সেই ১৬ জুলাই
ফুটবল-উত্তেজনার সর্বোচ্চ শিখর টাইব্রেকার। এই সময় কি দৃষ্টি অন্য কোথাও রাখা যায়? ফার্নান্দো মুসলেরা প্রমাণ করলেন, রাখা যায়! গোটা ম্যাচে দারুণ কিছু সেভ করেছেন। উরুগুয়ে গোলরক্ষক আবারও নজর কাড়লেন টাইব্রেকার শুরু হতেই। নিজ দলের শটের সময় হাঁটু ভেঙে বসে মুসলেরা তাকিয়ে থাকেন গ্যালারিতে। টেনশন এতটাই যে তাঁর পক্ষে দেখা সম্ভব নয়। নিস্তব্ধ গ্যালারি দেখে বুঝে নেন, তাঁর সতীর্থ লক্ষ্যভেদ করেছেন!এত যাঁর টেনশন, আসল সময়ে তিনি ঠিকই মাথা ঠান্ডা রাখলেন। ফিরিয়ে দিলেন কার্লোস তেভেজের শট। আর্জেন্টিনা-বধের জন্য যথেষ্ট ছিল ওটুকুই। শেষ শটটা জালে ঢুকিয়েই তাই ফার্নান্দো কাসেরেস ছুটে গিয়ে কোলে তুলে নিলেন মুসলেরাকে। লা ৎ সিওর ২৫ বছর বয়সী গোলরক্ষকের উচ্ছ্বাস যেন বাঁধই মানছিল না, ‘আমার ধারণা, এই মাত্র আমি আমার ছোট্ট ক্যারিয়ারের সেরা ম্যাচটা খেলেছি। উরুগুয়ের সব মানুষের জন্য আমি খুশি। জয়টা আমাদের প্রাপ্য ছিল। ১০ জন নিয়েও আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো খেলেছি। আর টাইব্রেকার তো ভাগ্যের খেলা।’কোচ অস্কার তাবারেজ উচ্ছ্বসিত নিজেদের প্রমাণ করতে পেরে, ‘আমরা খুবই খুশি। এমন একটা দলের বিপক্ষে জিতেছি যাদের ইতিহাস দারুণ, আছে গ্রেট সব ফুটবলার আর বিশাল সমর্থন। সবচেয়ে বড় কথা, প্রয়োজনের সময় আমরা দৃঢ়তা দেখাতে পরেছি, যেমনটা পেরেছিলাম গত বিশ্বকাপে।’তারকা স্ট্রাইকার ফিরে গেছেন ৬১ বছর আগের ঠিক ওই দিনটায়, ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জয়ের দিনে, ‘১৬ জুলাই আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন, এটা নিয়ে এত কথা হয়...আমরাও চেয়েছিলাম ইতিহাস গড়তে। অবিশ্বাস্য একটা মুহূর্ত। আমার মনে হয়, প্রথমার্ধে ‘‘দা রাশিয়ান’’ (পেরেজের ডাকনাম) লাল কার্ড পাওয়ার পর যেভাবে খেলেছি, তাতে জয়টা আমাদের প্রাপ্য ছিল। ন্যায়বিচার হয়েছে।’ আর যোগ্য অধিনায়কের মতোই উচ্ছ্বাসে কিছুটা রাশ টেনেছেন ডিয়েগো লুগানো, ‘এখনো অনেক দূর যেতে হবে। সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে আমরা হারিয়েছি, তবে এখনো কিন্তু কোনো কিছু অর্জন করিনি!’ ওয়েবসাইট।