সেই রাইডার এবার ডোপপাপী
মৃত্যুদুয়ার থেকে ফিরে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু জেসি রাইডারের সেই ইচ্ছায় আপাত বাধার দেয়াল হয়ে এল নিষেধাজ্ঞা। ডোপ টেস্টে ধরা পড়ায় ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে রাইডারকে। মাঠ, মাঠের বাইরে নানা কাণ্ডের জন্ম দিয়ে অনেকবারই সংবাদ শিরোনাম হয়েছেন রাইডার। কিন্তু ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘সাময়িক ছুটি’ নেওয়া রাইডার ডোপপাপীর খাতায় নাম লেখালেন এই প্রথম। তাঁর ডোপ পরীক্ষাটা করা হয়েছিল গত ২৪ মার্চ, ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে ফোর্ড ট্রফির ম্যাচ খেলার সময়। এর তিন দিন পরই ক্রাইস্টচার্চের সেই নৈশক্লাব দুর্ঘটনার শিকার এবং মৃত্যুশঙ্কা নিয়ে তাঁর ঠাঁই হয় হাসপাতালে। এর কদিন পরই (১২ এপ্রিল) তাঁকে পরীক্ষার ফল জানিয়ে বলা হয়, তাঁর মূত্র নমুনায় নিষিদ্ধ দুই ধরনের বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে।ডোপ-পাপের জন্য কমপক্ষে দুই বছরের নিষেধাজ্ঞা হওয়ার কথা। কিন্তু এ মাসের শুরুতে শুনানিতে রাইডার নিউজিল্যান্ডের ক্রীড়া ট্রাইব্যুনালের কাছে প্রমাণ করতে পেরেছেন, পারফরম্যান্সবর্ধক ড্রাগ নেননি তিনি, ওজন কমানোর ওষুধে ছিল ওই দুটি নিষিদ্ধ উপাদান। আপিলের পথে না হেঁটে রাইডার শাস্তিটা মেনে নিয়েছেন। নিজেকে নিউজিল্যান্ডের ডোপমুক্ত ক্রীড়াঙ্গনের সমর্থক দাবি করে ২৯ বছর বয়সী ব্যাটসম্যান বলেছেন, ‘আমি কখনোই ডোপ নিইনি। কাজেই এই পরিস্থিতিতে আমি খুবই মর্মাহত।’ঘোষণাটা গতকাল এলেও নিষেধাজ্ঞার মেয়াদ অবশ্য ফুরিয়ে এসেছে। কারণ, নিষেধাজ্ঞাটা কার্যকর হয়েছে গত ১৯ এপ্রিল থেকে। আগামী ১৯ অক্টোবরই তাই ব্যাট হাতে মাঠে নামতে পারবেন নিউজিল্যান্ড ক্রিকেটের ‘ব্যাডবয়’। এএফপি, ওয়েবসাইট।