সেই সুয়ারেজই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে সুয়ারেজ  ওয়েবসাইট
প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে সুয়ারেজ ওয়েবসাইট

এক বছর আগের কথা ভাবলে সবকিছু নিশ্চয়ই রূপকথার মতো মনে হয় লুইস সুয়ারেজের। চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দশ ম্যাচের নিষেধাজ্ঞার পর অনেকেই ধরে নিয়েছিল, ইংল্যান্ড-অধ্যায়টা বুঝি শেষই হয়ে গেছে লিভারপুল স্ট্রাইকারের। অ্যানফিল্ড ছেড়ে যাওয়ার গুঞ্জন তো কম ভাসেনি বাতাসে।
এই মৌসুমেই যেন বদলে গেলেন জাদুমন্ত্রের মতো। সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। কিন্তু ‘ভুল কারণে’ শিরোনাম আর হবেন না, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর যেন এমনই পণ করেছিলেন সুয়ারেজ। ফলটা তো নগদই পেলেন। পরশু প্রিমিয়ার লিগের ফুটবলারদের (পিএফএ) ভোটে নির্বাচিত হলেন বর্ষসেরা ফুটবলার।
লিগে সর্বোচ্চ ৩০ গোল করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লিভারপুল-সতীর্থ ড্যানিয়েল স্টারিজের গোল তাঁর চেয়ে ১০টি কম। নিষেধাজ্ঞার কারণে প্রথম ৫ ম্যাচে বাইরে না থাকলে সংখ্যাটা নির্ঘাত আরও বাড়ত। শুধু গোল করাতে নয়, করানোতেও সবার চেয়ে এগিয়ে। মৌসুম-সর্বোচ্চ ১২টি অ্যাসিস্টও তাঁর। লিভারপুলের ২৪ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্নের সারথী তো সুয়ারেজই।
গত পরশু লন্ডনের গ্রসনেভর হাউস হোটেলের অনুষ্ঠানে ২৭ বছর বয়সী উরুগুইয়ান স্ট্রাইকার কৃতিত্বটা ভাগ করে দিলেন সবাইকে, ‘আমি সব সময় দলের জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। পুরস্কারটা পেয়ে আমার খুব ভালো লাগছে। কিন্তু এটা আসলে আমার সতীর্থ ও লিভারপুলের সবার জন্যই। ওরা না থাকলে পুরস্কারটা আমার পাওয়া হতো না।’

চেলসি উইঙ্গার এডেন হ্যাজার্ড পেয়েছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশেও চেলসি ও লিভারপুল খেলোয়াড়দেরই জয়জয়কার, দুই দলেরই তিনজন করে খেলোয়াড়। ম্যানচেস্টার সিটি ও সাউদাম্পটনের আছেন দুজন, একজন এভারটনের। গতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেডের একজনও নেই সেখানে। নেই আর্সেনালেরও কেউ। এএফপি।