সেই 'গোয়ালার'ভাগ্য বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনার ভ্যালেন্সিয়া: পাচুকা থেকে ওয়েস্ট হাম
এনার ভ্যালেন্সিয়া: পাচুকা থেকে ওয়েস্ট হাম

বিশ্বকাপ এমন অনেক ফুটবলারকেই চিনিয়েছে, যাঁদের কেউ আগে সেভাবে চিনত না। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আলো ছড়ানোর পর ইউরোপের দলবদলের বাজারে তাঁদের চাহিদা বাড়া স্বাভাবিক। গোল্ডেন বুট পাওয়া হামেস রদ্রিগেজের জন্য যেমন নয় কোটি ইউরো দাবি করছে মোনাকো। বিশ্বকাপের আরেক আবিষ্কারকে নিয়ে এল ওয়েস্ট হাম ইউনাইটেড।
কে তিনি? এনার ভ্যালেন্সিয়া। নিশ্চয়ই তাঁর কথা অনেকের মনে আছে? গোয়ালা থেকে ফুটবলার বনে গিয়েছিলেন ‘ছোট’ ভ্যালেন্সিয়া। বিশ্বকাপে দুই ম্যাচেই তিন গোল করে গোল্ডেন বুটের লড়াইয়েও ছিলেন। দল বাদ পড়ে যাওয়ায় ভ্যালেন্সিয়াও ছিটকে গেছেন, তবে বিশ্বমঞ্চে নিজেকে ঠিকই চিনিয়েছেন। সেই ভ্যালেন্সিয়াকে এবার মেক্সিকোর ক্লাব পাচুয়া থেকে নিয়ে এল ওয়েস্ট হাম। দুই পক্ষের চুক্তি পাঁচ বছরের, চুক্তির অঙ্ক কত তা অবশ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সেটা এক কোটি ৫০ লাখ ইউরোর কাছাকাছি। গুঞ্জনটা সত্যি হলে এটা হবে ওয়েস্ট হামের ইতিহাসের সবচেয়ে দামি দলবদল।
বাকারি সানিয়া চলে যাওয়ার পর আর্সেনাল রাইটব্যাকে একটু শূন্যতা তৈরি হয়েছিল। ম্যাথু ডেবুশিকে নিয়ে আসায় সেটা এখন মুছে গেছে। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে নিয়মিত খেলেছিলেন নিউক্যাসলের রাইটব্যাক। তাঁকে দলে আনার জন্য এক কোটি ৩০ লাখ ইউরো খরচ করেছে আর্সেনাল।
ডেবুশির জায়গায় নিউক্যাসল নিয়ে এসেছে বিশ্বকাপের আরেক আবিষ্কার ডাচ রাইটব্যাক ড্যারিল জানমাতকে। শোনা যাচ্ছে, জানমাতের জন্য ফেইনুর্দকে ৫০ লাখ ইউরো দিতে হয়েছে নিউক্যাসলকে।
ওদিকে কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন রিও ফার্ডিনান্ড। বিশ্বকাপে জায়গা পাননি, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত মৌসুমেই। সেই সুযোগে কিউপিআর অবশ্য মুফতেই পেয়েছে ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারকে। নতুন ক্লাবে ফার্ডিনান্ডের সঙ্গে পুনর্মিলনী হবে হ্যারি রেডনাপের। রেডনাপের অধীনে ওয়েস্ট হামেই প্রথম আলো ছড়িয়েছিলেন ফার্ডিনান্ড।
অনেকটা নীরবেই ইংল্যান্ড থেকে বিদায় নিয়েছেন আরেকজন। দুই মৌসুম আগে সোয়ানসির হয়ে দুর্দান্ত খেলেছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড মিচু। গত মৌসুমে চোটের কারণে সেভাবে আলো ছড়াতে পারেননি। এবার তাঁকে ধারে ইতালিয়ান ক্লাব নাপোলিতে পাঠিয়ে দিল সোয়ানসি। ইংলিশ এই ক্লাবের হয়ে ৬৩ ম্যাচ খেলে ২৮ গোল করেছেন মিচু। ইএসপিএনসকারনেট, গোলডটকম।