সেই সিলেটেই থামবে ঢাকা বিভাগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আহমেদ: ১৭১*
আসিফ আহমেদ: ১৭১*

ব্যাপারটি যেন ভুতুড়ে! নইলে যে ঢাকা বিভাগ জাতীয় লিগে টানা ছয় ম্যাচে দাপুটে জয় পেল, সেই দল কেন সিলেটের সামনে মুখ থুবড়ে পড়বে? লিগে ঢাকা বিভাগ সর্বশেষ হেরেছিল ২০১২ সালের নভেম্বরে সিলেটের বিপক্ষে। সেই ম্যাচের প্রথম ইনিংসে দলটি করেছিল মাত্র ৮৪ রান। কাল খুলনায় একই দলের বিপক্ষে ঢাকা বিভাগের প্রথম ইনিংস শেষ হয়েছে ঠিক ১০০ রানে। ২ উইকেটে ১৮৫ রান তুলে দিন শেষ করে সিলেট প্রথম দিনেই এগিয়ে গেছে ৮৫ রানে।
ঢাকা বিভাগ ইনিংসের শুরুতেই পড়েছিল বিপর্যয়ে। নাবিল সামাদের করা দিনের প্রথম ওভারেই ১ রান তুলতে ২ উইকেট হারিয়ে বসা দলটি আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। ইনিংসের শুরুতে পথ হড়কায় সিলেটও। ১৯ রানেই ২ উইকেট হারায় তারা, সায়েম আলম ও অলক কাপালির অবিচ্ছিন্ন ১৬৬ রানের জুটিই টেনে তুলেছে তাদের। বাঁহাতি ওপেনার সায়েম পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১১১*)। ২০ বছর বয়সী এই ব্যাটসম্যানের ১৪৭ বলের ইনিংসে আছে ১৪টি চার ও ৪টি ছক্কা। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া অলক করেছেন ফিফটি।
ফতুল্লায় বরিশালের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন আসিফ আহমেদ। ঢাকা মহানগরের এই ব্যাটসম্যান এবারের লিগে তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরিটিকে ক্যারিয়ার-সর্বোচ্চ ১৭১ রানে তুলে নিয়ে অপরাজিত আছেন। মার্শাল আইয়ুবের সঙ্গে তৃতীয় উইকেটে ১৯০ রান যোগ করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬টি সেঞ্চুরির মালিক।
বগুড়ায় খুলনা দিনের শেষ ওভারে অলআউট হওয়ার আগে করেছে ২৬৫ রান। চট্টগ্রামের বিপক্ষে ৭০ রানেই ৫ উইকেট খোয়ানো দলটি বিপর্যয় কাটায় নিজামউদ্দিন ও নাহিদুলের ৯৮ রানের জুটিতে। চট্টগ্রামের পেসার মনিরুজ্জামান ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট। রংপুরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম দিনে ৯ উইকেটে ২৬০ রান করেছে রাজশাহী। নয় নম্বরে নেমে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত আছেন মুক্তার আলী। ১৬৯ রানে সপ্তম উইকেট পতনের পরই ক্রিজে আসেন এই পেসার।
সংক্ষিপ্ত স্কোর
 ঢাকা মহানগর ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯৫/৩ (আসিফ ১৭১*, মার্শাল ৭৯, মেহরাব জু. ৩১*; ফজলে রাব্বী ১/২৫, নুরুজ্জামান ১/৪৪, কামরুল ১/৪৮)।
 খুলনা ১ম ইনিংস: ৮৯.৫ ওভারে ২৬৫ (নাহিদুল ৬৪, নিজামুদ্দিন ৫৯, ডলার ৪৮; মনিরুজ্জামান ৫/৩০, মেহেদী ২/৪৬, ইয়াসিন ২/৬২, ইউনুস ১/৫৯)।
 রাজশাহী ১ম ইনিংস: ৯০ ওভারে ২৬০/৯ (মুক্তার ৫০*, সানজামুল ৩৩, হামিদুল ৩১; তানভীর ৩/৪৬, শুভাশিস ২/৩০, সোহরাওয়ার্দী ২/৪৫, আলাউদ্দিন ১/২২, সাজেদুল ১/২৫)।
 ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩৯.৪ ওভারে ১০০ (নাদিফ ২৯, মজিদ ২২; নাবিল ৪/৩০, ইমরান ৩/২৬, জায়েদ ২/৩৫)। সিলেট ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৮৫/২ (সায়েম ১১১*, অলক ৬৩*; শাহাদাত ১/২৮, শরীফ ১/৩২)।