সেই সময় ও এই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রাজ্জাকের সেই দিনটির কথা এখনো মনে পড়ে। বাংলাদেশ দলে ঢুকেছেন বেশি দিন হয়নি। বড় কোন একটা দলের সঙ্গে ম্যাচের আগে ‘ম্যাচটা জিততে চাই’ বলায় দলের সিনিয়র এক খেলোয়াড় এমনভাবে তাকিয়েছিলেন, যে দৃষ্টিতে রাজ্জাকের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ছিল। রাজ্জাক স্বাভাবিকভাবেই সেই সিনিয়র খেলোয়াড়ের নামটা বলতে চাইলেন না। বললেও কিছু আসত যেত না। তখন সময়টাই ছিল ও রকম। ম্যাচের পর ম্যাচ বাংলাদেশ মাঠে নামত পরাজয় মেনে নিয়েই। প্রতি ম্যাচের আগে অধিনায়ক বলতেন, ‘আমরা জেতার জন্যই খেলব।’ বলতেন এবং কেউ বিশ্বাস করত না। হয়তো অধিনায়ক নিজেও না।আর এখন? ধরুন, আগামীকাল বিশ্ব একাদশের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে। জয়ের আশা করেন কিনা—নাসির হোসেনকে যদি জিজ্ঞেস করেন, নির্ঘাত তিনি ‘এটা কোনো প্রশ্ন হলো’ ভঙ্গিতে অবাক হয়ে তাকাবেন। একটু ঠোঁটকাটা স্বভাবের বলে মুখের ওপর ‘জয়ের আশা না করলে খেলছি কেন’ জাতীয় কিছু বলেও দিতে পারেন।আবদুর রাজ্জাক ও নাসির হোসেনকে মেলানোর কারণ আছে। একটা কারণ তো অনুমান করতেই পারছেন। গত পরশু শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে প্রথম হারানোর গৌরবে সবচেয়ে জ্বলজ্বলে এই দুজন। তার চেয়েও বড় কারণ, এই বাঁহাতি স্পিনার ও ব্যাটিং অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটে দুটি ভিন্ন প্রজন্মের প্রতিনিধি।২০০৪ সালে রাজ্জাকের যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, সর্বশেষ ৫৩টি ওয়ানডেতে বাংলাদেশের মাত্র একটি জয়। মোট ৮৮টি ওয়ানডেতে জয় ৪টি, যার দুটি আবার কেনিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। রাজ্জাকের ওই সময়টার কথা খুব ভালো মনে আছে, ‘আমি যখন শুরু করি, তখন ১৮০-২০০ করতে পারলেই আমরা খুব খুশি থাকতাম। এরপর বোলিংয়ের সময় ওদের ৪০-৪৫ ওভার খেলাতে পারলে তো আর কথাই নেই। জিততে পারি, এই বিশ্বাসটাই আমাদের মনে ছিল না।’‘সেই সময়’ আর ‘এই সময়’-এর পার্থক্যটা রাজ্জাক খুব ভালো বুঝিয়ে বলতে পারেন। এই দীর্ঘ পথযাত্রার যে পথিক তিনি। বাংলাদেশ এখন পর্যন্ত যে ২৭০টি ওয়ানডে খেলেছে, তার ১৪১টিতেই ছিলেন। হার মেনে নিয়েই মাঠে নামার সেই দিনগুলো থেকে ‘আমরাও জিততে পারি’ বিশ্বাসে উত্তরণের সময়টাও মনে পড়ে তাঁর। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ। ‘ওই বিশ্বকাপে আমাদের সঙ্গে খেলার সময় সব দলই বড় কোনো দলের সঙ্গে যেভাবে খেলত, সেভাবে খেলেছে। আমাদের মধ্যে বিশ্বাসটাও আসতে শুরু করেছে সেই সময় থেকেই।’ রাজ্জাকের মনে জয়ের ক্ষুধাটা সব সময়ই ছিল, সেটিকে আরও তীব্র করে তোলায় ডেভ হোয়াটমোরের ভূমিকার কথা স্মরণ করেন কৃতজ্ঞচিত্তে।রাজ্জাক এখন গর্ব করে বলতে পারেন, ‘এখন বিশ্বে কোনো দল নেই, যাদের ওয়ানডেতে হারাতে পারব না। কোনো দল বলতে পারবে না, আমরা সিরিজটা ৩-০ জিতব।’ পরাজয়ের মিছিল থেকে বেরিয়ে জয়টাকে অনেকটাই নিয়মিত ব্যাপারে পরিণত করায় রাজ্জাকেরও বড় ভূমিকা। যে ৫৮টি ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছেন, তাতে তাঁর বোলিং গড় ১৫.৫২। ক্যারিয়ার গড় যেখানে ২৭.৪৬। ৪ বা এর বেশি উইকেট নিয়েছেন যে নয়বার, তার মধ্যে মাত্র একবারই জিততে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানোর পর অধিনায়ক মুশফিকুর রহিম তাই অকুণ্ঠ প্রশংসায় ভাসালেন রাজ্জাককে, ‘উনি শুরুতে বোলিং করেন, আবার শেষেও করেন। এমন বোলার অন্য কোনো দলে আপনি খুঁজে পাবেন না।’প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চেয়ে রাজ্জাকের বড় লড়াই ছিল পরাজিত মানসিকতা থেকে বেরোনো। নাসির হোসেনদের যে লড়াইটা লড়তে হয়নি। অভিষেকের আগেই বাংলাদেশের সব বড় দলকে হারানো সারা। ওরা তাই ভয়ডরহীন বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিনিধি। রাজ্জাক পার্থক্যটা খুব ভালো বুঝতে পারেন, ‘ওরা টিম জিতছে এটা দেখতে দেখতে বড় হয়েছে। ওদের মনমানসিকতা তাই অন্য রকম।’নাসির হোসেন এর মধ্যেও আলাদা। বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে নামার দিনটি থেকেই আন্তর্জাতিক ক্রিকেট তাঁর কাছে নির্ভেজাল উপভোগের আরেক নাম ছাড়া আর কিছু নয়। ২২টি ওয়ানডে খেলে ৯টিতেই জয়ের স্বাদ পেয়েছেন। যার বেশ কটিতে তাঁর বড় ভূমিকা। ‘ফিনিশার’ হিসেবে একটা নামও হয়ে গেছে। এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে সেটির পরিচয় ছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও। অপরাজিত ৩৩ রানের ওই ইনিংসটি না খেললে শ্রীলঙ্কাতেও তো নতুন ইতিহাস গড়া হয় না। বাংলাদেশের ক্রিকেটে রীতিমতো ব্যতিক্রম হয়ে আবির্ভূত এই তরুণ অবলীলায় বলতে পারেন, পরিস্থিতি যত কঠিন, ততই নাকি মজা! কাল যেমন বললেন, ‘আমি যে জায়গাটায় ব্যাটিং করি, সেখানে ব্যাটিং করা খুব সহজ নয়। তবে বাইরে থেকে আপনাদের কাছে যতটা কঠিন লাগে, আমার কাছে তা লাগে না।’প্রথম ওয়ানডেতে ৫৯ বলে অপরাজিত ৭৩ রানের দুর্দান্ত ইনিংসটি খেলার পরদিন এ নিয়ে আলোচনাই করতে চাইলেন না, ‘এই ৭৩-এর কোনো মূল্য নেই। আমি যদি ৫-৬ রানও করতাম আর দল জিতত, তাহলে আরও বেশি ভালো লাগত।’ মুশফিকুর রহিমও নাসিরের এই মানসিকতায় মুগ্ধ, ‘অন্য রকম মাপের একটা প্লেয়ারের লক্ষণ দেখা যাচ্ছে ওর মধ্যে। টিমের যখন প্রয়োজন, তখনই ও রান করে।’ নাসিরের জন্য তাই আকাশকে সীমানা মনে হচ্ছে মুশফিকের, ‘আমার তো মনে হয়, টেস্ট-ওয়ানডেতে বাংলাদেশের যত ব্যাটিং রেকর্ড আছে, এক দিন সব ওর হবে।’শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ে রাজ্জাক-নাসির যে সবচেয়ে বেশি উজ্জ্বল, এটিরও বোধ হয় বাড়তি একটা তাত্পর্য আছে। একজন বাংলাদেশ ক্রিকেটের সেই সময়কে এই সময়ে মিলিয়েছেন। আরেকজনকে বলতে পারেন এই সময়ের প্রতীক।