হল্যান্ডের জার্সির রং কমলা। কমলাই তাদের ফুটবলের রং। কিন্তু সেই কমলার পরিবর্তে ডাচরা এই বিশ্বকাপে যেন আপন করে নিয়েছে নীলকে। প্রথম ম্যাচের মতো কাল দ্বিতীয় ম্যাচেও ডাচরা গায়ে জড়াল নীল জার্সি। বেদনার সেই নীলই তাদের হয়ে যাচ্ছে আনন্দের রং।
জার্সি না বদলালেও কাল অবশ্য বদলাল তাদের খেলার রং। হার বা ড্র হতাশায় অবশ্য পুড়তে হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে লুইস ফন গালের দল। তবে আগের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে দিয়ে উড়তে থাকা হল্যান্ডকে কাল পুঁচকে অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে হলো কষ্ট করে, ৩-২ গোলে। এই জয়েই দ্বিতীয় রাউন্ডে ওঠাটা প্রায় নিশ্চিত করে ফেলেছিল ডাচরা, পরের ম্যাচে চিলির কাছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের হারে পুরোপুরিই নিশ্চিত হয়েছে সেটা।
হল্যান্ডকে ঠিক হল্যান্ড মনে না হলেও আরিয়েন রোবেন, রবিন ফন পার্সিরা ছিলেন স্বরূপেই। এই দুজনের সঙ্গে বদলি হিসেবে নামা মেম্ফিস ডিপাইয়ের গোলে পাওয়া এই জয়ে দ্বিতীয় রাউন্ড বলতে গেলে নিশ্চিতই করে ফেলল হল্যান্ড। শঙ্কাটা শুধু কাগজে-কলমের হিসাবে!
প্রথম ম্যাচে চিলির কাছে ৩-১ গোলে হারার পরও হল্যান্ডকে হারানোর স্বপ্নের কথা শুনিয়েছিল অস্ট্রেলিয়ানরা। অনেকে হয়তো ভ্রু কুঁচকেছিলেন। কিন্তু জিততে না পারলেও টিম কাহিলরা বুঝিয়ে দিয়েছেন হল্যান্ডকে হারানোর স্বপ্নটা তাঁদের একেবারেই বাগাড়ম্বর ছিল না। শুরুটাও তারা করেছিল দারুণ। তবে হল্যান্ডকেই প্রথম এগিয়ে দেন প্রথম ম্যাচে জোড়া গোল করা রোবেন। ২০ মিনিটে মাঝমাঠ থেকে ডেলি ব্লাইন্ডের পাস ধরে দুরন্ত গতিতে বক্সের ভেতরে ঢুকে রোবেন বাঁ পায়ের নিচু শটে পরাস্ত করেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথু রায়ানকে। মিনিট না পেরোতেই দুর্দান্ত এক ভলিতে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান টিম কাহিল। এই বিশ্বকাপে যেটা তাঁর দ্বিতীয় গোল। ৫৪ মিনিটে অস্ট্রেলিয়া এগিয়েও যায় মাইল জেডিনাকের পেনাল্টি গোলে।
আবার সেই নাটকীয়তা। অস্ট্রেলিয়ানদের উৎসবের রেশ না কাটতেই হল্যান্ডের গোল। ডিপাইয়ের পাস থেকে ৫৮ মিনিটে ২-২ করেন ফন পার্সি। এর ঠিক ১০ মিনিট পর হল্যান্ডের জয়সূচক গোলটি করেছেন ডিপাই, ২৫ গজ দূর থেকে বুলেটগতির শটে। ডাচদের ছোট্ট একটা হতাশা, টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় চিলির সঙ্গে গ্রুপপর্বের শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচটা খেলতে পারবেন না ফন পার্সি।
গ্রুপ ‘বি’ পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
হল্যান্ড ২ ২ ০ ০ ৮/৩ ৬
চিলি ২ ২ ০ ০ ৫/১ ৬
অস্ট্রেলিয়া ২ ০ ০ ২ ৩/৬ ০
স্পেন ২ ০ ০ ২ ১/৭ ০