সেই হাসিই ভারতপন্থী!
এক সপ্তাহও হয়নি মেলবোর্নে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন। ডিআরএস নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করার যথেষ্ট কারণ ছিল মাইকেল হাসির। ডিআরএস থাকলে যে ‘গোল্ডেন ডাক’ পেয়ে পেয়ে ক্যারিয়ার নিয়ে শঙ্কিত থাকতেন না। সেই হাসিই ডিআরএস নিয়ে সংশয় প্রকাশ করে বললেন, তাঁর বিশ্বাস, সম্প্রচারকেরা যে প্রযুক্তি ব্যবহার করছেন তাতে ত্রুটি আছে।হাসি অবশ্য ডিআরএসের সমর্থকই। তবে এই বিতর্কিত বিষয়ে ভারতীয় অবস্থানের প্রতিও সহানুভূতি আছে তাঁর। ভারতের বিরোধিতার কারণেই এই সিরিজে ব্যবহূত হচ্ছে না রেফারেল পদ্ধতি। হাসির মতো তাদেরও সংশয় প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে। হাসির সংশয়টা মূলত এলবিডব্লু দেওয়ার ক্ষেত্রে বল ট্র্যাকিং প্রযুক্তির নির্ভুলতা নিয়ে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বাস চ্যানেল নাইনের প্রযুক্তি ‘বিশ্বসেরা’।পরশু সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকাকে হাসি বলেছেন, ‘আমি ডিআরএসের ভক্ত। কারণ এটা আম্পায়ারদের সাহায্য করে। আর আমরা তো ম্যাচে আরও বেশি নির্ভুল সিদ্ধান্ত চাই।’এর পরই ডিআরএসের শতভাগ কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘যা-ই হোক, আমি মনে করি, প্রযুক্তিটা আরও উন্নত হতে পারে। বল ট্র্যাকিং পদ্ধতির নির্ভুলতা নিয়ে আমি শতভাগ নিশ্চিত নই। আমার মনে হয়, এ কারণেই ভারতীয়রা এটার ব্যবহার করতে চায় না। এটা যুক্তিসংগতও।’গত মাসে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার রান তাড়া করার সময় অনেকগুলো এলবিডব্লুর সিদ্ধান্ত ডিআরএসে বদলে গিয়েছিল। যেগুলো শুধু সংশয়ই বাড়িয়েছে। যে বলগুলো দেরিতে সুইং করেছিল সেগুলোর গতিপথ নিয়েই সন্দেহের অবকাশ ছিল। ওয়েবসাইট।