সেই স্টেডিয়ামেই শেষশ্রদ্ধা
হেলিও জাম্পিয়ের নেতো আশা ছাড়েননি, ফিনিক্স পাখির মতোই ঘুরে দাঁড়াবেন তিনি। বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছে প্রায় পুরো শাপেকোয়েনস দল। নেতো অলৌকিকভাবে বেঁচে গেলেও অস্ত্রোপচার করতে হয়েছে হাত, মাথা, ফুসফুস আর হাঁটুতে। বিমান দুর্ঘটনার সেই বিভীষিকা তো আছেই। বন্ধু-সতীর্থদের চিরতরে হারিয়ে যেতে দেখার ধাক্কা কাটিয়ে ওঠা কোনো অস্ত্রোপচারের পক্ষেও সম্ভব নয়।
নেতো তবু হার মানতে নারাজ, সুস্থ হয়ে আবারও ফিরতে চান প্রিয় ক্লাবে। এই ডিফেন্ডারের বাবা জানিয়েছেন, ‘আমার ছেলে ধীরে ধীরে ভালো হয়ে উঠছে। চিকিৎসকেরা বলেছেন, সে ফুটবলে ফিরতে পারবে।’ এ সুসংবাদকে ভবিষ্যতের জন্য তুলে রেখে মনোযোগটা বর্তমানে ফেরাতে হচ্ছে শাপেকোবাসীকে। এখনো শোক তাঁদের ঘিরে রেখেছে। গতকাল নিজেদের প্রিয় মুখগুলোকে বিদায় জানিয়েছেন তাঁরা। দুর্ঘটনায় নিহত খেলোয়াড়, কোচ ও দলের সঙ্গে যুক্ত ৫১ জনের শেষকৃত্য হয়েছে শাপেকোর মাঠ অ্যারেনা কোন্দায়। কাল সকালে (স্থানীয় সময়) কলম্বিয়া দুটি বিশেষ কার্গো বিমানে করে নিহতদের কফিন শাপেকো শহরে আনা হয়।
দুই লাখ বাসিন্দার শাপেকো শহরে কাল নায়কদের শেষশ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে এসেছিলেন ১ লাখ ২০ হাজার মানুষ। স্টেডিয়ামে ঢোকার সুযোগ পেয়েছেন ২০ হাজার, বাকিরা টানা বৃষ্টির মধ্যেও বাইরে দাঁড়িয়েই জানিয়েছেন তাঁদের শ্রদ্ধা। শেষকৃত্য অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল তিমের ও ফুটবল দলের কোচ তিতেরও থাকার কথা ছিল।
এদিকে বিধ্বস্ত বিমানটির চালকের (যিনি জ্বালানি না নেওয়াতেই এত কিছু) শ্বশুর রজার মলিনা নিহতদের পরিবার-পরিজনের কাছে এ দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এএফপি, রয়টার্স।