সেই সিলেটের এবার উল্টো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃস্বপ্নের প্রথম আসর ভুলতে এবার দলের খোলনলচে বদলে ফেলা হয়েছে। ক্রিকেটার-টিম ম্যানেজমেন্ট—সব দিক থেকেই সিলেট রয়্যালস এবার নতুন চেহারায়। পালাবদলের ছোঁয়ায় বদলে গেল যেন পারফরম্যান্সও। ভাগ্যবদলের ইঙ্গিতটা প্রথম ম্যাচে অন্তত মিলল। গতবার অষ্টম ম্যাচে প্রথম জয়ের স্বাদ পাওয়া দলটি এবার জিতল প্রথম ম্যাচেই। যে দলের কাছে উড়ে গিয়ে শুরু হয়েছিল গত আসরের দুঃস্বপ্ন-যাত্রা, এবার স্বস্তির শুরু সেই বরিশাল বার্নার্সকেই অনায়াসে হারিয়ে!একটা জায়গায় সিলেট কাল নিজেদের ছাড়িয়ে গেছে প্রথম ইনিংসেই। গতবার ১০ ম্যাচে তাদের সর্বোচ্চ ইনিংস ছিল ১৬৯, এবার প্রথম ম্যাচেই ১৭৫। শুরুটা যেমন ছিল, তাতে রান দুই শর আশপাশেও হতে পারত। পল স্টার্লিং ও হ্যামিল্টন মাসাকাদজা সিলেটকে এনে দেন উড়ন্ত সূচনা। উদ্বোধনী জুটিতে দুজন ৩.৩ ওভারে তোলেন ৩৭ রান। বাঁহাতি স্পিনার নাজমুল অপু নিজের প্রথম ওভারেই মাসাকাদজাকে ফেরান, তবে বরিশালের স্বস্তি মেলেনি। মমিনুলকে নিয়ে রানের গতিটা ঠিকই ধরে রাখেন স্টার্লিং। এবারের নিলামের অন্যতম ‘চতুর’ সংগ্রহ ছিল স্টার্লিং। আয়ারল্যান্ডের বলেই তেমন নামডাক নেই, খুব বেশি অর্থও খরচ করতে হয়নি তাঁকে পেতে। তবে ইনিংসের শুরুতে ঝড় তোলার ক্ষমতা ভালোই আছে তাঁর। ৮ চার ও ১ ছয়ে ফিফটি ছুঁয়েছেন ২৯ বলে। কাল বোলিং পাননি, তবে অফ স্পিনটাও কিন্তু খারাপ করেন না! ফিফটির পরপর স্টার্লিংয়ের রানআউট রানের গতিতেও খানিকটা বাঁধ দেয়। ১০ ওভার শেষে সিলেটের রান ছিল ২ উইকেটে ১০১। কিন্তু শক্ত ভিতের ওপর দাঁড়িয়েও সুবিধা করতে পারেননি মুশফিক-চিগুম্বুরা-নবীরা। পরের ১০ ওভারে এসেছে তাই মাত্র ৭৪। এই রানটাও অবশ্য যথেষ্টেরও বেশি বলে প্রমাণিত হয়েছে পরে। শুরু থেকেই গতিহারা বরিশালের ইনিংস। ওপেন করতে নেমে অধিনায়ক অলক কাপালি দ্বিতীয় ওভারেই আউট ছক্কা মারার চেষ্টায়। মাস্টার্ড ও সাব্বিরের রানআউটে কাজটা হয়ে দাঁড়ায় আরও কঠিন। আটে নেমে চারটি করে চার-ছয়ে পেসার কবির আলীর ২১ বলে ৫০ ব্যবধানটাকে একটু শুধু ভদ্রস্থই করতে পেরেছে। সংক্ষিপ্ত স্কোরসিলেট রয়্যালস: ২০ ওভারে ১৭৫/৭ (মাসাকাদজা ১৯, স্টারলিং ৫০, মমিনুল ৪৫, মুশফিক ১৩, নবী ২, চিগুম্বুরা ১৩, নাজমুল মিলন ৩, সোহাগ ১১*, সোহরাওয়ার্দী ৯*, মেহমুদ ১/৩৪, কবির ২/৩৮, নাজমুল অপু ১/২৪, শফিউল ০/১৪, সানি ০/২৯, শুভাগত ০/১২, অলক ২/২০)। বরিশাল বার্নার্স: ২০ ওভারে ১৪২/৯ (অলক ৬, মাস্টার্ড ২২, শুভাগত ১৩, মেহমুদ ১০, সাব্বির ১, মাহমুদুল ২০, জুবায়ের ০, কবির ৫০, সানি ২ শফিউল ৫*, নাজমুল অপু ২*, নাজমুল ০/৩২, নবী ২/১৫, সোহাগ ০/৩৬, সোহরাওয়ার্দী ৩/২৩, বিশ্বনাথ ১/১৮, চিগুম্বুরা ১/১৬)।ফল: সিলেট রয়্যালস ৩৩ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: পল স্টার্লিং।