সেই শফিউলই জয়ের নায়ক
ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বীরেন্দর শেবাগের সামনে অসহায় ছিলেন শফিউল ইসলাম। ৭ ওভারে ৬৯ রানের বিনিময়ে তাঁর সাফল্য ছিল কেবল ১টি উইকেট। সেদিন নতুন বলকে ঠিকভাবে ব্যবহার করতে না পারার দায়টা এই শফিউলের কাঁধেই বর্তেছিল সবচেয়ে বেশি। ইনজুরির কারণে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলাটাও ছিল অনিশ্চয়তার চাদরে মোড়া। সব বাধা পেরিয়ে শফিউল খেললেন ম্যাচটা এবং দিনের শেষে তিনিই বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় নায়ক।আয়ারল্যান্ডের বিপক্ষে ২০৫ রানে ইনিংস গুটিয়ে যাওয়ায় অনেকে স্পিনারদের দিকেই তাকিয়ে ছিলেন। কিন্তু বাজিটা কিন্তু মেরে দিলেন একজন পেসারই। দারুণ শৃঙ্খলার সঙ্গে, নিজের সীমাবদ্ধতার মধ্যে বোলিং করে চারটি উইকেট নিয়ে আইরিশদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালেন শফিউল ইসলাম।শফিউলের প্রথম স্পেলটা তেমন আশা জাগানিয়া ছিল না। ১ ওভার বল করিয়েই তাঁকে আক্রমণ থেকে সরিয়ে নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ৩৭ রান নিয়ে উইকেটে জমে বসা কেভিন ও’ব্রায়েনকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন। এই উইকেটের জন্য শফিউল অভিনন্দিত করতে পারেন দ্বাদশ ব্যক্তি সোহরাওয়ার্দীকে। এর পরই যেন আয়ারল্যান্ডের ওপর দ্বিগুণ উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন শফিউল। বোল্ড করলেন আন্দ্রে বোথাকে। এরপর দারুণ এক ইনকার্টারে জনস্টনকে এলবি করে বাংলাদেশের জয়কে নিয়ে আসেন হাতের একেবারে নাগালে। তাঁর বলই র্যাংকিন মিড উইকেটে জুনায়েদ সিদ্দিকীর দুর্দান্ত ক্যাচে পরিণত হলে ২৭ রানের এক ‘হাপ ছেড়ে বাঁচা’ জয়ে পুরো দেশ নেচে ওঠে আনন্দে।ম্যাচ শেষে ৪৪ রান এবং চমত্কার এক ক্যাচ নিয়ে ম্যান অব দ্য ম্যাচ তামিম ইকবাল। কিন্তু বাংলাদেশের পক্ষে আজকের ম্যাচের সত্যিকারের হিরো কিন্তু সেই শফিউলই। অভিনন্দন শফিউল!