সেই সিদ্দিকুর রিও অলিম্পিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>রিও ডি জেনিরো অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি সাত খেলোয়াড়। ৫ আগস্ট শুরু বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে এই ধারাবাহিক প্রতিবেদন। আজ শেষ পর্বে থাকছেন গলফার সিদ্দিকুর রহমান

কুর্মিটোলা গলফ কোর্স থেকে টি-অফ করলেন। সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে শটটি গিয়ে পড়ল ‘ক্রাইস্ট দ্য রিডিমারের’ গোড়ায়। সিদ্দিকুর রহমানের জন্য এ ছিল সুদূরতম কল্পনা।

সত্যিই রিও ডি জেনিরোর বিখ্যাত যিশুখ্রিষ্টের মূর্তির পাশে খেলবেন বাংলাদেশের গলফার। স্বপ্নটা সত্যি হয়ে ধরা দেবে এবারের অলিম্পিকে।

অলিম্পিকের বড় মঞ্চে আলো নিজের দিকে কেড়ে নিতে পারবেন সিদ্দিকুর? l ফাইল ছবি
অলিম্পিকের বড় মঞ্চে আলো নিজের দিকে কেড়ে নিতে পারবেন সিদ্দিকুর? l ফাইল ছবি

প্রায় ১১২ বছর পর অলিম্পিকে ফিরেছে গলফ। আর সেই ফেরার লগ্নে নিজেকে রাঙিয়ে তোলার অপেক্ষায় সিদ্দিকুর। গলফের পেশাদার দুনিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন। এশিয়ান ট্যুর জিতেছেন, খেলেছেন বিশ্বকাপে। ইউরেশিয়া কাপে পিছিয়ে পড়েও এশিয়া সেবার ইউরোপের সঙ্গে টাই করেছিল সিদ্দিকুরের দুর্দান্ত পারফরম্যান্সেই। সেই সিদ্দিকুর বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ামঞ্চে খেলার অপেক্ষায়। কীর্তিটা তাঁর কাছে আরও বড় হয়ে ওঠে যখন বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি।
‘নিজের ওপর বিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়’—কথাটা সিদ্দিকুর প্রায়ই বলেন। সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। দুমুঠো ভাতের জন্য ছোটবেলা থেকেই দেখেছেন বাবা আফজাল হোসেনের লড়াই। সেই মাদারীপুর থেকে আশির দশকে রাজধানীতে এসে ঢাকা সেনানিবাসের অদূরে ধামালকোট বস্তিতে উঠেছিল সিদ্দিকুরের পরিবার। বাবা কখনো অটোরিকশা চালিয়েছেন, কখনো ট্যাক্সি।
পড়ার খরচ জোগাতে এবং সংসারে সামান্য সাহায্যের আশায় ১৯৯১ সালে একদিন সিদ্দিকুর কাজের খোঁজে গিয়েছিলেন কুর্মিটোলা গলফ কোর্সে। কাজ জুটেছিল। বলবয়। সমাজের অভিজাত মানুষদের সময় কাটানো শৌখিন গলফারদের বলগুলো কুড়িয়ে আনতেন ছোট্ট সিদ্দিকুর। যেন বল কুড়াতেন না, স্বপ্ন কুড়াতেন। সিদ্দিকুরের ভাষায়, ‘স্যারদের খেলা দেখতে দেখতেই একসময় গলফের প্রেমে পড়ে যাই।’ ভাগ্যিস সেদিন গলফকে ভালোবেসেছিলেন, না হলে কে জানত বাংলাদেশের ক্রীড়াঙ্গন এমন গৌরবগাথার জন্য অপেক্ষায় থাকত আরও কত দিন!
অবসরে সিদ্দিকুর বলবয়দের সঙ্গে গলফ খেলতেন। তত দিনে পার, বগি, বার্ডি, ইগল মুখস্থ। কিছুদিন বাদে ‘প্রমোশন’ পেয়ে ক্যাডি। সপ্তাহে একদিন অনুশীলনের সময় পেতেন। লুকিয়েও অনুশীলন চলত। খেলতে যেতেন ঢাকার বাইরে। সিদ্দিকুর নিজেকে মেলে ধরার সুযোগ পান ১৯৯৯ সালে। সেবার কুর্মিটোলা ক্লাব প্রতিভাবান গলফার বাছাই করে। ১৫০ জনের মধ্যে প্রথম হন সিদ্দিকুর। আট বছর জাতীয় দলের হয়ে খেলেও সেই আর্থিক অনিশ্চয়তা থেকেই যায়। এরপর নাম লেখান পেশাদার গলফে। প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) খেলে টানা দুই বছরে চারটি শিরোপা জিতলেন। এশিয়ান ট্যুরের বাছাইয়ে অংশ নিয়ে টিকে গেলেন। কিন্তু এশিয়ান ট্যুরের এন্ট্রি ফি-ই অনেক। কষ্টেসৃষ্টে টাকা জোগাড় করলেও শুরুতে পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল না। কিছুদিনের মধ্যেই সিদ্দিকুরের জমানো টাকা শেষ। ওই দুঃসময়ের কথা মোটেও ভোলেননি সিদ্দিকুর, ‘প্রথম খুব খারাপ লাগত। তবে টাকাপয়সার টানাপোড়েনের পরও আশা ছাড়িনি। কুর্মিটোলা গলফ ক্লাব থেকে তিনটি টুর্নামেন্ট খেলতে একটা রাউন্ডট্রিপ টিকিট দেওয়া হয়। সেখানে খেলে ভালো প্রাইজমানি পাই। ক্যারিয়ারের মোড় ঘুরে যায় তখন।’ ২০১০ এশিয়ান ট্যুরে নিজের প্রথম শিরোপা ব্রুনাই ওপেন জেতার পর আর পেছনে তাকাতে হয়নি।
এরপর জেতেন হিরো ইন্ডিয়ান ওপেন। অলিম্পিকের স্বপ্নটা সিদ্দিকুর দেখতে শুরু করেন গত মে মাসে আফ্রো-এশিয়া ব্যাংক মরিশাস ওপেনে রানারআপ হওয়ার পর। বিশ্ব গলফ র্যা ঙ্কিংয়ে ৫৬তম স্থানে থাকা সিদ্দিকুরের ভাবনাজুড়ে শুধুই অলিম্পিক, ‘খবরটা শোনার পর রোমাঞ্চে শরীরটা শিউরে উঠেছিল। অতীতে এত টুর্নামেন্ট জিতেছি কিন্তু এমন আনন্দ পাইনি।’
পেশাদার ট্যুর মানেই ডলারের হাতছানি। অনেক বড় গলফার এটি উপেক্ষা করতে পারেননি। জিকা ভাইরাসের অজুহাতে এড়িয়ে গেছেন রিও অলিম্পিক। কিন্তু সিদ্দিকুরের কাছে টাকাই সব না, ‘অলিম্পিকে দেশের পতাকা বহন করা সবকিছুর ঊর্ধ্বে। এখানকার সম্মানটাই একজন অ্যাথলেটের সারা জীবনের বড় অর্জন।’ উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে সিদ্দিকুরের হাতেই থাকবে বাংলাদেশের পতাকা।
শৈশবে কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ সিদ্দিকুরকে যে দিগন্ত দেখিয়েছিল, সেই পথে হেঁটেই পৌঁছে গেছেন রিওর বারা ডা টিজুসার অলিম্পিক কোর্সে।

সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

সিদ্দিকুর রহমান
গলফার
জন্ম
২০ নভেম্বর ১৯৮৪
জন্মস্থান
মাদারীপুর
সাফল্য
এশিয়ান ট্যুর—ব্রুনাই ওপেন, হিরো ইন্ডিয়ান ওপেন; এশিয়ান ডেভ. ট্যুর—গ্রামীণফোন বাংলাদেশ মাস্টার্স; পিজিটিআই—প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ, হরিয়ানা ওপেন, বেঙ্গালুরু ওপেন, বাংলাদেশ ওপেন