সেই লরগাতের কাছেই এখন ‘পাকিস্তান নিরাপদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিসিএলে বিদেশি খেলোয়াড় আনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যতই নিজেদের দেশকে ‘নিরাপদ’ বলুক না কেন, পিসিবির কথায় চিড়ে ভেজার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা সম্প্রতি বিশ্বের তাবত্ ক্রিকেটারদের নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সুপার লিগ-পিএসএলে না খেলার আহ্বান জানিয়েছে। তবে ফিকার এই বক্তব্যকে অবশ্য আমলে নিতে চান না পিএসএলের উপদেষ্টা ও আইসিসির সাবেক প্রধান নির্বাহী হারুন লরগাত। পাকিস্তানকে ‘সম্পূর্ণ নিরাপদ স্থান’ হিসেবেই বর্ণনা করেছেন ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার সময় আইসিসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা লরগাত।আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা খেলোয়াড়দের সাবধান করে দিয়ে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ ‘নিয়ন্ত্রণের বাইরে’। তার পরও পাকিস্তানকে ‘সম্পূর্ণ নিরাপদ স্থান’ হিসেবেই বর্ণনা করেছেন হারুন লরগাত। ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার সময় লরগাত আইসিসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর দায়িত্ব পালনের সময়ই ২০১১ সালের বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে পাকিস্তানের নাম কাটা গিয়েছিল। তবে এখন পিসিএলের উপদেষ্টা হিসেবে এই টি-টোয়েন্টি লিগে বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন লরগাত।২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি। টেস্ট পরিবারের বাইরের আফগানিস্তান ছাড়া কোনো দলই সেখানে ক্রিকেট খেলতে যায়নি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত পাকিস্তান সফর থেকে বিরত থেকেছে।এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক নিযুক্ত পিএসএল উপদেষ্টা হারুন লরগাত ফিকার এসব বক্তব্যকে পিএসএলের প্রতি কোনো ‘আক্রমণ’ হিসেবে দেখতে চান না। হারুন লরগাত বলেন, ‘ক্রিকেটারদের সংগঠনের বক্তব্য আমরা বুঝতে পারছি। কিন্তু সত্যিকার অর্থে পাকিস্তান নিরাপদই। অনেকে মনে করেন, পাকিস্তানে বিমানবন্দর থেকে বের হলেই বোধ হয় খেলোয়াড়দের ওপর গুলি করা হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানকার অবস্থা মোটেও সে রকম নয়।’ফিকার প্রধান নির্বাহী, সাবেক অসি স্পিনার টিম মে বলেছেন, বেশির ভাগ আন্তর্জাতিক খেলোয়াড়ই ফিকার উপদেশ মেনে পিএসএলে চুক্তিবদ্ধ হওয়া থেকে বিরত থাকছে। হারুন লরগাত টিম মে-র বক্তব্য খণ্ডন করে জানিয়েছেন, পিএসএলে খেলার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেটারদের আগ্রহ নাকি ‘ব্যাপক’।হারুন লরগাত অবশ্য একটি বিষয় স্বীকার না করে পারেননি, ফিকার এই বক্তব্য পিএসএলকে ক্ষতিগ্রস্ত করবে। লরগাত বলেন, ‘অবশ্যই ফিকার এ ধরনের কথাবার্তা আমাদের প্রস্তুতিকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করবে। তবে আমি মনে করি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটাররা আগ্রহ নিয়েই পিএসএলে খেলতে আসবেন।’