সেই সিউলে কলঙ্কিত নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঙুল উঁচিয়ে সেই পরিচিত উদ্যাপন! সিউলের এই ট্র্যাকে ২৫ বছর আগে যে উদ্যাপনে মেতেছিলেন ইতিহাস গড়ে। ডোপ কলঙ্কে পরে সিউল ছেড়েছিলেন চুপি চুপি। বেন জনসন কাল আবার ফিরলেন সেই ট্র্যাকে, এবার রেখে দেওয়া হলো তাঁর পায়ের ছাপ  এএফপি
আঙুল উঁচিয়ে সেই পরিচিত উদ্যাপন! সিউলের এই ট্র্যাকে ২৫ বছর আগে যে উদ্যাপনে মেতেছিলেন ইতিহাস গড়ে। ডোপ কলঙ্কে পরে সিউল ছেড়েছিলেন চুপি চুপি। বেন জনসন কাল আবার ফিরলেন সেই ট্র্যাকে, এবার রেখে দেওয়া হলো তাঁর পায়ের ছাপ এএফপি

আবার দাঁড়ালেন তিনি সেই ট্র্যাকে। চকিতে কি ফিরে গেলেন ২৫ বছর আগের এই দিনটায়?
সর্বশেষ এই ট্র্যাকে পা রেখেছিলেন ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর। বেলা দেড়টায়। সিউল অলিম্পিক স্টেডিয়ামের টইটম্বুর গ্যালারি তখন গর্জে উঠছিল ক্ষণে ক্ষণে। ছবি তোলার ভালো একটা জায়গা পেতে ভোর ছয়টা থেকে বসে ছিলেন আলোকচিত্রীরা। টিভির পর্দায় চোখ শত কোটি মানুষের। তিনি দাঁড়ালেন ৬ নম্বর লেনে। স্টার্টিং পিস্তলের আওয়াজ বেরোতেই ছুটলেন গুলির বেগে। পরবর্তী ৯.৭৯ সেকেন্ডে এমন কিছু হয়ে গেল, এই ধরণীতে যা আগে কেউ কখনো দেখেনি। সেই প্রথম ৯.৮০ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড় শেষ করলেন কেউ। বেন জনসন তখন ইতিহাস গড়ার নায়ক, ভেঙে দিয়েছেন আগের বছরই বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া নিজের বিশ্ব রেকর্ড। তখনো পর্যন্ত ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াইয়ে হেরে গেলেন কিংবদন্তি কার্ল লুইস।
এসব প্রায় সবারই জানা। জানা পরের ইতিহাসটাও। আনন্দ স্বর্গে জনসনের স্থায়িত্ব ছিল ৪৮ ঘণ্টার কিছু বেশি সময়। ২৭ সেপ্টেম্বর ভোররাত নাগাদ চাউর হয়ে যায় ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন জনসন। ওই দিনই পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানায়, অ্যানাবলিক স্টেরয়েড স্ট্যানোজোলল নেওয়ায় কেড়ে নেওয়া হয়েছে জনসনের পদক, মুছে ফেলা হয়েছে রেকর্ড। সিউলের সবচেয়ে অভিজাত হোটেল দ্য শিলায় যখন হাজার খানেক সাংবাদিক হাপিত্যেশ করছেন একটি ‘কোটের’ জন্য, জনসন তখন কানাডার বিমানে! যেটিকে বলা হচ্ছিল ‘রেস অব দ্য সেঞ্চুরি’, জনসন-কলঙ্কে সেটিই পরিচিতি পেয়ে যায় ‘ডার্টিয়েস্ট রেস ইন দ্য হিস্ট্রি’। অ্যাথলেটিকসের ইতিহাসে ২৪ সেপ্টেম্বর দিনটির পরিচয় ‘কালো দিন’।
এমনিতে সিউল তাঁকে তাড়া করে ফেরে প্রতিদিন। প্রতিবছর এই দিনটায় নিশ্চয়ই আরও বেশি করে ফিরে যান সিউলে। তবে সেই কালো দিন আর কুৎসিততম দৌড়ের রজতজয়ন্তীতে আক্ষরিক অর্থেই ফিরে গেলেন সিউলের সেই ট্র্যাকে। সেই ডোপপাপী কলঙ্কিত নায়কই এখন বিশ্বজুড়ে ড্রাগবিরোধী প্রচারণা চালিয়ে বেড়াচ্ছেন ‘চুজ দ্য রাইট ট্র্যাক’ ক্যাম্পেইনের হয়ে। তবে পুরো বিশ্ব যেভাবেই দেখুক, ওই লড়াই, সেই দিনটি ঠিকই আলাদা জায়গা নিয়ে আছে জনসনের হূদয়ে, ‘এখানে ফিরতে পেরে ভালো লাগছে। এটিই সেই জায়গা, যেখানে গড়া হয়েছিল ইতিহাস। কেউ হয়তো বলতে পারে বাজে ইতিহাস, কিন্তু আমি তা সেভাবে দেখি না।’
ডোপ টেস্টে ধরা পড়ার পর জনসন স্বীকার করেছিলেন দীর্ঘদিন ধরে স্টেরয়েড নেওয়ার কথা। ১৯৮৯ সালে রেকর্ড বই থেকে মুছে ফেলা হয় জনসনের গড়া আগের বিশ্ব রেকর্ডটিও। তবে অলিম্পিকের ওই দৌড়ের জন্য ডোপ নেওয়ার কথা স্বীকার করেননি কখনোই। বারবার বলেছেন ষড়যন্ত্র করে পানীয়র সঙ্গে স্ট্যানোজোলল মিশিয়ে দেওয়ার কথা। কালও উগরে দিলেন পুরোনো ক্ষোভ, ‘আমাকে শূলে চড়ানো হয়েছিল এবং ২৫ বছর পরও আমাকে শাস্তি পেতে হচ্ছে। খুনি ও ধর্ষকদের জেলে পাঠানো হয়, কিন্তু একদিন তারা ছাড়া পায়। আমি জানি, আমি ভুল করেছিলাম। জানি, নিয়ম তো নিয়মই। তবে নিয়ম সবার জন্যই সমান হওয়া উচিত। কিন্তু খেলাধুলায় সব সময়ই বড় ভূমিকা রাখে রাজনীতি।’
‘ভুল করেছি’ কথা থেকেই স্পষ্ট, এই ৫১ বছর বয়সে এসে কিছুটা হলেও আক্ষেপ বাসা বেঁধেছে মনে। সেটা স্বীকারও করলেন। তবে আক্ষেপ নিয়েও আবার পড়ে থাকতে চান না, ‘অবশ্যই আমি অনুতপ্ত, অনুশোচনা হয়। কিন্তু এটাই আমার জীবনের সবচেয়ে বড় ইস্যু নয়। ওটা আমি মেনে নিয়েছি এবং তাকিয়েছি সামনে। অতীতে পড়ে থাকার কোনো মানে নেই। তবে আমি এখনো বিশ্বাস করি, কোনো ড্রাগ ছাড়াই আমি ওই অলিম্পিক শিরোপা জিততে পারতাম।’
শেষ কথাটায় যেন বেরিয়ে এল সেই পুরোনো বারুদ! এএফপি।