সেই ৫ মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলে খেলার চেয়েও অন্য কারণে বড় হয়ে ওঠা কিছু স্মরণীয় মুহূর্ত 
ম্যারাডোনার সেই গোল

ম্যারাডোনার সেই গোল
ম্যারাডোনার সেই গোল

একটা আসরে সব আলো কেড়ে নিয়েছিলেন একজন৷ তাঁর মতো এক আসরে এত বেশি প্রভাব দেখাতে পারেননি আর কোনো খেলোয়াড়ই, যেন সাজানো চিত্রনাট্য মেনে চলেছেন সব৷ আর সেই চিত্রনাট্য লিখেছেন ম্যারাডোনা নিজেই৷ ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাত্র চার মিনিটের ব্যবধানে এমন দুটি গোল করেছেন, যেগুলো নিয়ে আলোচনা হবে আরও কয়েক প্রজন্ম ধরে৷ এর প্রথম গোলটি যদি হয় শিল্পিত-চাতুর্যের, দ্বিতীয় গোলটি যেন বিখ্যাত চিত্রকরের শ্রেষ্ঠতম সৃষ্টি৷ এমনিতে রাজনৈতিক আগুনের আঁচে উত্তপ্ত হয়ে ছিল ম্যাচটি৷ ম্যারাডোনা প্রথমে ৫১ মিনিটে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে তো বটেই, রেফারির চোখকেও ফাঁকি দিয়ে হাত দিয়ে বল ঠেলেন জালে৷ এই প্রতারণার জন্য নয়, মানুষ যেন অন্য কারণে ম্যাচটি মনে রাখে, সেই প্রতিজ্ঞা থেকেই কিনা ৫৫ মিনিটে ছয় ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে ম্যারাডোনা করেন দ্বিতীয় গোলটি৷ প্রথমটি ‘হ্যান্ড অব গড’ এবং দ্বিতীয়টি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে বিখ্যাত হয়ে আছে৷
সৌভ্রাতৃত্বের প্রতীক

সৌভ্রাতৃত্বের প্রতীক
সৌভ্রাতৃত্বের প্রতীক

খেলা শেষ পর্যন্ত খেলাই৷ কিন্তু ফুটবল খেলার সঙ্গে এত আবেগ, স্বপ্ন আর মর্যাদা জড়িয়ে থাকে বলেই শেষ পর্যন্ত নিখাদ খেলার লক্ষণ রেখা পেরিয়ে যায়৷ এ কারণেই খেলার মধ্যে কখনো কখনো ‘মহারণ’ ‘দামামা’ ‘যুদ্ধ’ শব্দগুলো ঢুকে পড়ে৷ ফুটবল মাঠে দেখা যায় অপ্রীতিকর ঘটনা৷ দুই দলের হাতাহাতির কারণে বিশ্বকাপ ফুটবলে তো দুটি ম্যাচ ‘ব্যাটল অব সান্তিয়াগো’ আর ‘ব্যাটল অব ন্যুরেমবার্গ’ নামে কুখ্যাত হয়ে আছে৷ ফাইনালের মতো ধ্রুপদি ম্যাচে পড়েছে ঢুস-কেলেঙ্কারির কালো ছোপ৷ তবে ১৯৭০ বিশ্বকাপে পেলে ও ববি মুরের জার্সি বদল হয়ে আছে সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে৷ ফুটবলের সর্বকালের অন্যতম সেরা দুই কিংবদন্তিরই সেটাই ছিল শেষ বিশ্বকাপ৷ শেষ মুখোমুখি লড়াই৷

মিলার
মিলার

মিলার উদ্যাপন
অবসর নেওয়ার বয়স হয়ে গিয়েছিল৷ রজার মিলা অবসর নিয়েও ছিলেন৷ কিন্তু জাতীয় দলের ডাক অগ্রাহ্য করতে পারেননি৷ ৩৮ বছর বয়সে চলে এসেছিলেন বিশ্বকাপ খেলতে৷ আর তাতেই ইতিহাস! ১৯৯০ বিশ্বকাপে চমকের নাম ছিল ক্যামেরুন৷ প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে চমকেই শুরু৷ শেষ পর্যন্ত প্রথম আফ্রিকান দল হিসেবে চলে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে৷ হয়তো শেষ চারেও উঠত৷ পশ্চিম জার্মানি যে পেয়েছিল দুটি পেনাল্টি৷ তবে মন জিতে নিয়েছিল মিলার দল৷ মিলা নিজে ওই বুড়ো বয়সে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল৷ আর দুটি গোল করেই কর্নার ফ্ল্যাগ ধরে নেচে উঠেছিলেন আফ্রিকান ছন্দে৷ মিলার সেই উদ্যাপন বিখ্যাত হয়ে আছে আজও৷

বেবেতোর গোল উদযাপন
বেবেতোর গোল উদযাপন

বেবেতোর গোল উদ্যাপন
১৯৯৪ বিশ্বকাপ৷ সব আলো রোমারিওর ওপর৷ কিন্তু রোমারিও-দ্যুতিতে ম্লান বেবতো একটা ম্যাচে সব আলো চুরি করে নিলেন৷ কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের সঙ্গে খেলা পড়ল ব্রাজিলের৷ প্রথম গোলটা রোমারিওই করলেন৷ কিন্তু দ্বিতীয় গোল এল বেবেতোর কাছ থেকে৷ গোলের পর সোজা সাইডলাইনে দৌড়ে গেলেন বেবেতো৷ সঙ্গে দুই সতীর্থ রোমারিও ও মাজিনহো৷ তিনজনে মিলে অদৃশ্য এক শিশুকে কোলে নিয়ে দোলাতে লাগলেন৷ পরে জানা গেল, এই ম্যাচের মাত্র কদিন আগে বেবেতো পুত্রসন্তানের বাবা হয়েছেন৷ সন্তানের জন্ম উদ্যাপন করতে এই ভঙ্গি এরপর ফুটবলে অনুকরণ করা হয়েছে হাজারোবার৷ বেবেতোর সেই ছেলের নাম ম্যাথিয়াস৷ ১৯ বছর বয়সী সেই ম্যাথিয়াস এরই মধ্যে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে শুরু করেছে ক্যারিয়ার৷

জিদানের ঢৃস
জিদানের ঢৃস

জিদানের ঢুস
২০০৬ বিশ্বকাপ জিনেদিন জিদানের সামনে স্বর্গের সিঁড়ি নামিয়ে দিয়েছিল৷ অপেক্ষা ছিল শুধু সেই সিঁড়ি বেয়ে ওঠার৷ পেলে তিনটি বিশ্বকাপ জিতেছেন, ম্যারাডোনাও একাই এক বিশ্বকাপ জিতিয়েছেন বটে, কিন্তু প্রায় একার চেষ্টায় দেশকে দুটি বিশ্বকাপ জেতানোর কৃতিত্ব কারও নেই৷ সেটাই হতে পারত জিদানের৷ কিন্তু ক্ষণিকের মেজাজ হারিয়ে মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে বসলেন৷ স্বর্গের সিঁড়িটা মিলিয়ে গেল হাওয়ায়!