সেই রাউল এবার কাতারে
‘আমার ভবিষ্যৎ ক্যারিয়ার হবে ইউরোপের বাইরের কোনো লিগে। খেলার মানের দিক থেকে যেটা বুন্দেসলিগার মতো শক্তিশালী নয়।’ গত মাসে শালকে জিরো ফোর থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার সময়ই নিজের ভবিষ্যৎ গন্তব্যের ইঙ্গিতটা দিয়েছিলেন রাউল। এবার জানা গেল গন্তব্যটাও। শালকে ছেড়ে রাউল নাম লেখালেন কাতারের ক্লাব এশিয়ান চ্যাম্পিয়ন আল সাদ-এ।গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে তৃতীয় হওয়া আল সাদই নিশ্চিত করেছে চুক্তির বিষয়টি—আগামী মৌসুমেই রাউল হয়ে যাচ্ছেন তাদের। গতকাল সংবাদ সম্মেলনে আল সাদে রাউলের পরিচয়পর্বটাও হয়ে গেছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর, চুক্তিটা হয়েছে এক বছরের।রাউল গঞ্জালেস, একসময় ছিলেন রিয়াল মাদ্রিদের প্রতীক। কিন্তু রিয়ালের অপাঙেক্তয় হয়ে ৩৪ বছর বয়সী স্ট্রাইকার ২০১০ সালে যোগ দেন শালকেতে। জার্মান ক্লাবটিতেও কাটছিল ভালোই। দুই মৌসুমে লিগে ৬৬ ম্যাচে করেছেন ২৮ গোল, সব মিলিয়ে ৪০ গোল। এর মধ্যে গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার পথে ৫ গোল করে শালকেকে তুলেছিলেন সেমিফাইনালেও।দেখা যাক, এবার এশিয়ায় কী করেন তিনি! রয়টার্স।