সেই স্মিথ-হাডিন, আবারও অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুর ধসের পর তাঁর ব্যাটেই প্রতিরোধ। আরও একবার অস্ট্রেলিয়ার নড়বড়ে ব্যাটিং মেরামত করলেন স্টিভেন স্মিথ। নিজের মাঠ সিডনিতে কাল সেঞ্চুরির পর দর্শকদের অভিনন্দনের জবাবে ।  এএফপি
শুরুর ধসের পর তাঁর ব্যাটেই প্রতিরোধ। আরও একবার অস্ট্রেলিয়ার নড়বড়ে ব্যাটিং মেরামত করলেন স্টিভেন স্মিথ। নিজের মাঠ সিডনিতে কাল সেঞ্চুরির পর দর্শকদের অভিনন্দনের জবাবে । এএফপি

ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ, মেলবোর্ন—সেই একই গল্পের পুনরাবৃত্তি।
সবশেষে কাল সিডনির প্রথম দিন। অস্ট্রেলিয়ার দল বদলায়নি, একটুও বদল হলো না সেই গল্পের ধারারও। আগের চার টেস্টের সবগুলোর প্রথম ইনিংসেই ভেঙে পড়েছিল অস্ট্রেলিয়ার টপ অর্ডার, যাবতীয় দায়িত্ব এসে বর্তায় ব্র্যাড হাডিনের কাঁধে এবং হাডিন ঠিকই উদ্ধার করেছেন দলকে। কালও তাই হলো। পার্থক্য এটুকুই, কাল হাডিন আরেকজনকে পেয়েছিলেন—স্টিভেন স্মিথ। বলা উচিত স্মিথই পেয়েছেন হাডিনকে। পার্থে তৃতীয় টেস্টের মতো কালও প্রতিরোধের জুটি গড়লেন এই দুই অস্ট্রেলিয়ান। একদিকে স্মিথের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি, অন্যদিকে সিরিজে হাডিনের পঞ্চম হাফ সেঞ্চুরি। ৯৭ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসটা তাই হলো ৩২৬ রানের। দিনের শেষ দিকে মাত্র ৬ ওভার ব্যাট করার সুযোগ পায় ইংল্যান্ড, কিন্তু এর মধ্যেই মাইকেল কারবেরিকে ফিরিয়ে দিয়ে মিচেল জনসন আরেকবার ‘ইংল্যান্ড-বধ কাব্য’ লেখার প্রস্তুতি নিয়ে রেখেছেন। পন্টিং বলেছেন, ৫-০ ছাড়া সিরিজের অন্য কোনো ফল দেখছেন না। সিডনির প্রথম দিনটা অন্য কোনো আভাস দেয়ওনি।
অন্য কিছুর প্রত্যাশাতেই জো রুট, মন্টি পানেসার আর টিম ব্রেসনানকে বসিয়ে ইংল্যান্ড টেস্ট ক্যাপ তুলে দিয়েছে গ্যারি ব্যালান্স, বর্থউইক আর র্যাঙ্কিনের হাতে। এর মধ্যে র্যাঙ্কিনের অভিষেক হলো দুঃস্বপ্নের মতো। মাত্র ৮.২ ওভার বোলিং করে চোট নিয়ে মাঠ ছেড়েছেন। বর্থউইক মিচেল জনসনের উইকেটটি নিতে ৭ ওভারে খরচ করেছেন ৪৯ রান! ব্যাট হাতে এখনো কিছু করে দেখানোর অপেক্ষায় ব্যালান্স।
অথচ দিনটা শুরুতে ইংল্যান্ডের দিকেই তাকিয়ে হেসেছিল। প্রথমবারের মতো টস জেতেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। তাঁর হাসিটা আরও বড় হয় মধ্যাহ্নভোজের আগেই ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, মাইকেল ক্লার্ক আর শেন ওয়াটসন ফিরে যাওয়ায়। স্কোরবোর্ডে তখন ৪ উইকেটে ৯৪। মধ্যাহ্নভোজের পর এর সঙ্গে আরও ৩ রান যোগ করে ফিরে যান জর্জ বেইলিও। হাডিন-স্মিথের প্রতিরোধপর্ব শুরু সেখান থেকেই। দু-একটা বাজে শট খেলেছেন বটে, কিন্তু ওইটুকু বাদ দিলে একেবারে জুতসই পাল্টা-আক্রমণ হেনেছেন দুজনই। তাতে খেই হারিয়ে কিছুটা গা-ছাড়া হয়ে যান ইংলিশ বোলাররা। ষষ্ঠ উইকেটে এঁদের ১২৮ রানের জুটি তাই ম্যাচে ফিরিয়ে আনে অস্ট্রেলিয়াকে। ৯০ বলে ৭৫ রান করে হাডিন বেন স্টোকসের শিকার হলেও স্মিথ লড়ে গেছেন শেষ পর্যন্ত। ৯৩ থেকে বর্থউইককে ছক্কা হাঁকিয়ে ৯৯, সেখান থেকে এক বল ডট দিয়ে আবার চার। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন, দুটিই এই সিরিজে, অন্যটি আগের অ্যাশেজে পাওয়া। তবে পরিস্থিতি বিচারে নিজের মাঠে করা তৃতীয় সেঞ্চুরিটিকেই হয়তো সবচেয়ে এগিয়ে রাখবেন স্মিথ। ১৫৪ বলে ১১৫ রান করে আউট হয়েছেন শেষ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে। তাঁর ঘাতকও স্টোকস। ওই ওভারেই স্মিথসহ ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ধসিয়ে দিয়েছেন ইংলিশ পেসার। ক্যারিয়ারের প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট, সব মিলিয়ে দিন শেষে ৯৯ রানে শিকার ৬ উইকেট। সিডনি টেস্ট বাঁচাতে হলে ব্যাটসম্যানদের পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও এই সাফল্যের পুনরাবৃত্তি করতে হবে স্টোকসকে। এএফপি।