সেই শ্রীনিবাসনই পুনর্নির্বাচিত
বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্বাচন হয়ে গেল। গতকাল চেন্নাইয়ে হয়ে গেল বিসিসিআইয়ের ৮৪তম বার্ষিক সাধারণ সভা। সেখানেই যাঁকে নিয়ে মাস পাঁচেক ধরে এত তোলপাড়, সেই এন শ্রীনিবাসনই তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন!
বোর্ডের সভাপতি হয়েও গত জুন থেকে নিজের দায়িত্ব পালন করতে পারছেন না শ্রীনিবাসন। আইপিএলের ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় জড়িয়ে গেছে চেন্নাই সুপার কিংসের প্রধান পরিচালন কর্তা গুরুনাথ মায়াপ্পানের নাম। যিনি শ্রীনিবাসনের জামাতা। শুধু তাই নয়, চেন্নাই সুপার কিংসের মালিক শ্রীনিবাসনেরই ব্যবসাপ্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্ট। ফিক্সিং তদন্তে হস্তক্ষেপ-অস্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্নের পিঠে গত জুনে সাময়িকভাবে সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন শ্রীনিবাসন। তাঁর অনুপস্থিতিতে অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব পালন করছেন জাগমোহন ডালমিয়া। ভারতের সুপ্রিম কোর্টেরও নির্দেশনা আছে শ্রীনিবাসনকে সাময়িকভাবে সভাপতির দায়িত্ব পালন করা থেকে দূরে রাখার। সব মিলিয়ে বিরোধী পক্ষরা চেয়েছিল সভাপতি হিসেবে শ্রীনিবাসনের জায়গায় অন্য কাউকে বসাবেন। কিন্তু কালকের সভায় সভাপতি পদে শ্রীনিবাসনের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিলেন না। অবশ্য পুনর্নির্বাচিত হলেও শ্রীনিবাসন সুপ্রিম কোর্টের নির্দেশ না পাওয়া পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতির চেয়ারে বসতে পারছেন না।
শুধু সভাপতি পদ নিয়েই নয়, রাজনীতির খেলা হয়েছে সব পদেই। দীর্ঘ বিতর্কের পর আইপিএলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান রঞ্জীব বিসওয়াল, ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সফল ম্যানেজার। পরশু রাতে আইপিএলের চেয়ারম্যান পদে প্রার্থী হন বোর্ডের অন্তর্বর্তী সভাপতি জাগমোহন ডালমিয়াও।
ভবিষ্যৎ সফর কর্মসূচি কমিটির প্রধান হিসেবে এক রাজনীতিকের জায়গা নিয়েছেন আরেক রাজনীতিক। অরুণ জেটলির স্থলাভিষিক্ত হয়েছেন রাজীব শুক্লা, নবনির্বাচিত তিন সহসভাপতিরও একজন তিনি। বোর্ড সচিব ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে সঞ্জয় প্যাটেল ও অনিরুদ্ধ চৌধুরী। শ্রীনিবাসনের বিরুদ্ধে আইপিএলের ফিক্সিং কেলেঙ্কারির তদন্তে হস্তক্ষেপের অভিযোগ এনে সঞ্জয় জাগদালে ও অজয় শিরকে গত জুনে পদত্যাগ করায় এই দুটি পদ এত দিন শূন্য ছিল। ক্রিকইনফো ও ওয়েবসাইট।