সেই স্পেন এই স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডি-বক্সের ভেতর ভজকট অবস্থা। গোল ছেড়ে এগিয়ে এলেন ইকার ক্যাসিয়াস। জটলার ভেতর থেকে বলে তাঁর সেই মোক্ষম টোকা। বল জাল ছুঁয়ে গেল। স্পেনের হূৎপিণ্ডের ভেতর সুইস ঘড়িটার টিকটিক শব্দকে মনে হলো হাতুড়ির ঘা। ৫২ মিনিটে ওই গোল করার পরও গেলসন ফার্নান্দেজ বুঝে উঠতে পারেননি কী ঘটনা তিনি ঘটিয়ে ফেলেছেন। স্প্যানিশ আক্রমণের ঝড় থামার পর, শেষ বাঁশি বাজার পর বুঝতে পারলেন এই বিশ্বকাপকেই নাড়িয়ে দিয়েছেন তিনি। আগুনতপ্ত ফেবারিট স্পেনকে হারিয়ে দিয়েছেন।তবে ২৩ বছর বয়সী সুইস মিডফিল্ডার খুব বিনয়ী। কেপভার্দে আইল্যান্ডস থেকে মাত্র পাঁচ বছর বয়সে মায়ের সঙ্গে সুইজারল্যান্ডে এসে আল্পসের তুষারশুভ্র নম্রতা মেখে নিয়েছেন চরিত্রে। ফার্নান্দেজ বললেন, ‘এভাবে স্পেনের বিপক্ষে গোল পেয়ে যাওয়াটা ভাগ্যের ব্যাপার।’তাহলে বিশ্বকাপে স্পেন মানেই ভাগ্যের খেলা, নিয়তির মুচকি হাসি! স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক যেমন বলে দিয়েছেন, ‘দিনটা আমাদের ছিল না।’ বিশ্বকাপে স্পেনের দিনটা তাহলে কবে আসবে বলতে পারেন? সেই কবে, ৬০ বছর আগে তারা বিশ্বকাপে চতুর্থ হয়েছিল। তারপর সেরা সাফল্য বলতে তো কেবল কোয়ার্টার ফাইনাল, শেষ আটে পৌঁছানো।ফেবারিটের তকমাই কি তাহলে তাদের স্নায়ুকে ছিঁড়ে ফেলেছিল ভেতরে ভেতরে! গোলের পর মাটি থেকে যখন উঠে দাঁড়িয়েছিলেন জেরার্ড পিকে, তাঁর চোয়ালে বইল একটা রক্তের ধারা। ওটা আঘাতজনিত। কিন্তু এখন তো মনে হচ্ছে ফেবারিট-তত্ত্বটাই স্পেনের এই পাহাড়-অবিচল ডিফেন্ডারের মনের মধ্যে রক্তক্ষরণ বইয়ে দিয়েছিল। ‘এখন নিশ্চয়ই লোকজন আমাদের ফেবারিট বলা থেকে বিরত থাকবে’—পরাজয়ের বেদনায় নুয়ে পড়া পিকের কণ্ঠে দলা পাকিয়ে ওঠে কষ্ট।দক্ষিণ আফ্রিকায় আসার পর থেকেই যেখানে যে দেশের সাংবাদিকের সঙ্গে দেখা হয়েছে, আলোচনা হয়েছে শিরোপা লড়াই নিয়ে। ব্রাজিলকে শিরোপার দাবিদার বলতেই হয় বলে বলা। নইলে সবাই আগেভাগেই জয়ের মালা পরিয়ে রেখেছিল স্পেনের গলায়। জার্মানির সাংবাদিক নিজেদের দলের কোনো সম্ভাবনা দেখেননি। ব্রাজিলের সাংবাদিকেরাও ‘হেক্সা’র সম্ভাবনাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে বলেছেন স্পেনের কথা। আর্জেন্টিনার সাংবাদিক বলে গেছেন, ‘হ্যাঁ, আমাদের অনেক বিশ্বমানের খেলোয়াড় থাকলেও দলটা বিশ্বমানের নয়। আসল দল হলো স্পেন।’ ফ্রান্সের সাংবাদিককে জিজ্ঞেস করলে একগাল হাসি উপহার দিয়েছেন, ‘দূর, কী যে বলো, ফ্রান্সের কোনো আশাই নেই। স্পেনের কথা বলো।’ ইংরেজ সাংবাদিক বাস্তবতা বোধসম্পন্ন, ‘হ্যাঁ, ইংল্যান্ডকে নিয়ে একটু মাতামাতি হচ্ছে ফ্যাবিও ক্যাপেলো কোচ বলে। তবে শিরোপার আসল দাবিদার এবার স্পেন।’কিন্তু হারল কেন স্পেন? ফুটবল-বোদ্ধারা বলছেন, ভাগ্য বলে একটা ব্যাপার তো আছেই, তবে লড়াই থেকে সরে দাঁড়ানোর পলায়নি মনোবৃত্তি এখনো ঝেড়ে ফেলতে পারেনি স্পেন। তাই সুইজারল্যান্ডের রক্ষণদেয়াল ভাঙতে না পেরে তারা নিজেরাই এলোমেলো হয়ে গেছে। বল পায়ে রেখে পাসিং ফুটবলের পসরা সাজিয়ে সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। কিন্তু কার্যকার আক্রমণ গড়ে তোলার কাজটা তারা করতে পারেনি। মাঝমাঠে জাভি হার্নান্দেজ, ইনিয়েস্তারা নিজেদের মধ্যে অসংখ্যবার বল বিনিময় করে খেলেছেন, কিন্তু গোল করার মতো শেষ পাসটা তাঁরা দিতে পারেননি স্ট্রাইকারকে। যখন এক নম্বর পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে, তখন দ্বিতীয় পরিকল্পনায় যেতে পারেনি।দ্বিতীয় পরিকল্পনাটা কী? উইং দিয়ে খেলা। যাঁরা উইংব্যাক, তাঁরাও একসময় আক্রমণ গড়ার দায়িত্ব নেবেন। তা না রাইটব্যাক সার্জিও রামোস এবং লেফটব্যাক কাপডেভিলাও মাঝমাঠে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন। বিশ্বের ভয়ংকরতম স্ট্রাইকারদের একজন ডেভিড ভিয়াই বা কী করেছেন? ১: ১ অবস্থায় বল মেরেছেন উড়িয়ে। যার আছে গোলবারের নিচে একজোড়া অতিবিশ্বস্ত হাত, বাজপাখির মতো একজোড়া চোখ, সেই ক্যাসিয়াসও হাবুডুবু খেলেন। একেই বলে অনন্ত চাপ।স্পেনের মাথার ওপর শঙ্কার মেঘ দেখে ফেলেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক। হিসাব-নিকাশ আবারও গড়বড় না হয়ে পড়লে কোনোরকমে দ্বিতীয় রাউন্ডে ওঠা হতে পারে গ্রুপ রানার্সআপ হয়ে। তখন তাদের দাঁড়াতে হবে ব্রাজিলের সামনে।বিশ্বকাপ আয়োজক দক্ষিণ আফ্রিকার মনে এখনই তাই বেদনার পূর্বাভাস। সুন্দর ফুটবল দেখার আশাটা তাহলে পরিণতি পাওয়ার আগেই নৈরাশ্যে ডুবে যাবে! সবার আশা, দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবেন ভিয়া, তোরেস, ইনিয়েস্তা, জাভিরা। যেমন করে ২০০৮ সালে ৪৪ বছর পর ইউরো জিতে তাঁরা বলেছেন, ‘আমরা পারি’, এই বিশ্বকাপেও তাঁরা বলতে পারবেন, ‘আমরা পারি।’ পরাজয়ের পর দেল বক্স বলেছেন, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। কাল আর্জেন্টিনা-দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে গোটা সকার সিটি স্টেডিয়ামেরই যেন এই আকুতি শোনা গেল, স্পেন অবশ্যই দেখিয়ে দেবে প্রথম ম্যাচে হার মানেই সব শেষ নয়!