প্রতিশোধের মিশনে পরাজয়ের জ্বালাটাই দ্বিগুণ হলো বার্সেলোনার। তিন দিনের ব্যবধানে আরও একটি এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতিটা সারল দারুণভাবে। মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচের কথা মাথায় রেখে মরিনহো যেন মাঠে নামান দ্বিতীয় সারির দল। দল সাজান মঙ্গলবারের এল ক্লাসিকোর শুরুর একাদশের সাতজনকেই বাইরে রেখে। সেই তালিকায় ছিলেন রোনালদো, ওজিল, জাবি আলোনসো, স্যামি খেদিরা, হিগুয়েইনরাও। তার পরও করিম বেনজেমার গোলে ছয় মিনিটে এগিয়ে যায় রিয়ালই। গোলটি যেন তাদের অহমে জ্বালা ধরিয়ে দেয়, জেগে ওঠে বার্সেলোনা। ১৮ মিনিটে বার্সাকে সমতায়ও ফেরান মেসি। এটা তাঁর মৌসুমে ৫০তম গোল। পাশাপাশি মেসি ছুঁয়ে ফেললেন এল ক্লাসিকোতে আলফ্রেডো ডি স্টেফানোর সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ড। প্রথমার্ধের বাকি সময়টাও বার্সেলোনাই ছিল শ্রেয়তর দল। এএফপি। কিন্তু দ্বিতীয়ার্ধে রোনালদো ও খেদিরা নামতেই ভোজবাজির মতো পাল্টে যায় ম্যাচের চেহারা। রিয়ালের দুরন্ত গতির কাছে বার্সেলোনার পাসিং ফুটবলকে আরেকবার মনে হলো অকার্যকর। ৮২ মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস। রোনালদো গোল পাননি। তবুও গোল করা মেসিকে ছাপিয়ে রোনালদোই থাকলেন উজ্জ্বল। তাঁর একটি ফ্রি-কিক প্রতিহত হয়েছে পোস্টে। যোগ করা সময়ে বার্সার একটা জোরালো পেনাল্টির দাবি প্রত্যাখ্যান করেন রেফারি। প্রতিবাদ করে খেলা চলাকালেই হলুদ কার্ড পান ইনিয়েস্তা। ম্যাচ শেষে ভিক্টর ভালদেজের ভাগ্যে তো জুটেছে লাল কার্ডই।