সেই সোহেলই আবার জেতালেন ফরাশগঞ্জকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর বিপক্ষে গোল করে ফরাশগঞ্জকে এনে দিয়েছিলেন স্মরণীয় এক জয়। জাতীয় দলের কোচ রবার্ট রুবচিচের নোটবুকে তখনই উঠে যায় সোহেল রানার নাম। আগামী মাসে কুয়েতের বিপক্ষে অলিম্পিক প্রাক-বাছাইয়ে অনূর্ধ্ব-২৩ দলে থাকার দাবিটা আরও জোরালো করলেন নারায়ণগঞ্জের এই তরুণ। কাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল করে ফরাশগঞ্জকে জিতিয়েছেন যে তিনিই (১-০)।৯ মিনিটে রাশেদের ক্রস প্রতিপক্ষের রক্ষণ ভাগ ক্লিয়ার করতে পারেনি। সুযোগ কাজে লাগিয়ে সোহেল রানা বল ঠেলে দেন জালে। এরপর ফরাশগঞ্জের ব্যবধান বাড়ানো আর চট্টগ্রাম আবাহনীর ম্যাচে ফেরার লড়াই-ই দেখল কমলাপুর স্টেডিয়াম। কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। সোহেল রানা গোটা দুয়েক সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়েনি। শেখ জামালের বিপক্ষে কক্সবাজার স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ১ পয়েন্ট এনে দেওয়া ধীমান বড়ুয়ার দিনটা ভালো যায়নি, ফাঁকা পোস্ট পেয়েও বল পাঠিয়েছেন বাইরে।৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনী এগোচ্ছে ছোট দলের মতোই। তবে নামে ছোট হলেও পয়েন্টের হিসাবে শেখ জামালকেও পেছনে ফেলেছে ফরাশগঞ্জ! ৪ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৫, ফরাশগঞ্জের ৬।