সেই সকার সিটিতে স্পেনের হার
সেই সকার সিটি স্টেডিয়াম। সেই স্পেন। ২০১০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনল আরও একটা দৃশ্য। স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসের হাতে একটা বিশ্বকাপ ট্রফি তুলে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। কিন্তু আসল গল্পটাই লেখা হলো উল্টো করে। সাড়ে তিন বছর আগে যেখানে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় গৌরবগাথা লিখেছিল স্পেন, পরশু সেই মাঠে তারাই বড় এক অঘটনের শিকার। র্যাঙ্কিংয়ের এক নম্বর দল স্পেন হেরে গেছে ৬১ নম্বরের দল দক্ষিণ আফ্রিকার কাছে (১-০)। দক্ষিণ আফ্রিকার অবিস্মরণীয় জয়ের নায়ক মিডফিল্ডার বার্নার্ড পার্কার।

স্পেন হারলেও ব্রাজিল যথারীতি উড়ছে। রবিনহোর গোলে টরন্টোতে লুইস ফেলিপে স্কলারির দল ২-১ গোলে হারিয়েছে চিলিকে। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে পার মার্টেসেকারের গোলে হারিয়েছে জার্মানি (১-০)। ২০১০ বিশ্বকাপে সেই ৪-১ গোলের হারের পর জার্মানির সঙ্গে এটাই ছিল ইংল্যান্ডের প্রথম সাক্ষাত্। আমস্টারডামে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে হল্যান্ড।
সকার সিটিতে ভুভুজেলার কানফাটা আওয়াজে এমনিতেই টেকা ছিল দায়! ৫৬ মিনিটে সেটাকে আরও গগনবিদারী করে তোলেন বার্নার্ড। শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ কয়েকবারই পেয়েছে স্পেন। কিন্তু ভাগ্যদেবী যে দক্ষিণ আফ্রিকার রূপকথা লিখবেন বলেই ঠিক করে রেখেছিলেন! দক্ষিণ আফ্রিকানরা কতটা উচ্ছ্বসিত, কোচ গর্ডন ইজেসুন্ডের কথাতেই স্পষ্ট, ‘এটা অসাধারণ ফল।
আমরা ২০১৪ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর সমর্থকদের জন্য এ রকম একটা জয়ের দরকার ছিল।’ স্পেন কোচ দেল বস্কও হারের কোনো অজুহাত দাঁড় করাননি, ‘হারটা আমাদের প্রাপ্য ছিল।’
টরন্টোতে ব্রাজিলকে ১৪ মিনিটে এগিয়ে দেন হাল্ক। ৭১ মিনিটে গোলটা শোধ করেন এডুয়ার্ডো ভারগাস। ব্রাজিলকে শেষে জয়ের আনন্দে ভাসান রবিনহো। গোল না পেলেও আলো ছড়িয়েছেন নেইমার। এএফপি।