সেই সিসে দিলেন পদত্যাগের হুমকি
স্বাধীনতা কাপের ফাইনালে খেলা ফেনী সকার যেন এক ভাঙা নৌকা। সামান্য বাতাসেই উল্টেপাল্টে যাচ্ছে। প্রিমিয়ার লিগের দুর্বল উত্তর বারিধারার বিপক্ষেও জয়ের সামর্থ্য হারিয়ে ফেলেছে দলটি। চার-পাঁচ গোলে কাল তারা জিততে পারত। ৬ মিনিটে অধিনায়ক রিদনের গোলে এগিয়েও যায়। কিন্তু ৭৬ মিনিটে বারিধারার কেনিয়ান স্ট্রাইকার কলিন্স গোল করে সমতা ফেরান (১-১)।
ড্রয়ের পর সকারের গাম্বিয়ান কোচ ওমর সিসে টেন্টে বসা নিজ দলের কর্তাদের কারও নাম উচ্চারণ না করেই ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ‘এই ম্যাচে আমি কোচ ছিলাম না, ছিলেন অন্য কেউ। আমাকে পছন্দ অনুযায়ী খেলোয়াড় পরিবর্তন করতে দেওয়া হয়নি।’
স্বাধীনতা কাপে ফেনী সকারের সাফল্যের নেপথ্য কারিগর বলে যান, ‘এভাবে চললে এই চাকরি আমি করব না।’ লিগে গত ৬ ম্যাচে সকারের পয়েন্ট মাত্র ৬। তিন ড্র, এক জয়, দুই হার। ১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে এখন সকার। েযখানে সঙ্গী ১৬ ম্যাচে ১১ পাওয়া বারিধারা ও ১৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনী।
প্রিমিয়ার লিগে আজ ও আগামীকাল খেলা নেই।