সেই লিভারপুলেই হোঁচট চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যামফোর্ড ব্রিজে শেষ তিনবারের লড়াইতেই চেলসিকে হারিয়েছিল লিভারপুল। এই মৌসুমে চেলসি আছে দারুণ ছন্দে, অন্যদিকে লিভারপুল যেন পথ হারানো পথিক। তবে তার পরও ‘লিভারপুল গেরোটা’ খুলতে পারল না চেলসি। গত রোববার নিজেদের মাঠে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। ম্যাচের শুরুটা অবশ্য অন্য রকম আভাসই দিচ্ছিল। চার ম্যাচ নিষেধাজ্ঞার পর আবার মাঠে ফেরেন চেলসি অধিনায়ক জন টেরি। ২০ মিনিটে চেলসিকে এগিয়েও দিয়েছিলেন তিনিই। কিন্তু এমন রাজসিক প্রত্যাবর্তনের পরও টেরি ম্যাচটাকে ভুলেই যেতে চাইবেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দশেক আগে সুয়ারেজকে আটকাতে গিয়ে চোট পান হাঁটুতে। এরপর তো স্ট্রেচারে করেই ছাড়তে হলো মাঠ। আর সেখান থেকেই বুঝি ম্যাচের ভাগ্যটাও চলতে লাগল উল্টো রথে। যাঁকে নিয়ে রবার্তো ডি মাত্তেওর ভয় ছিল, সেই লুইস সুয়ারেজ ঠিকই কাল হলেন চেলসির। সুসোর কর্নার থেকে ক্যারাঘারের ফ্লিক করা বলকে জালে পাঠিয়ে দিতে ভুল করেননি এই উরুগুইয়ান স্ট্রাইকার। পয়েন্ট হারানোর জন্য সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতাকেই ম্যাচ শেষে দুষলেন ডি মাত্তেও, ‘আমরা এখনো ভালো খেলছি। সুযোগও তৈরি করছি। কিন্তু আমাদের সুযোগগুলো কাজে লাগাতে আরও নির্ভুল হতে হবে।’ টেরির চোট কতটুকু গুরুতর সেটা অবশ্য এখনো বিস্তারিত জানাতে পারেননি, ‘চোটটা কেমন সেটা জানার জন্য আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনো ব্যথা আছে তার, আশা করছি গুরুতর কিছু নয়।’ সিরি ‘আ’তে এসি মিলান সান সিরোতে ফিওরেন্টিনার কাছে হেরে গেছে ৩-১ গোলে। আটলান্টার কাছে ৩-২ গোলে হেরে বসেছে মিলানের আরেক দল ইন্টারও। এই সুযোগে লিগের শীর্ষে এখন জাঁকিয়ে বসেছে জুভেন্টাস, ইন্টারের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চারে। রোম ডার্বিতে ১০ জনের রোমাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লাৎসিও। ফ্রেঞ্চ লিগে বর্তমান চ্যাম্পিয়ন মঁপেলিয়েরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারকাখচিত পিএসজি। এএফপি, রয়টার্স।