সেই সিলেটই দুর্বার
বড় দেরিতে জ্বলে উঠল সিলেট রয়্যালস। আগের ম্যাচে দুরন্ত রাজশাহীকে ৯ উইকেটে হারানোর পর কাল চিটাগং কিংসও তাদের কাছে হেরে গেল ৩৫ রানে।প্রথম সাত ম্যাচে হারার পর সিলেটের জন্য এসব জয় শুধুই সান্ত্বনার। তবে তারা ধন্যবাদ পেতে পারে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও দুরন্ত রাজশাহীর। কাল জিতলেই যে পয়েন্ট তালিকায় এই দুই দলকে ছাড়িয়ে যেত চিটাগং কিংস, নিশ্চিত করে ফেলত সেমিফাইনাল! ঢাকার মতো তাদেরও এখন ৯ ম্যাচে ১০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে রাজশাহীর পয়েন্টও তাই।চিটাগং কিংসের ব্যাটিং তিন-চার ম্যাচ ধরেই ভালো হচ্ছে না। কালও সেই ধারাবাহিকতা ধরে রেখে ৫৮ রানে হারাল ৫ উইকেট। সিলেটের ১৬৫ রান টপকানো কঠিন হয়ে যেতে থাকে তখন থেকেই। ষষ্ঠ উইকেটে অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে জিয়াউর রহমানের ৫৫ রানের জুটির পর আবারও বিপর্যয়। মাত্র ১০ রানের ব্যবধানে পড়েছে পরের ৩ উইকেট এবং এই ধাক্কায় ম্যাচই শেষ।সিলেট রয়্যালসের মতোই দুর্দান্ত ফর্মে তাদের ওপেনার কামরান আকমল। কামরানের ফিফটির সঙ্গে কাল যোগ হয়েছে পিটার ট্রেগোর ৫৩ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংসটিও। ওপেনিং জুটিতে তাঁদের ৯৭ রানই লড়াই করার মতো রানের দিকে এগিয়ে দেয় সিলেট রয়্যালসকে। তৃতীয় উইকেটে ট্রেগো-স্টাইরিস মিলে করেছেন আরও ৪৪।৩৭ বলে ৫৩ রান করে টুর্নামেন্টে এখন দ্বিতীয় সর্বোচ্চ রান আকমলের (২৯৮)। ৩০২ রান করে তাঁর ওপরে আছেন তাঁরই স্বদেশি বরিশাল বার্নার্সের ওপেনার আহমেদ শেহজাদ।সংক্ষিপ্ত স্কোরসিলেট রয়্যালস: ২০ ওভারে ১৬৫/৩ (ট্রেগো ৬৮*, কামরান ৫৩, স্টাইরিস ২৯; ব্রাভো ১/২৭, কুপার ১/৩০, ফরহাদ ১/৩০)। চিটাগং কিংস: ২০ ওভারে ১৩০/৮ (জিয়া ৪০, মাহমুদউল্লাহ ৩০, নাসির ২৭, টেলর ১০; সোহেল তানভির ৩/১৮, ট্রেগো ১/২০, স্টাইরিস ১/২৬, নাবিল ১/২৬)। ফল: সিলেট রয়্যালস ৩৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: পিটার ট্রেগো।