সেই রাজশাহী এখন তিনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক বদলেই কি তবে ভাগ্য বদলে গেল দুরন্ত রাজশাহীর!বারবার নেতৃত্ববদল এমনিতে খারাপ কিছুরই ইঙ্গিত দেয়। মাত্রই দলের সঙ্গে যোগ দেওয়া ভিনদেশি একজনের অধিনায়ক হওয়াটাও শুভ ফল বয়ে আনার নিশ্চয়তা দেয় না। কিন্তু সব সময় সাধারণ হিসাব মেনে চলে না বলেই তো ক্রিকেটের আরেক নাম অনিশ্চয়তা! জহুরুল ইসলামের ছেড়ে দেওয়া নেতৃত্ব চামারা কাপুগেদেরার হাতে উঠতেই কীভাবে যেন বদলে গেল রাজশাহী। দুই দিন আগে তলানিতে থাকা দল কাপুগেদেরার নেতৃত্বে টানা দুই জয়ে এখন পয়েন্ট তালিকার তিনে! কাল দুই ওপেনারের দুরন্ত ব্যাটিংয়ে দুরন্ত রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্সকে।১৬৪ রান তাড়ায় রাজশাহীর উদ্বোধনী জুটিই কার্যত শেষ করে দিয়েছে ম্যাচ। ঝড়ের শুরু চার্লস কভেন্ট্রির ব্যাটে, পরে তাল মিলিয়েছেন তামিম ইকবাল। সমান ৪টি চার ও ২টি ছয় মেরেছেন দুজন। ৩৬ বলে ৫০ করে ম্যাচসেরা তামিম, ৩৫ বলে ৪৭ করে রানআউট কভেন্ট্রি। দুজনের ৯৫ রানের জুটি ৬৮ বলে। তিনে নামা দিলশান মুনাবীরা গতিটা (১৪ বলে ৮) ধরে রাখতে না পারলেও আরভিনকে নিয়ে বাকি কাজটুক সেরেছেন জহুরুল ইসলাম। নাসিরকে সাইটস্ক্রিনে আছড়ে ম্যাচ শেষ করে দিয়েছেন এক ওভার আগে। ‘নির্ভার’ জহুরুল খেলেছেন আরেকটি দুর্দান্ত ইনিংস। আগের ম্যাচের ম্যাচ জেতানো ৫৭ রানের পর কাল ১৮ বলে অপরাজিত ৩৮!নেতৃত্ব ছেড়ে জহুরুলের ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠা রাজশাহীর জন্য হয়েছে শাপেবর। অধিনায়কত্ব বদলের সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিবর্তন এসেছে পরিকল্পনাতেও। অতিস্পিননির্ভরতা থেকে যেমন বেরিয়ে এসেছে দলটি। কাল প্রথমবারের মতো যেমন নতুন বলের দুই বোলারই ছিল পেসার। যদিও সেই দুই পেসার, বেন এডমন্ডসন ও শন আরভিন ভালো শুরু এনে দিতে পারেননি দলকে। বরং চোট কাটিয়ে এবারের আসরে প্রথমবার খেলা জুনায়েদ সিদ্দিকের ঝড়ে রংপুর পায় উড়ন্ত সূচনা। ১৬ বলে ৩১ করেন জুনায়েদ, শামসুর রহমানের সঙ্গে ৬০ রানের উদ্বোধনী জুটি ৭ ওভারেই।ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে ওঠা শামসুর (৫৭ বলে ৬৮) প্রথম বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন চতুর্থ বিপিএল ফিফটি। কিন্তু নাসিরের (২৯ বলে ৩০) সঙ্গে তাঁর দ্বিতীয় উইকেট জুটিতে খানিকটা গতিও হারিয়েছে দলের ইনিংস। শক্ত ভিত্তির পরও ৫৫ রানের জুটি গড়তে ৫১ বল লাগিয়ে ফেলেন দুজন। ক্যামেরন বোরগাসের ১২ বলে ২২ রানের পরও তাই ১৬৩-র বেশি করতে পারেনি রংপুর। ম্যাচ শেষে নাসিরের কণ্ঠে আফসোস, ‘অন্তত ১০-১৫টা রান কম হয়ে গিয়েছিল আমাদের।’ সংক্ষিপ্ত স্কোররংপুর রাইডার্স: ২০ ওভারে ১৬৩/৩ (শামসুর ৬৮, জুনায়েদ ৩১, নাসির ৩০, বোরগাস ২২*, হায়াট ১০*; মনির ১/২৩, মুনাবীরা ১/২৭)। দুরন্ত রাজশাহী: ১৯ ওভারে ১৬৮/৩ (তামিম ৫০, কভেন্ট্রি ৪৭, মুনাবীরা ৮, জহুরুল ৩৮*, আরভিন ১৪*; কেভিন ১/১৭, তাপস ঘোষ ১/২৮)।ফল: রাজশাহী ৭ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল।