সেই স্বর্ণযুগ এখন দীর্ঘশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবা
দাবা
ক্রিকেট নিয়ে মাতামাতি চলে সারা বছরই। কিন্তু কেমন আছে অন্য খেলাগুলো? এই খোঁজখবর নিতেই শুরু হলো নতুন ধারাবাহিক। জনপ্রিয় বা আন্তর্জাতিক পর্যায়ে বলার মতো সাফল্য আছে—এমন খেলাগুলোর বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে লিখছেন খেলাটিরই কোনো এক তারকা খেলোয়াড়। এই ধারাবাহিকে আজ থাকছে দাবা
নিয়াজ মোরশেদ
নিয়াজ মোরশেদ

আমাদের দেশে দাবা খেলার প্রচলন শুরু হয় কাজী মোতাহার হোসেনের হাত ধরে। এই শান্ত-সৌম্য-দীর্ঘকায় মানুষটি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি পান। তার পরও আমি বলব, সবকিছু ছাপিয়ে অনেকের কাছেই তিনি আজও ‘দাবাগুরু’ হিসেবেই বেশি পরিচিত।
কাজী সাহেব ছিলেন এককথায় দাবাপাগল একজন লোক। তিনি মানুষের ঘরে ঘরে এই অদ্ভুত আর অচেনা খেলাটিকে পৌঁছে দিয়েছিলেন। দাবায় তাঁর গুণগ্রাহী ছিল প্রচুর। বন্ধু কবি কাজী নজরুল ইসলামের সঙ্গেও তিনি দাবা খেলতেন; যে কথা কাজী নজরুলের একটি নাটকেও লিপিবদ্ধ আছে। এই কাজী সাহেবের শিষ্যদের ঘিরেই মূলত শুরু হয় বাংলাদেশের প্রথম সাংগঠনিক দাবা। এঁরা প্রায় সবাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ অথবা বুয়েটের ছাত্র অথবা শিক্ষক। এঁদের মধ্যে কয়েকটি নাম উল্লেখ না করলেই নয়; অধ্যাপক আবদুর রাজ্জাক, শরফুদ্দিন মো. হাই, অধ্যাপক সাদউদ্দিন, শহীদ মুফতি কাশেদ, এ আর খান, আকমল হোসেন, কে এম শাকুর প্রমুখ। এর সঙ্গে আরও অনেকেই ছিলেন, কিন্তু সবার নাম এই স্বল্পপরিসরে নেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, ঠিক স্বাধীনতাযুদ্ধের আগের বছর চট্টগ্রামে প্রথমবারের মতো ‘অল পাকিস্তান চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়। সেখানে মাত্র ১৮ বছর বয়সী কাজী সাদেক হাসান নামের একজন অত্যন্ত প্রতিভাবান দাবাড়ু তৃতীয় স্থান অধিকার করেন। আজকে অনেকেই তাঁর নাম জানেন না; কিন্তু এর পরের বছরই যদি তিনি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে শহীদ না হতেন, তাহলে বাংলাদেশের দাবার ইতিহাস অন্যভাবে রচিত হতো। কাজেই দাবাপ্রতিভার আবির্ভাব এ দেশে নতুন কোনো বিষয় নয়।
এরপর স্বাধীনতা-উত্তর সময়ে আমি যখন দাবার জগতে পদার্পণ করলাম, সেই সময়টাকে একরকম দাবার স্বর্ণযুগের শুরুই বলা যেতে পারে। আমরা স্বাধীনতাযুদ্ধে সাদেক-মুফতিদের হারালেও নতুন দেশে নতুন উদ্যমে দাবার অগ্রযাত্রা শুরু হয়। ১৯৭৫ সালে আমি যখন প্রথম প্রতিযোগিতামূলক দাবা খেলতে আসি, তখন উপরিউক্ত অনেককেই প্রতিদ্বন্দ্বী এবং একই সঙ্গে পথপ্রদর্শক হিসেবে পাই।
দাবার এই স্বর্ণযুগের প্রাপ্তিগুলো ১৯৭৯ থেকে আমরা পেতে শুরু করি। ওই বছর আমরা ফিদের সদস্য হই, প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমি প্রথম রেটিং লাভ করি। এর পর আমার আর রানী হামিদের সাফল্যগুলো আপনাদের সবার জানা। ১৯৮৭ সালে আমার গ্র্যান্ডমাস্টার খেতাব লাভের মাধ্যমে দাবা আমাদের ক্রীড়াঙ্গনের শীর্ষে জায়গা করে নেয়।
দাবার সেই স্বর্ণযুগ যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা আমরা অনেকেই ভাবিনি। ১৯৯০ থেকে শুরু করে আজ প্রায় ২০-২৫ বছর আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, তা একটি মাত্র শব্দেই সুন্দরভাবে প্রকাশ করা যায়। সেই শব্দটি হচ্ছে ‘স্থবিরতা’। আমি ’৮৭-তে
গ্র্যান্ডমাস্টার হওয়ার পর খুব দ্রুতই প্রথমে জিয়া, রিফাত এবং তারপর রাকিব-রাজীবের আবির্ভাব। কিন্তু তারপর হঠাৎই সব থেমে যায়। এরপর থেকে আর প্রত্যাশা অনুযায়ী কিছুই হয়নি।
এর কারণ সংক্ষেপে বলতে গেলে এটুকুই বলতে পারি, দাবার নেতৃত্ব বরাবরই ভুল হাতে ছিল। দাবা ফেডারেশনে কেউ এসেছেন ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য, কেউ বা প্রভাব বিস্তারের জন্য। সত্যিকার অর্থে দাবাকে ভালোবেসে কেউ আসেননি; যেমন এসেছিলেন আমাদের ওই স্বর্ণযুগে। ফলে তাদের সিদ্ধান্তগুলোতে খেলাটিকে এগিয়ে নেওয়ার জন্য যে দূরদর্শিতা প্রয়োজন ছিল, তা কখনই দেখা যায়নি। এর সবচেয়ে বড় প্রমাণ হলো, এত বছরেও আমরা আমাদের স্কুলগুলোয় বাচ্চাদের জন্য একটা অর্থবহ দাবা প্রোগ্রাম করতে পারলাম না। নতুন খেলোয়াড় না এলে উন্নতি করবেন কাকে দিয়ে?
আমি এই ব্যর্থতার কথা এর চেয়ে বেশি বলতে চাই না। আমি চাই না পাঠকের একটা নেতিবাচক ধারণা জন্মাক। আমি প্রথমেই দাবার ইতিহাসটা একটু বেশি করেই লিখেছি, যাতে পাঠক বুঝতে পারে আমাদের দাবার যে অর্জন সেটা অল্পদিনের নয়। ফিদের সদস্যপদ পাওয়ার মাত্র কয়েক বছেরর মধ্যে আমরা যা করতে পেরেছিলাম, তা বহুদেশ ৫০ বছরও পারেনি। দাবা আমাদের ঐতিহ্য। এর সঙ্গে কাজী সাহেবের ভালোবাসা জড়িয়ে আছে, শহীদ সাদেকের আত্মত্যাগ জড়িয়ে আছে। আমাদের সবারই দায়িত্ব এর লুপ্ত গৌরব পুনরুদ্ধার করা।
এখনই যা করতে হবে
১ দ্রুত একজন নতুন রোল মডেল খেলোয়াড় তৈরি করতে হবে। কারণ মিডিয়া আর সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে না পারলে স্পনসর পাওয়া যাবে না। এ রকম প্রতিভা আমাদের আছে, এদের টার্গেট করতে হবে।
২ অবিলম্বে দেশের সর্বত্র বিশেষ করে স্কুলপর্যায়ে খেলাটিকে ছড়িয়ে দেওয়া দরকার। দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড় এবং কোচদের এ ক্ষেত্রে ব্যবহার করা প্রয়োজন।
৩ জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক দাবা চালু করতে হবে। দায়সারা গোছের নয়—আকর্ষণীয় পরিবেশ এবং পুরস্কার থাকতে হবে।
৪ জাতীয় পর্যায় থেকে বাছাই করা খুদে দাবাড়ুদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদের আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
৫ দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন এবং দেশের খেলোয়াড়দের বিদেশে খেলার ব্যবস্থা করতে হবে। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সম্ভাবনাময় খেলোয়াড়েরা যেন সুযোগ পায়।