সেই 'লন্ডভন্ডস্কি'ই এবার নেই
৫৫ থেকে ৬৬—মাত্র ১১ মিনিটে রিয়াল মাদ্রিদের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গিয়েছিল। যে ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল রিয়ালের ‘লা দেসিমা’র স্বপ্ন। সেই বরুসিয়া ডর্টমুন্ড যখন চ্যাম্পিয়নস লিগে আবার রিয়ালের সামনে, গতবারের স্মৃতি ফিরে না আসার উপায়ই নেই। সেমিফাইনালে প্রথম লেগে ৮ মিনিটে গোলের খাতা খোলার পর ওই ১১ মিনিটে আরও তিন গোল—রবার্ট লেভানডফস্কি একাই উড়িয়ে দিয়েছিলেন রিয়ালকে।
এবারের লড়াইটা অবশ্য হচ্ছে কোয়ার্টার ফাইনালে। আগামীকালের ম্যাচটিতে পার্থক্য আরেকটা আছে—প্রথম লেগে সেই লেভানডফস্কিই এবার নেই! হলুদ কার্ডের খাঁড়ায় শেষ আটের প্রথম লেগে নিষিদ্ধ বরুসিয়ার এই স্ট্রাইকার। বরুসিয়াকে ‘সুপার শপ’ বানিয়ে ভালো ভালো সব খেলোয়াড় বায়ার্ন মিউনিখের ভাগিয়ে নেওয়ার তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন লেভানডফস্কিও। এই মৌসুম শেষেই বায়ার্নে যোগ দেবেন। তবে এই মৌসুমেও বরুসিয়ার মূল ভরসা যে তিনিই, সেটাই বলছে ৩৮ ম্যাচে ২৩ গোলের পরিসংখ্যান। শেষ ষোলোর প্রথম লেগে তাঁর জোড়া গোলই বড় ভূমিকা রেখেছেন বরুসিয়াকে শেষ আটে তুলতে।
গতবার গ্রুপ পর্বেও বরুসিয়ার মুখোমুখি হয়েছিল দুবার। নিজেদের মাঠে ২-১ গোলে জেতার পর সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ২-২ ড্র করেছিল বরুসিয়া। তবে গতবারের বরুসিয়া আর এবারের বরুসিয়ার মধ্যে অনেক পার্থক্য। বায়ার্ন শুধু নিজেদের শক্তিই বাড়ায়নি, বরুসিয়াকেও শক্তিহীন করে দিয়েছে। রিয়াল তাই স্পষ্টই ফেবারিট।
লিগ স্বপ্ন বড় ধাক্কা খাওয়ার পর ‘দেসিমা’ বা ‘দশম’ শিরোপার মিশনটিতে তাই বেশি মনোযোগও দিতে হচ্ছে রিয়ালকে। ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল তাদের সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল সেই ২০০২ সালে। এবার যেকোনো সময়ের চেয়ে রিয়াল তাই মরিয়া। হোসে মরিনহোকে এনেও সুফল না পাওয়ায় তারা দ্বারস্থ হয়েছে আরেক চ্যাম্পিয়নস লিগ বিশেষজ্ঞ কার্লো আনচেলত্তির, খেলোয়াড় ও কোচ হিসেবে মিলানের হয়ে যে শিরোপা তিনি জিতেছেন চারবার।
আনচেলত্তিও আশার ফুলে ফেঁপে ওঠা পালটি দেখতে পাচ্ছেন স্পষ্ট, ‘বুধবার (আগামীকাল) বার্নাব্যুতে অসাধারণ একটা আবহ থাকবে। কারণ আমাদের সবারই স্বপ্ন একটাই—দ্য দেসিমা। সবাই দলের পেছনে একতাবদ্ধ হয়ে থাকলে আমরা অবশ্যই জিতব। একসঙ্গে হলে একটা স্বপ্নপূরণ অবশ্যই সম্ভব।’
ক্যাপ। গতবার রিয়ালের স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া লেভানডফস্কির আগামীকাল থাকছেন না