সেই 'জেমস বন্ড' আর নেই
এক বছর আগে পুরো বিশ্ব মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছে তাঁর পারফরম্যান্স। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নকল রানি এলিজাবেথকে সঙ্গী করে জেমস বন্ডের ছদ্মবেশে প্যারাস্যুটে করে আকাশ থেকে নেমে এসেছিলেন মার্ক সাটন। নকল ডানায় ভর করে আকাশে উড়ে বেড়ানো, উঁচু উঁচু পাহাড়-পর্বত থেকে ঝাঁপিয়ে পড়া, বিপজ্জনক এসব কাজই ছিল তাঁর কাছে ছেলেখেলা। সেই ছেলেখেলাই বিপদ ডেকে আনল। বুধবার সুইজারল্যান্ডে উইং-ডাইভিং করতে গিয়ে নিহত হয়েছেন ৪২ বছর বয়সী সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা।
সুইজারল্যান্ডের পুলিশ কাল নিশ্চিত করেছে সাটনের মৃত্যুসংবাদ। ফ্রান্সের সীমান্তবর্তী আল্পস পর্বতের ভালে অঞ্চলে হয়েছে দুর্ঘটনাটি। ৩৩০০ মিটার উঁচুতে উঠে হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়েছিলেন। পরিকল্পনা ছিল কিছুদূর বাতাসে ভেসে বেড়ানোর পর প্যারাস্যুট খুলে নেমে আসবেন। কিন্তু তা আর হয়নি, ঘণ্টায় ২০০ থেকে ২৫০ কিলোমিটার গতিতে মাটিতে আছড়ে পড়ে তাত্ক্ষণিক মারা যান সাটন।
এ ধরনের ‘এক্সট্রিম স্পোর্টে’ মৃত্যু অবশ্য স্বাভাবিক ঘটনা। ফ্রান্স তো বেশ কয়েকবারই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে খেলাটিকে। এএফপি।