সেই লর্ডস, সেই বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২০০৫ সালের ২৬ মে। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ, ভেন্যু লর্ডস। ক্রিকেট-তীর্থের উত্তাপেই কি না ইংলিশ বোলারদের সামনে প্রথম দিনেই লুটিয়ে পড়ল হাবিবুল বাশারের দল। ১০৮ রানে অলআউট, দিনশেষে ইংল্যান্ড ১৮৮/১। ২০১০ সালের ২৭ মে। আবার ইংল্যান্ড, আবার লর্ডস। এবার আর প্রথম দিনেই অলআউট হয়ে যেতে হয়নি, কাল টসে জিতে অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন ইংল্যান্ডকে। মাত্র ৭ রানে প্রথম উইকেট হারালেও দিনশেষে স্কোরবোর্ড দেখাচ্ছে ইংল্যান্ড ৪ উইকেটে ৩৬২ রান।পাঁচ বছরের ব্যবধানে দুটি লর্ডস টেস্টের তুলনা টানার উদ্দেশ্য এই পাঁচ বছরে বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তনটা বোঝার চেষ্টা করা। তবে এটাও ঠিক, কেবল লর্ডস টেস্টের ফলাফলই দল হিসেবে বাংলাদেশের মানদণ্ড নয়। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ভালো খেললেও কি নিশ্চয়তা দেওয়া যাবে, এই ভালোটা ধরে রাখতে পারবে সাকিব আল হাসানের দল?২০০৫ সালে কার্ডিফের ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের ক্রিকেট সোনালি দিনের স্বপ্ন দেখিয়েছিল, যে সোনালি দিন পাঁচ বছরেও আসেনি। এই পাঁচ বছরে বাংলাদেশ অনেক ম্যাচে ভালো খেলেছে, অনেক ম্যাচ জিতেছেও। সাফল্য আছে ওয়ানডেতে ভারত, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের মতো দলকে হারানোর। কিন্তু এসব কিছু মিলেও যে বাংলাদেশ এখনো সেই ২০০৫ সালেই পড়ে আছে! বড় দলের বিপক্ষে জয়টা এখনো হঠাত্ আসা আলোর ঝলকানির মতো। এখনো বাংলাদেশ দলের টেস্ট মর্যাদা নিয়ে প্রশ্ন ওঠে। ২০১০ সালেও আন্তর্জাতিক ক্রিকেটে নবীন একটা দল হিসেবেই পরিচিত বাংলাদেশ, যে দলের গড় বয়স ২২ কি ২৩!বাংলাদেশের ক্রিকেট নিয়ে পরশু লন্ডনের এক বাংলা চ্যানেলে কথা বলছিলেন ইংল্যান্ডপ্রবাসী দুই বাংলাদেশি ডাক্তার। দূর থেকে দেখলেও তাঁদের পর্যবেক্ষণটা বেশ পরিষ্কার। বাংলাদেশের ক্রিকেটের এত দিনেও খুব বেশি এগোতে না পারার কারণ খুঁজতে গিয়ে দুই ডাক্তারই একমত—দলে অভিজ্ঞতার অভাব আছে। সাকিব আল হাসানের দলটার দিকে তাকালে তো সেটাই মনে হয় সবার আগে। পাঁচ বছর আগে ইংল্যান্ডে খেলে যাওয়া দলের মাত্র তিনজন প্রতিনিধিই আছেন এবারের দলে। বাকিদের মধ্যে অনেকেই হয়তো এখনো ক্রিকেট খেলেন, কিন্তু দু-একজন বাদ দিলে বেশির ভাগই জাতীয় দল থেকে দূরে।ইংল্যান্ডের সঙ্গে সব জায়গাতেই যোজন যোজন দূরত্ব বাংলাদেশের। আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে রাজনীতি—কোনো কিছুতেই বাংলাদেশ আর ইংল্যান্ড তুলনা করার মতো অবস্থায় নেই। শুধু ক্রিকেটে এই অভিজাতদের সমকক্ষ হয়ে যাওয়ার স্বপ্নটা তাই স্বপ্নবিলাসীরাই দেখতে পারেন। তবে যদি অন্যভাবে দেখেন, উন্নতির সম্ভাবনা তো আসলে এখানেই সবচেয়ে বেশি! প্রত্যাশিত সেই উন্নতিটা না হওয়ার দায় দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই। আজ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোই যেখানে কোমর সোজা করে দাঁড়াতে পারল না, সেখানে আন্তর্জাতিক সাফল্য আশা করাটাই অন্যায়। ক্রিকেটাররা মাঠে কেন পারেন না, সেটা নিয়ে আলোচনার আগে তাই এই প্রশ্নটারই উত্তর খোঁজা জরুরি, ক্রিকেটাররা কেন পারবেন?মাঠের ক্রিকেট একটা দেশের সামগ্রিক ক্রিকেট পরিস্থিতিরই মোড়ক আসলে। সেটা যত সুদৃশ্য হবে, বুঝতে হবে মোড়কের ভেতরের জিনিসটাও তত ভালো, উন্নত। বাংলাদেশের ক্রিকেটের এই মোড়ক উজ্জ্বল নয়, কারণ মোড়কের ভেতরটা খানাখন্দে ভরা, রংহীন। পাঁচ বছর পরও বাংলাদেশের ক্রিকেট কেন প্রত্যাশিত অগ্রগতি পায়নি, সে প্রশ্ন ক্রিকেটারদের না করে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরই করা ভালো। গত পাঁচ বছরে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বেশির ভাগ চেহারাই বদলে গেলেও বোর্ড কর্মকর্তাদের চেহারা তো ঘুরেফিরে একই!ক্রিকেটারদের বরং ধন্যবাদ, মাঝেমধ্যে হলেও তো তাঁরা আনন্দের উপলক্ষ এনে দিতে পারছেন দেশকে। লর্ডস টেস্টের প্রথম দিনটার কথাই ধরুন। খুব খুশি হওয়ার মতো কিছু না হলেও বোলারদের সৌজন্যে দিনটাতে তো বাংলাদেশেরও ভাগ থাকল! তার পরও ঘুণেধরা ক্রিকেট অবকাঠামোতে বেড়ে ওঠাদের সঙ্গে ঐতিহ্য আর আভিজাত্যের মিশেলে সুদৃশ্য ইংলিশদের তুলনা করে কেউ হতাশ হলে নিশ্চিতভাবেই তাঁর অবস্থান বাস্তবতা থেকে দূরে।