাড়তি সতর্ক ছিলেন দ্বিতীয় বাছাই নাদাল। আবার না আরেকটি অঘটন ঘটে যায়! কিন্তু কিসের কি। নাদালের কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলেন রবরেডো। দুর্দান্ত খেলতে থাকা নাদাল এটাকেই এ প্রতিযোগিতার তাঁর সেরা ম্যাচ বলে আখ্যায়িত করলেন, ‘আমার মনে হয়, এবারের ইউএস ওপেনে নিজের সেরা খেলাটা খেললাম। প্রতিদিন একটু করে উন্নতি হওয়াটা দারুণ। সেমিফাইনালে উঠতে পেরে আমি খুশি।’ সূত্র: রয়টার্স।