সেই লড়াইয়ের ৫০ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি লিস্টনের বিপক্ষে সেই জয়ের পর। কিংবদন্তি বক্সার আলীর টুইটার থেকে নেওয়া ছবি । ওয়েবসাইট
সনি লিস্টনের বিপক্ষে সেই জয়ের পর। কিংবদন্তি বক্সার আলীর টুইটার থেকে নেওয়া ছবি । ওয়েবসাইট

তারিখটা ছিল ২৫ ফেব্রুয়ারি। মায়ামি বিচের কনভেনশনাল হলের রিংয়ে প্রতিপক্ষ সনি লিস্টন।
বক্সিংয়ের দুনিয়ার যাঁর নাম ‘দানব লিস্টন’, কেউ বলেন ‘বড় ভালুক’। সামনে যে তরুণটি দাঁড়িয়ে ছিলেন, তিনি তখনো ক্যাসিয়াস ক্লে থেকে মোহাম্মদ আলী হননি। লড়াই শুরু হলো। পাঁচ দশক পরে এখন সেই লড়াইয়ের বর্ণনা দেওয়া কিংবা সেই দৃশ্যটা ফুটিয়ে তোলার সাধ্য খুব কম লোকেরই আছে। শুধু গল্পটা যাঁরা আগে শোনেননি তাঁদের জন্য ছোট্ট তথ্য—ক্লের কাছে সেদিন সপ্তম রাউন্ডেই ধরাশায়ী হয়েছিলেন লিস্টন। হলরুমে বিশাল সমাবেশে হঠাৎ চিৎকার দিলেন বক্সিংয়ের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন, ‘আই অ্যাম দ্য গ্রেটেস্ট’। পরদিন নতুন চ্যাম্পিয়ন ঘোষণা দিলেন, বর্ণবিদ্বেষের প্রতিবাদে নাম পাল্টে নাম নিয়েছেন মোহাম্মদ আলী। শুরু হলো মোহাম্মদ আলী যুগের।
বক্সিংয়ের ইতিহাসকে পালটে দেওয়া সেই লড়াইয়ের পঞ্চাশ বছরের পূর্তির দিনেই টুইটারে সেই লড়াইয়ের একটা ছবি দিয়েছেন আলী নিজে। তবে পঞ্চাশ বছর আগে লিস্টনকে বধ করা ২২ বছরের ক্লে থেকে কিংবদন্তি মোহাম্মদ আলী হয়ে ওঠাটা শুধু মুষ্টির জোরে নয়। শ্বেতাঙ্গদের বর্ণবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছেন, রুখে দাঁড়িয়েছেন যেকোনো অন্যায়ের বিরুদ্ধে। এমনকি ভিয়েতনাম যুদ্ধে যেতে অস্বীকৃতি জানানোয় সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞাও পেতে হয়েছিল তাঁকে। কিন্তু দমানো যায়নি আলীকে।
অসাধারণ সেই জীবনের গল্প সবাইকে জানানোর উদ্যোগ নিয়েছে আলীর নিজের শহর কেন্টাকিতে প্রতিষ্ঠিত দ্য মোহাম্মদ আলী সেন্টার। পঞ্চাশ বছর পূর্তির দিনে সংস্থাটি ঘোষণা দিয়েছে নিজেদের টুইটারে অ্যাকাউন্টে প্রতিদিন একটি করে আলীর উক্তি প্রকাশ করার। পাশাপাশি আলীভক্তরা পাবেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ কিংবা ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’র মতো আলীর স্মরণীয় লড়াইগুলোর ভিডিও। জানতে পারবেন, বক্সিংয়ের বাইরে একজন মানবতাবাদী হিসেবে ভাবমূর্তি এখনো কতটা উজ্জ্বল আলীর। পারকিনসন্স রোগে আক্রান্ত হয়ে গতি, শক্তি হারিয়েছেন ঠিকই। কিন্তু সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ তিনি ছিলেন, আছেন, থাকবেন সব সময়। ওয়েবসাইট।