সেই স্মৃতি ভুলে গেছেন মুরালি!
১৯৯৫-৯৬ মৌসুমে বক্সিং ডে টেস্টের ঘটনা। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে নো বল ডাকলেন অসি আম্পায়ার ড্যারেল হেয়ার। নিজের অ্যাকশন বৈধ প্রমাণিত করে ঠিকই খেলায় ফিরেছিলেন মুরালিধরন। একের পর এক কীর্তি গড়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে। কিন্তু যে ব্যক্তি তাঁর ক্যারিয়ারকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিলেন, সেই হেয়ারের ওপর ক্ষোভ কি এখনো আছে মুরালির?‘আমি হেয়ারকে ক্ষমা করে দিয়েছি এবং ভুলে গেছি। আমি তাঁর ওপর ক্ষুব্ধ ছিলাম। কিন্তু এখন তাঁর প্রতি ক্ষোভ নেই আমার’—কুরিয়ার মেইলকে বলেছেন মুরালি। ক্ষমা ও ভুলে যাওয়ার ব্যাখ্যাটাও দিয়েছেন মুরালি, ‘মানুষ ভুল করতেই পারে। আমি মনে করি, তিনিও ভুল করেছিলেন। আমার অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে। কিন্তু আমি পেছনে ফিরে তাকাতে চাই না।’হেয়ারকে ক্ষমা করলেও অস্ট্রেলিয়ার তত্কালীন প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের প্রতি ক্ষোভ হয়তো এখনো কাটেনি মুরালির। মুরালির বোলিং নিয়ে প্রশ্ন তোলাসহ আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন হাওয়ার্ড। মুরালি বলছেন, ‘হাওয়ার্ডের মন্তব্যটি আমি সত্যিই মানতে পারিনি। তাঁর মতো ব্যক্তির কাছে এমন বক্তব্য শোভনীয় নয়।’