সেই হিউজই ভরসা অস্ট্রেলিয়ার
কোনো বাড়তি উচ্ছ্বাস নেই, লাফ-ঝাঁপ নেই। একবার শুধু মুষ্টিবদ্ধ হাত ঝাঁকালেন ড্রেসিংরুমের দিকে। খানিকপর হেলমেট খুললেন, যেন স্রেফ খুলতে হয় বলেই। ব্যাট-হেলমেট উঁচিয়ে ধরলেন যেন নিতান্ত অনিচ্ছায়। মুখে হাসির মতো একটা ভঙ্গি দেখা গেল, হাসলেন কি না, পরিষ্কার বোঝা গেল না। ফিলিপ হিউজের সেঞ্চুরি উদ্যাপনটা আরেকটু কি আবেগময় হতে পারত না?এই টেস্টে তাঁর খেলাটাই ছিল সংশয়ে ঢাকা। শেষ পর্যন্ত আরেকটা সুযোগ পেলেন। কোথায় কাজে লাগাবেন, প্রথম ইনিংসে আউট শূন্যতেই। ক্যারিয়ার বাঁচানোর শেষ সুযোগ ছিল তাই দ্বিতীয় ইনিংসটি। দল পিছিয়ে বড় ব্যবধানে, নিজের টেস্ট ক্যারিয়ার খাদের কিনারায়। এতটা চাপের মধ্যে এমন একটা সেঞ্চুরি, উল্লাসটা তো বাঁধভাঙা হওয়ারই কথা!কিংবা হয়তো ঠিকই আছে। ক্রমাগত ব্যর্থতায় হয়তো বিরক্ত হয়ে পড়েছেন নিজের ওপরই। সেঞ্চুরির উচ্ছ্বাসে তাই ভেসে যেত চান না, বরং চান দৃঢ়প্রতিজ্ঞ সাফল্য ধরে রাখতে। নিজের ক্যারিয়ার আপাতত বাঁচিয়ে ফেলেছেন, এবার লড়াই দলকে বাঁচানোর। প্রথম ইনিংসের ১৫৭ রানের ঘাটতি ঘুচিয়ে চতুর্থ দিন শেষে ৫২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, হাতে ৭ উইকেট। অধিনায়ক ক্লার্ককে নিয়ে আজ আবার ম্যাচ বাঁচানোর লড়াই শুরু করবেন হিউজ।বয়স মাত্র ২২, আড়াই বছরের ক্যারিয়ারে হিউজের এটি ১৩তম টেস্ট। এর মাঝেই চড়াই-উতরাই কম পেরোতে হয়নি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ডারবানের বাউন্সি উইকেটে স্টেইন-মরকেল-এনটিনিদের বিপক্ষে করেছিলেন জোড়া সেঞ্চুরি। সেখান থেকে ক্যারিয়ারটা কোথায় ডানা মেলবে, উল্টো যেন গুটিয়ে গেল। পঞ্চাশবিহীন ৬ ইনিংসের পর বাদ পড়লেন। তাঁর প্রথাবিরোধী ব্যাটিং টেকনিক নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই, সুযোগ পেয়ে সমালোচকেরা সরব হলেন। ৬ মাস পর ফিরে ৩ ইনিংস ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিপক্ষে করলেন অপরাজিত ৮৬। কিন্তু এবার মাঠের বাইরে চোটের কারণে। আবার ফিরলেন গত অ্যাশেজে, ক্যাটিচের চোটে। এবার অর্ধশতহীন ১০ ইনিংস পর এল এই সেঞ্চুরি। এরপর কী?কাল সেঞ্চুরি হয়েছে আরও একটি এবং ওটারই উদ্যাপন হলো বাঁধনহারা। কিন্তু প্রথম টেস্ট সেঞ্চুরির দিনটায় খানিকটা সমালোচনাও হজম করতে হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথুসকে। সকালে দ্রুত রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। কিন্তু নিজের সেঞ্চুরির জন্যই যেন শম্বুকগতিতে খেললেন ম্যাথুস, ২০ রান করেছেন ৬২ বলে! অলআউট হওয়ার আগে ১৯ ওভারে শ্রীলঙ্কা তুলেছে মাত্র ৪৫ রান। তথ্যসূত্র: টেন ক্রিকেট।