সেই সেরেনার পুনর্জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে উইম্বলডন জেতার পর হঠাৎ করেই যেন দুর্ভাগ্য তাড়া করতে থাকে তাঁকে। দুষ্টগ্রহ তাঁর ক্যারিয়ারকেই ঠেলে দিয়েছিল শেষের দিকে। শারীরিক অসুস্থতা জড়িয়ে ধরেছিল আষ্টেপৃষ্ঠে। প্রথমে মিউনিখের এক রেস্তোরাঁয় ভাঙা কাচে জখম হয়ে ১৮টি সেলাই দিতে হয়। দুর্ভাগ্য এখানেই শেষ নয়, এরপর ফুসফুসে ধরা পড়ে জমাটবাঁধা রক্ত। সবাই ভেবেছিল, টেনিসের সেরেনা উইলিয়ামস শেষ। তাঁর জীবনই তো তখন সংশয়ে। অনেকগুলো টিউব জড়িয়ে একটা সোফায় শুয়ে দিন কাটত। কিন্তু সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে ফিরে এলেন অলৌকিকভাবে। পরশু পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে ৬-১, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে উইম্বলডন জিতলেন। অসুস্থতার পর তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম। দৃপ্ত কণ্ঠে বললেন, সেই আগের সেরেনাকেই আবার দেখতে পাবে সবাই। বয়সটাও কম হয়নি, ১৯৯০ সালে মার্টিনা নাভ্রাতিলোভার পর তিনিই উইম্বলডনজয়ী প্রথম ত্রিশোর্ধ্ব নারী। এই জয়ের পর তাঁর আবেগটা তাই অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি, ‘আমি বলে বোঝাতে পারব না। কয়েক বছর আগে মনে হচ্ছিল আমি আর পারব না। আমি তখন হাসপাতালে, ভেবেছিলাম এই পর্যায়ে আর কখনো আসা হবে না। তাই এটা আসলেই দারুণ কিছু।’ মাথা নত না করার মানসিকতাই তাঁকে এত দূর এনেছে বলে মনে করছেন সেরেনা, ‘আমি ভেঙেই পড়েছিলাম, কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না আপনার। প্রতিটি শিরোপাই বিশেষ কিছু কিন্তু এটা আসলেই বিশেষ কিছুর চেয়েও বেশি। কারণ এটা আমার জন্য বিশাল এক প্রত্যাবর্তন।’ নিজের সেই দুঃসহ সময়ের কথা মনে পড়ে এখনো যেন শিউরে ওঠেন তিনি, ‘মনে পড়ছে, এমন একটা সময় ছিল যখন আমাকে সোফায় শুয়ে থাকতে হতো, এমনকি টানা দুই দিনও। মনে হচ্ছিল আর পারছি না। অনেকই তো সইলাম।’ এ নিয়ে পাঁচবার অল ইংল্যান্ড ক্লাবে সেরার মুকুট পরলেন, ছুঁয়ে ফেললেন বড় বোন ভেনাসকে। ভেনাস অবশ্য এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডেই। আভাস দিয়েছেন, এ বছর ইউএস ওপেন শেষে অবসর নেবেন। বড় বোনকে ছাড়িয়ে গেছেন অনেক আগেই। তার পরও দুই বছরের বড় বোনকেই আদর্শ ধরে এগিয়েছিলেন, ‘আমি জানি না ভেনাস না থাকলে আমার কী হতো। কোনো দিন গ্র্যান্ড স্লাম জিতব, এমনকি টেনিস খেলব—সেটাও ভাবিনি। কারণ সবকিছুই আমরা একসঙ্গে করতাম। বড় হওয়ার সময় আমি ভেনাসকেই অনুসরণ করতাম, ও যা করত সব। আমার ওপরে তার বিরাট প্রভাব। যখন সে জিততে শুরু করল, তখন আমিও জিততে চাইলাম। এরপর সে যখন এক নম্বর হলো তখন আমিও সেটাই চাইলাম।’ভেনাস এককে পারেননি। কিন্তু দুই সহোদরার যুগলবন্দীর ঝলক এবারও দেখল উইম্বলডন। আন্দ্রিয়া হ্লেভাকলোভা ও লুসি রাদেকাকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে নিজেদের পঞ্চম দ্বৈত শিরোপা জিতে নিয়েছেন উইলিয়ামস বোনেরা। সেরেনার জয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে পান ভেনাস, ‘সেরেনাকে দেখে মনে হচ্ছিল আমি নিজেই যেন একটা ম্যাচ খেলে ফেলেছি। আমাদের সবার জন্যই দারুণ একটা দিন গেল।’ শিরোপা জেতার পথে ১০২টি এস মেরেছেন সেরেনা, পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি এস করা ফিলিপ কোলশ্রেইবারের চেয়ে চারটি বেশি! স্বপ্নের মতোই একটা টুর্নামেন্ট গেল সেরেনার।মনটা সেরেনার আরও ভরে উঠবে আরেক কিংবদন্তি জন ম্যাকেনরোর প্রশস্তিতে, ‘নাভ্রাতিলোভা, বিলি জিন কিং, ক্রিস এভার্ট সবাইকে দেখেছি, ওরা যেন যন্ত্র। দেখেছি মনিকা সেলেস, স্টেফি গ্রাফকেও। আমি মনে করি, আমরা সর্বকালের সেরা প্রমীলা খেলোয়াড়কেই এখন খেলতে দেখছি।’ ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়টা কি আগের চেয়েও রঙিন হবে সেরেনার? এএফপি।